হকার উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের দাবিতে খুলনায় নগর ভবন ঘেরাও, প্রশাসকের কাছে স্মারকলিপি
খুলনা মহানগরীতে হকার উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের দাবিতে নগর ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন হকাররা। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শত শত হকার।
এ সময় সড়কে ব্যারিকেড দিয়ে বসে পড়ায় কেডি ঘোষ রোডের ডিসি অফিস থেকে সোসাইটি সিনেমা হল পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর কাছে দাবি-সংবলিত স্মারকলিপি দেন খুলনা মহানগর হকার্স ইউনিয়নের নেতারা।
স্মারকলিপিতে হকার নেতারা বলেন, নগরীর বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষ ছোট দোকান বসিয়ে ব্যবসা করেন। এটাই তাদের জীবিকার প্রধান অবলম্বন। কিন্তু গত কয়েক সপ্তাহে ডাকবাংলা, খালিশপুর, দৌলতপুর ও নিরালাসহ বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদ করা হয়েছে।
তখন প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে সাময়িকভাবে এ কার্যক্রম চালানো হচ্ছে বলে জানানো হয়েছিল। কিন্তু সেই আশ্বাসের প্রতিফলন দেখা যাচ্ছে না বলে স্মারকলিপিতে উল্লেখ করেন হকার নেতারা।
তারা বলেন, রাস্তা ও ফুটপাত যানবাহন চলাচল এবং পথচারীদের ব্যবহারের জন্য—এ বিষয়ে তারা একমত। তবে বড় দোকানগুলোর পণ্য ফুটপাতে সাজিয়ে রাখার কারণে চলাচলের জায়গা সংকুচিত হচ্ছে। অন্যদিকে, হকাররা পুলিশ প্রশাসনের সম্মতিতে নির্দিষ্ট স্থানে ব্যবসা করেন বলে দাবি করেন তারা।
হকারদের ভাষ্য, তাদের দোকানের প্রধান ক্রেতা নগরীর নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। স্বল্প আয়ে প্রয়োজনীয় পণ্য কেনার ক্ষেত্রে এসব দোকানের ওপর নির্ভর করেন তারা। ফলে হকারদের ব্যবসা শুধু তাদের জীবিকার সংস্থান নয়, নগরী ও আশপাশের উপজেলা-গ্রামের মানুষের কেনাকাটারও একটি মাধ্যম।
স্মারকলিপিতে খালিশপুর, দৌলতপুর ও ডাকবাংলাসহ আগের স্থানগুলোতে হকারদের ব্যবসার সুযোগ ফিরিয়ে দেওয়া, যথাযথ নীতিমালা ছাড়া উচ্ছেদ বন্ধ এবং অভিযানের সময় মালামাল নষ্ট বা লুটপাট রোধের দাবি জানানো হয়।
পাশাপাশি কে কোথায় ও কীভাবে ব্যবসা করবেন, সে বিষয়ে সিটি করপোরেশনের নীতিমালা প্রণয়নের আহ্বান জানান তারা।
খুলনা মহানগর হকার্স ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও নগর কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান বাবু বলেন, দাবি জানিয়ে প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে নগর ভবনের সামনে লাগাতার অবস্থান ও অনশন কর্মসূচি পালন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন হকার্স ইউনিয়নের সভাপতি সালেহ মোহাম্মাদ তালহা, সাধারণ সম্পাদক মো. সানু, বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফ আলী ও টিইউসি নেতা এস এম চন্দনসহ অন্যরা।
স্মারকলিপি গ্রহণ করে সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
