আজ শপথ নিচ্ছে ইসরায়েলের নতুন পার্লামেন্ট, সরকার গঠনের চেষ্টায় আইজেনকোট

সরকার গঠনের নতুন সমীকরণের মধ্যেই আজ শপথ নিতে যাচ্ছে ইসরায়েলের ১২০ সদস্যের নতুন পার্লামেন্ট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর মুখে থাকায় নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক তৎপরতা বেড়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টায় নতুন পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। এই অনুষ্ঠানের মধ্য দিয়েই নতুন নেসেটের যাত্রা শুরু হবে।
নতুন সংসদে নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী পক্ষ—কোনো পক্ষেরই একক সংখ্যাগরিষ্ঠতা নেই। ফলে সরকার গঠনের জন্য জোটের সমীকরণই এখন নির্ধারক হয়ে উঠেছে।
এর আগে প্রেসিডেন্ট হারজোগ বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব দিয়েছেন। এ জন্য তাঁকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যাবে।
আইজেনকোট ইতিমধ্যে জোট সরকার গঠনের চেষ্টা শুরু করেছেন। তাঁর নেতৃত্বে বিরোধী দলগুলোকে একত্র করে সরকার গঠনের সম্ভাবনা যাচাই করা হচ্ছে।
এদিকে নতুন পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদ বণ্টন নিয়েও বিরোধী জোটের মধ্যে সমঝোতা এগিয়েছে। আইজেনকোট জানিয়েছেন, তাঁর রাজনৈতিক জোটের নেতাদের সঙ্গে আলোচনার পর পরবর্তী নেসেটের স্পিকার হিসেবে তাঁর দলের নেতা মাতান কাহানাকে নিয়োগ দেওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পার্লামেন্টের যাত্রা শুরুর মধ্য দিয়ে ইসরায়েলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক সমীকরণ আরও স্পষ্ট হওয়ার অপেক্ষা তৈরি হয়েছে। স্পিকার পদে ঐকমত্য বিরোধী জোটের মধ্যে সমন্বয়ের একটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
এখন দেখার বিষয়, নির্ধারিত সময়ের মধ্যে আইজেনকোট জোট সরকার গঠন করতে পারেন কি না, নাকি রাজনৈতিক অচলাবস্থা আরও গভীর হয়।


