ঢাকা মেডিকেলের নতুন ভবনে এসআরবির অভিযান, আটক ১১ দালালের ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ১০ তলা ভবনে দালাল নির্মূলে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে স্পেশাল রিজার্ভ ফোর্স (এসআরবি)-৩। পরে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৩-এর মেজর নাঈমের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক ১১ জন যাচাই-বাছাইয়ে হাসপাতালে আসার উপযুক্ত কারণ বা প্রয়োজনীয় প্রমাণ দেখাতে পারেননি। এসআরবির তদন্তে তাঁদের বিরুদ্ধে হাসপাতালের রোগীদের হয়রানি করে অবৈধভাবে অর্থ উপার্জনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি উঠে আসে।
পরে এসআরবি ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আলামিন (৩২), মোয়াজ্জেম (৫০), ইমন (২৮), সাদ্দাম (৩৫), শহিদুল মোল্লা (৩৭), আল শাহরিয়ার হোসেন বাপ্পি (৩০), সিফাত (২২), শাকিল (২২), নূরনবী (২৭) ও হেলাল (৩২)।
হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের তৎপরতা বন্ধ এবং রোগী ও স্বজনদের হয়রানি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




