আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভোটের আগেই ব্যালটের ছবি ফেসবুকে, ব্যালটের ছবি চেয়ে হোয়াটসঅ্যাপ বার্তার অভিযোগ

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচন ঘিরে ভোটগ্রহণের আগেই একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে।
ভোটের আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ব্যালট পেপারের ছবি। অন্যদিকে ভোটারদের নির্দিষ্ট প্যানেলে ভোট দিতে অনুরোধ জানিয়ে ভোট দেওয়ার প্রমাণ হিসেবে ব্যালটের ছবি পাঠানোর নির্দেশনা দিয়ে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে হলুদ প্যানেলের বিরুদ্ধে।
এসব ঘটনায় নির্বাচনের স্বচ্ছতা, ভোটের গোপনীয়তা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটাররা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচনে মূলত তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এগুলো হলো বিএনপি সমর্থিত অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব), জামায়াত সমর্থিত ইঞ্জিনিয়ার্স ফোরাম এবং বিএনপি সমর্থিত অপর অংশের ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স প্যানেল।
আইইবি চট্টগ্রাম কেন্দ্রে একজন চেয়ারম্যান, দুজন ভাইস চেয়ারম্যান, একজন সম্মানী সম্পাদক, চারজন সেন্ট্রাল কাউন্সিলর ও ৩০ জন লোকাল কাউন্সিলর নির্বাচিত হবেন।
এ্যাব প্যানেল থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম এবং সম্মানী সম্পাদক পদে প্রকৌশলী রাশেদ আলম। ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স প্যানেল থেকে চেয়ারম্যান পদে লড়ছেন ওয়াসার চট্টগ্রামের সাবেক প্রধান প্রকৌশলী ইয়াকুব সিরাজ উদ্দৌলা এবং সম্মানী সম্পাদক পদে সিইউএফএলের উপপ্রধান প্রকৌশলী মুনতাসীর মামুন মুন্না। অন্যদিকে জামায়াত সমর্থিত প্যানেল থেকে চেয়ারম্যান ও সম্মানী সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রকৌশলী মনজারে খোরশেদ আলম ও প্রকৌশলী মেজবাউদ্দিন খালেদ।
নির্বাচন ঘিরে প্রথম অভিযোগটি সামনে আসে ব্যালট পেপারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে। ভোটগ্রহণের আগেই এই নির্বাচনী নথির ছবি ফেসবুকে প্রকাশ্যে আসায় প্রার্থী ও ভোটারদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী জানান, ভোটের আগমুহূর্তে ব্যালট পেপারের ছবি ছড়িয়ে পড়া পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলেছে। নির্বাচনী নথির গোপনীয়তা রক্ষায় দায়িত্বপ্রাপ্তদের নজরদারিতে ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাঁরা ব্যালট ছড়িয়ে পড়ার উৎস শনাক্ত করে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করেন।
এ ঘটনার মধ্যেই ভোটারদের কাছে পাঠানো একটি হোয়াটসঅ্যাপ বার্তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বুধবার রাতে বেশ কয়েকজন ভোটারের কাছে পাঠানো ওই বার্তায় হলুদ প্যানেলকে ভোট দেওয়ার অনুরোধ জানানো হয়। বার্তায় ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সদস্য এবং সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীদের বিশেষভাবে হলুদ প্যানেলের পক্ষে ভোট দিতে বলা হয়েছে বলে জানা গেছে।
শুধু ভোট দেওয়ার অনুরোধই নয়, ভোট প্রদান শেষে সমর্থনের বিষয়টি নিশ্চিত করতে ব্যালট পেপারের ছবি এ্যাবের সদস্য সচিব প্রকৌশলী শোয়ের বাশারী হাবলুর মুঠোফোন নম্বরে পাঠানোর কথাও উল্লেখ রয়েছে ওই বার্তায়। কয়েকজন ভোটারের কাছ থেকে পাওয়া বার্তার স্ক্রিনশটের ভিত্তিতে এই অভিযোগ সামনে এসেছে।
একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলেন, এ ধরনের নির্দেশনা সত্য হলে তা ভোটের গোপনীয়তা ও ভোটারের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকারের পরিপন্থী। বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীদের ব্যালটের ছবি পাঠাতে বলা হলে তাঁদের ওপর কোনো ধরনের প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক চাপ তৈরির আশঙ্কা থাকে। তাঁদের ভাষ্যে, ভোটারকে নিজের পছন্দের প্রার্থীকে গোপনে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা নির্বাচনের অন্যতম মৌলিক শর্ত।
এদিকে ব্যালট পেপারের ছবি ছড়িয়ে পড়ার বিষয়ে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী মো. নুরুল আলমকে ফোন করা হলে তিনি প্রশ্ন শুনেই রেগে ওঠেন। পাশাপাশি এ বিষয়ে আগামীকাল সকাল নয়টার পর কথা বলবেন বলেও জানান তিনি।

