কুড়িগ্রামের রাজারহাটে কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে অনশনে তরুণী, তালা দিয়ে সরে গেল পরিবার
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের পুঠিকাটা গ্রামে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন সাদিয়া আক্তার মীম (২১) নামে এক তরুণী। তাঁর হাতে বিয়ের কাবিননামা থাকলেও স্বীকৃতি মিলছে না বলে তিনি অভিযোগ করেছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার (১১ নভেম্বর) দুপুরে পুঠিকাটা গ্রামে। মীমের অনশনের খবর পেয়ে স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে তালা ঝুলিয়ে অন্যত্র চলে গেছেন বলে অভিযোগ উঠেছে।
সাদিয়া আক্তার মীম রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি ফারাজীপাড়া গ্রামের আবু সাইদ মিয়ার মেয়ে। স্বামী হিসেবে তিনি দাবি করছেন পুঠিকাটা গ্রামের ইউসুফ আলীর ছেলে ইমদাদুল হক রিয়াদকে (২৪)।
মীম জানান, ২০২০ সালে রিয়াদের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চলতি বছরের ১০ অক্টোবর লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কাজি মো. ফয়জার রহমানের বাড়িতে নিকাহনামার মাধ্যমে বিয়ের অঙ্গীকারনামা সম্পাদিত হয়। এতে ১৩ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়।
তিনি আরও জানান, এর আগে ২০২৩ সালেও তাঁদের বিয়ে হয়েছিল। তবে বয়স কম থাকায় রিয়াদের পরিবার সেই বিয়ে মেনে নেয়নি।
মীমের ভাষ্য অনুযায়ী, বিয়ের পরও গত এক মাস ধরে রিয়াদ তাঁকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। পরিবারের চাপে রিয়াদ তাঁকে এড়িয়ে চলছেন। কোনো উপায় না পেয়ে কাবিননামা ও সম্পর্কের বিভিন্ন প্রমাণ সঙ্গে নিয়ে তিনি স্বামীর বাড়িতে এসে অনশনে বসেছেন। স্বীকৃতি ও অধিকার না পেলে আত্মহত্যার পথ বেছে নেওয়ার কথাও তিনি বলেছেন।
মীমের অনশনের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, মেয়েটি বাড়িতে যাওয়ার পর রিয়াদের পরিবারের সদস্যরা বাড়িতে তালা ঝুলিয়ে অন্যত্র চলে যান। স্থানীয়দের মতে, দুজনই প্রাপ্তবয়স্ক, তাই তাঁদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত এবং বিষয়টি যাচাই করে মেয়েটির ভবিষ্যৎ ও নিরাপত্তা নিশ্চিত করা দরকার।
প্রতিবেশী হায়দার আলী বলেন, মেয়েটি দুপুরে এসেছে এবং ছেলের বাড়িতেও ঢুকেছিল। তবে ছলেবলে তাঁকে দূরে সরিয়ে দিয়ে বাড়িতে তালা ঝুলিয়ে ছেলের মা-বাবা চলে গেছেন। রাত হয়ে গেলেও তাঁদের কোনো খোঁজখবর নেই বলে তিনি জানান।
একই গ্রামের আব্দুস সালাম বলেন, মেয়েটির কাছে কাবিননামা আছে। ছেলের সঙ্গে দীর্ঘদিন কথা হয়েছে, সেসব প্রমাণও তিনি সঙ্গে করে নিয়ে এসেছেন। তাঁর ভাষায়, ছেলে এই মেয়েকে চায়, কিন্তু পরিবারের চাপে পালিয়ে গেছে।
এ বিষয়ে অভিযুক্ত রিয়াদ ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, অনশনের ঘটনা সম্পর্কে তাঁর জানা নেই। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
