…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

জলবায়ু অভিযোজনে সর্বোচ্চ ৩ কোটি ডলার অর্থায়নের জন্য নির্বাচিত বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে সর্বোচ্চ ৩০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের জন্য নির্বাচিত করেছে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ)। এ অর্থ দিয়ে উপকূলীয় সুরক্ষা জোরদার, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ চলাকালে এ ঘোষণা দেয় সিআইএফ। সংস্থাটির নতুন প্রজন্মের জলবায়ু সহনশীলতা কর্মসূচি ‘অ্যারাইজ’-এর প্রথম পর্যায়ে বাংলাদেশসহ পাঁচটি দেশ এবং একটি আঞ্চলিক প্রকল্প নির্বাচিত হয়েছে।

অ্যারাইজের পূর্ণ নাম ‘অ্যাক্সিলারেটিং রেজিলিয়েন্স ইনভেস্টমেন্টস অ্যান্ড ইনোভেশনস ফর সাসটেইনেবল ইকোনমিজ’। এ কর্মসূচির আওতায় প্রতিটি নির্বাচিত দেশ সর্বোচ্চ ৩০ মিলিয়ন ডলার অর্থায়নের জন্য বিনিয়োগ পরিকল্পনা তৈরি করতে পারবে, আর আঞ্চলিক প্রকল্পের জন্য সর্বোচ্চ ৪০ মিলিয়ন ডলার চাওয়া যাবে।

বাংলাদেশ ছাড়া প্রথম পর্যায়ে নির্বাচিত হয়েছে কিরগিজ প্রজাতন্ত্র, হাইতি, মরক্কো ও সিয়েরা লিওন। পাশাপাশি মালাউই ও মোজাম্বিককে নিয়ে একটি আঞ্চলিক কর্মসূচি নেওয়া হয়েছে।

সিআইএফ জানিয়েছে, এ কর্মসূচির জন্য বিভিন্ন দেশ থেকে ৭০০ মিলিয়ন ডলারের বেশি সম্ভাবনাময় বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে, যার মধ্যে ২৫টি প্রস্তাবকে বিনিয়োগের উপযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। কৃষি ও খাদ্যব্যবস্থা, পানির নিরাপত্তা, অবকাঠামো, জ্বালানি, উপকূলীয় সুরক্ষা, সামুদ্রিক অর্থনীতি, প্রাকৃতিক সম্পদ ও সামাজিক সুরক্ষা খাতে এসব বিনিয়োগের সুযোগ রয়েছে।

বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বৃহস্পতিবার জলবায়ু সম্মেলনের এক অনুষ্ঠানে বলেন, সিআইএফের অ্যারাইজ কর্মসূচির প্রথম পর্যায়ের অংশীদার দেশগুলোর একটি হতে পেরে বাংলাদেশ স্বাগত জানাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের লক্ষ্য এমন একটি জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলা, যেখানে অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষা পাশাপাশি এগিয়ে যাবে। অ্যারাইজের মাধ্যমে উপকূলীয় প্রতিরক্ষা শক্তিশালী করা, বড় পরিসরে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং সবচেয়ে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য অভিযোজনমূলক বিনিয়োগ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

সিআইএফ জানায়, গত বছর কপ৩০-এ অ্যারাইজ কর্মসূচি চালু করা হয়। শুরুতে জার্মানি, স্পেন ও আয়ারল্যান্ড এ কর্মসূচিতে ১০০ মিলিয়ন ডলারের বেশি অর্থায়নের প্রতিশ্রুতি দেয়। সম্প্রতি যুক্তরাজ্যও যুক্ত হয়েছে; দেশটি আগামী কয়েক বছরে সিআইএফের বিদ্যমান জলবায়ু সহনশীলতা কর্মসূচির বিনিয়োগ থেকে ফেরত পাওয়া অর্থের সর্বোচ্চ ১২৮ মিলিয়ন ডলার অ্যারাইজে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সিআইএফের প্রধান নির্বাহী কর্মকর্তা তারিয়ে গবাদেসেগিন বলেন, উন্নয়নশীল দেশগুলো খাদ্য, পানি, বিদ্যুৎ, বন ও উপকূল রক্ষায় জরুরি ভিত্তিতে বাস্তবায়নযোগ্য ৭০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ প্রস্তাব দিয়েছে। নির্বাচিত দেশগুলোকে জার্মানি, স্পেন ও আয়ারল্যান্ডের সহায়তায় প্রয়োজনীয় অর্থায়ন দেওয়া হবে বলেও জানান তিনি।

এশীয় উন্নয়ন ব্যাংকের জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিভাগের পরিচালক নোয়েল ও’ব্রায়েন বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অ্যারাইজ গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। বাংলাদেশ ও কিরগিজ প্রজাতন্ত্র নির্বাচিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এসব দেশের সঙ্গে কাজ করে জলবায়ু সহনশীলতা বাড়াতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে এডিবি।

জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক মন্ত্রী রিম আলাবালি রাদোভান বলেন, জলবায়ু সহনশীলতাকে সরকারি পরিকল্পনার অংশ করা এবং অবকাঠামোকে জলবায়ু ঝুঁকির উপযোগী করে গড়ে তোলা জরুরি। সিআইএফের অর্থায়নে ইতিমধ্যে ৬ কোটি ৫০ লাখ মানুষের জলবায়ু সহনশীলতা বাড়ানো সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সিআইএফের মতে, অ্যারাইজের মাধ্যমে স্বল্প সুদের ও সহজ শর্তের অর্থায়ন কৌশলগতভাবে ব্যবহার করে সরকারি ও বেসরকারি খাতের বড় বিনিয়োগ আকৃষ্ট করা হবে। এর লক্ষ্য শুধু জলবায়ু ঝুঁকি মোকাবিলা নয়, বরং মানুষের জীবিকা সুরক্ষা, গুরুত্বপূর্ণ খাতগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

নারী যাত্রীদের জন্য ১০০টি পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস কিনছে সরকার, বরাদ্দ ৪০০ কোটি টাকা

নারী যাত্রীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনতে যাচ্ছে সরকার।…

আবহাওয়া ও পরিবেশ

দক্ষিণ বঙ্গোপসাগরের লঘুচাপ এখন সুস্পষ্ট, ৪৮-৭২ ঘণ্টায় ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, সিস্টেম…

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ঢাকায় সাইকেল র‍্যালি, অংশ নিল ৩৫ সংগঠন
আবহাওয়া ও পরিবেশ

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ঢাকায় সাইকেল র‍্যালি, অংশ নিল ৩৫ সংগঠন

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য ঐতিহাসিক দায়ের ভিত্তিতে ন্যায্য ক্ষতিপূরণ এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিতে শনিবার (১৪ নভেম্…

শৈশবে দেখা সিডরের স্মৃতি নিয়ে তুরস্কে কপ-৩১ মঞ্চে বরগুনার তরুণ মুন্না
আবহাওয়া ও পরিবেশ

শৈশবে দেখা সিডরের স্মৃতি নিয়ে তুরস্কে কপ-৩১ মঞ্চে বরগুনার তরুণ মুন্না

শৈশবে চোখের সামনে দেখেছেন প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের ধ্বংসযজ্ঞ। সেই স্মৃতি থেকেই উপকূলের মানুষের দুর্ভোগ ও জলবায়ু সংকট নিয়ে কাজের অনুপ্রেরণা পেয়েছ…