ঢাকা ও নারায়ণগঞ্জে ৩০ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ ৫ জন নিহত

রাজধানী ঢাকা ও পাশের জেলা নারায়ণগঞ্জে গত ৩০ ঘণ্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনাগুলো ঘটেছে রাজধানীর উত্তরা, গাবতলী ও মোহাম্মদপুর এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায়।
বৃহস্পতিবার ভোরে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পরিবারের সদস্যদের নিয়ে বাসে করে ঢাকার বাইরে থেকে এসে আজমপুর এলাকায় নামেন শফিকুল। পরে রাস্তা পার হওয়ার সময় একটি যানবাহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্বজনরা প্রথমে তাঁকে একটি হাসপাতালে নিয়ে যান; পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
একই দিন সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় আবুল হোসেন (২৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আবুল হোসেন সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। কর্মস্থলে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, উত্তরা ও সিদ্ধিরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক পৃথক সময়ে তাঁদের মৃত ঘোষণা করেন। এই দুই মৃত্যুর বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশকে অবহিত করা হয়েছে।
এর আগে বুধবার সকাল ১০টার দিকে রাজধানীর গাবতলীতে বাসের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত এক নারীর বড় বোন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল্লাহ কায়সার বলেন, বগুড়া থেকে ঢাকাগামী চান্দনি পরিবহনের একটি বাস গাবতলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় তিন নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দেলোরা বেগম (৬৩) ও কাজল বেগম (৪৫) নিহত হন। আহত দেলোরা বেগমের বড় বোন মনোয়ারা বেগম (৬৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ কর্মকর্তা বলেন, দেলোরা ও মনোয়ারা আপন দুই বোন। তাঁরা আগে পল্লবী এলাকায় থাকতেন, বর্তমানে সাভারে বসবাস করেন। বুধবার তাঁরা পল্লবীতে মেয়ের জামাতার দোকানে যান; সেখান থেকে মেয়ের বাসায় যাওয়ার জন্য দুই বোন হাত ধরে রাস্তা পার হচ্ছিলেন। তাঁদের পাশে এসে দাঁড়ান কাজল বেগম। একসঙ্গে রাস্তা পার হওয়ার সময় চান্দনি পরিবহনের বাসটি তাঁদের ধাক্কা দেয়।
তিনি আরও বলেন, কাজল বেগম ওই এলাকার বাসিন্দা ও গৃহিণী ছিলেন। দুই বোনের সঙ্গে তাঁর কোনো পরিচয় ছিল না; একই সময়ে রাস্তা পার হওয়ার জন্য তিনি তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন। এ ঘটনায় নিহত দুজনের মরদেহ স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে বুধবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের সামনে নির্মাণকাজে ব্যবহৃত মিক্সার গাড়ির ধাক্কায় রাকিব মীর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



