বগুড়ার জন্য একনেকে ২,৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন, করতোয়া খনন ও রেলপথ উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী
বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, জেলার সাতটি সংসদীয় আসনে সমানভাবে এসব উন্নয়ন প্রকল্পের বরাদ্দ বণ্টন করা হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী বগুড়া সফরে এসে করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ–বগুড়া রেলপথের উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বগুড়ার করতোয়া কনভেনশন সেন্টারে দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর বগুড়া সফর প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, চলতি সপ্তাহের শেষ দিকে অথবা মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী বগুড়ায় আসবেন। এ সফরে তিনি করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ–বগুড়া রেলপথের উদ্বোধন করবেন। বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন; এ জেলার উন্নয়ন ঘাটতি পূরণে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। প্রতিমন্ত্রীর ভাষায়, বগুড়ার মানুষকে প্রধানমন্ত্রী হৃদয়ে ধারণ করেন।
মীর শাহে আলম বলেন, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিষয়টি ইতোমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। এটি পাস হলে জেলায় নতুন কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, বগুড়ার সুনাম ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ করা যাবে না এবং উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মানুষের ধৈর্য খুব কম এবং অনেক সময় তারা অস্থির হয়ে পড়ে; কিন্তু উন্নয়ন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে এবং একসময় উন্নয়ন বগুড়ার মানুষকে খুঁজে নেবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, নানা চড়াই-উৎরাই পেরিয়ে দৈনিক বগুড়া এখনো মাথা উঁচু করে প্রকাশনা অব্যাহত রেখেছে। বগুড়ার উন্নয়নে ঐকমত্যের কোনো বিকল্প নেই; সামান্য বিষয় নিয়ে বিভক্ত হয়ে নিজেরাই জেলার উন্নয়ন বাধাগ্রস্ত করা হচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে তিনি আহ্বান জানান।
মীর শাহে আলম আরও বলেন, বগুড়া বাংলাদেশের সাংবাদিকতার ক্ষেত্রে অনন্য অবস্থান তৈরি করেছে এবং সাংবাদিকতায় এ জেলা অত্যন্ত সমৃদ্ধ।
দৈনিক বগুড়ার প্রকাশক ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসানাত আলী, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকতসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।
