পুনর্নির্বাচনের ইশতেহার ঘোষণা টিনুবুর, ভোটারদের আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু পুনর্নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে অর্থনীতি বাড়ানো, নিরাপত্তাহীনতা মোকাবিলা ও আবাসন সংকটের সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
১০ নভেম্বর তাঁর দল অল প্রগ্রেসিভস কংগ্রেস (এপিসি) এই ইশতেহার প্রকাশ করে। ‘ফ্রম রিফর্ম টু প্রসপারিটি’ নামের এই পরিকল্পনায় ২০৩১ সালের মধ্যে বার্ষিক ৬ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি, অতিরিক্ত ৭৮ হাজার নিরাপত্তা কর্মী এবং দুই লাখ সাশ্রয়ী বাড়ির লক্ষ্য রাখা হয়েছে।
নাইজেরিয়ায় সাধারণ নির্বাচন হওয়ার কথা ২০২৭ সালের জানুয়ারিতে। ওই নির্বাচনে টিনুবুর প্রধান চ্যালেঞ্জারদের মধ্যে রয়েছেন পিটার ওবি ও সাবেক ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবকর।
২০২৩ সালে নির্বাচিত টিনুবু প্রথম মেয়াদে জ্বালানি ভর্তুকি তুলে দেওয়া, সরকারি ও সমান্তরাল বৈদেশিক মুদ্রার হার সমন্বয় এবং কর সংস্কারসহ একাধিক অর্থনৈতিক সংস্কার করেন। আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদক দেশ নাইজেরিয়ায় এসব সংস্কার অনেক অর্থনীতিবিদের কাছে প্রয়োজনীয় মনে হলেও সাধারণ মানুষের জন্য তা কষ্টকর হয়েছে।
বাডজিআইটি ফাউন্ডেশনের প্ল্যাটফর্ম ট্র্যাকার প্রধান জশুয়া ওসিয়েমি বলেন, জ্বালানির দাম বেড়ে যাওয়ায় নাইজেরিয়ানদের ভোগ্যপণ্যের প্রায় সবকিছুর দাম বেড়ে গেছে। তাঁর সংস্থার জরিপের কথা উল্লেখ করে তিনি বলেন, বেশিরভাগ নাইজেরিয়ান পরিবার বলছে দিনে ১০ হাজার নাইরা (৭ দশমিক ৪০ ডলার) দিয়ে তাদের চলা সম্ভব হচ্ছে না।
নাইজেরিয়ার ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ের (আইসিআইআর) বিশ্লেষণে দেখা গেছে, ২০২৩ সালের মে মাসে টিনুবু দায়িত্ব নেওয়ার পর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত আমদানি করা চালের দাম বেড়েছে ১৮৪ শতাংশ। ডাল, গারি (কাসাভা আটা) ও রুটিসহ অন্যান্য নিত্যপণ্যের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তবে সংস্কারের সুফল আসতে শুরু করেছে এমন ইঙ্গিতও রয়েছে। নিরাপত্তা ঝুঁকি পরামর্শক সংস্থা এসবিএম ইন্টেলিজেন্সের জোলফ সূচক অনুযায়ী, ২০২৬ সালের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে এক পাত্র জোলফ রাইস তৈরির খরচ কমেছে ১১ দশমিক ৫ শতাংশ, যা সূচকটির ১০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পতন। তবু বেশিরভাগ পরিবারের ক্ষেত্রে তা উল্লেখযোগ্য স্বস্তি আনেনি। এসবিএমের গবেষণা প্রধান ইকেন্না ওকোনকো বলেন, নাইজেরিয়ানরা তাদের আয়ের ক্রমবর্ধমান অংশ মৌলিক চাহিদায় ব্যয় করছেন।
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সংস্কারগুলোর কার্যকারিতার প্রশংসা করেছে। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে নাইজেরিয়ার মূল্যস্ফীতি ছিল ১৪ শতাংশ, যা ২০২৪ সালের সর্বোচ্চ ৩৪ শতাংশ থেকে কমেছে। সরকারি ও সমান্তরাল বিনিময় হারের ব্যবধানও কমেছে।
টিনুবু বলেছেন, জ্বালানি ভর্তুকি তুলে দেওয়ায় প্রথম দুই মাসেই সরকারের এক ট্রিলিয়ন নাইরার বেশি (৭৪ কোটি ডলার) সাশ্রয় হয়েছে। তবে সম্প্রতি তিনি জ্বালানির খরচ কমাতে কাজ করার কথা বলেছেন। তাঁর প্রশাসন ক্ষুদ্র ব্যবসার জন্য অনুদান ও উৎপাদকদের ঋণসহ ১২৫ বিলিয়ন নাইরার সহায়তা প্যাকেজও ঘোষণা করেছে।
বিশ্লেষকেরা বলছেন, নাইজেরিয়ানদের কাছে অর্থপূর্ণ উন্নতি পৌঁছাতে হলে সংস্কারকে ইশতেহারের প্রতিশ্রুতির বাইরেও এগিয়ে নিতে হবে।



