…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

হাসিনার ফেরার আলোচনার মধ্যে দেশজুড়ে অর্ধশত ককটেল বিস্ফোরণ, ৩২ গাড়িতে আগুন, গ্রেপ্তার ৮৮

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তৎপরতার আলোচনার মধ্যে গত শনিবার থেকে দেশের বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত ককটেল বিস্ফোরণ এবং ৩২টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটনসহ দেশের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটেছে।

পুলিশ হেডকোয়ার্টারের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বিবিসি বাংলাকে জানিয়েছেন, এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতাও খুঁজে পেয়েছে পুলিশ।

সরকার গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাগুলোকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে। গত কয়েক দিনে গোপালগঞ্জ, মাদারীপুরসহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সড়ক অবরোধ করে বিক্ষোভসহ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করতেও দেখা গেছে।

তবে এসব ঘটনার সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরা কিংবা আওয়ামী লীগ জড়িত থাকা নিয়ে প্রশ্ন করা হলে আত্মগোপনে থাকা দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম কৌশলে উত্তর দিয়েছেন। তিনি বিবিসি বাংলাকে বলেন, ‘আমি কোনো ককটেলের শব্দ শুনি নাই। আওয়ামী লীগের ওপর যত দায় চাপানোর চেষ্টা করুক না কেন, তাতে কী আওয়ামী লীগের প্রতি দেশের মানুষের ভালোবাসা কমেছে?’

এসব ঘটনার দু-একদিন পরই সোমবার শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দিল্লির বাংলাদেশ হাইকমিশনে একটি আবেদন করা হয়। লন্ডনভিত্তিক ইমেইলের মাধ্যমে একটি ল’ ফার্ম এই চিঠি বা আবেদনটি পাঠিয়েছে।

তবে ওই চিঠি বা আবেদনটি কতটুকু সত্য, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার ওই আবেদনের সত্যতা যাচাই করছে। শেখ হাসিনার পক্ষে আইনজীবীরা দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও এনআইডির বিষয়ে আবেদন জানিয়ে চিঠি লেখার বিষয়টি নিয়ে বিএনপি সরকার শুরুতেই সতর্ক অবস্থান নিয়েছে।

অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ বর্ণনা করে বাংলাদেশ থেকে তাঁকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না বলে জানিয়েছেন। সরকারের মন্ত্রী ও উপদেষ্টারা এটিও বলছেন, শেখ হাসিনাকে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাসের মাধ্যমে নয়, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরত আনতে চায় সরকার।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ব্রিফিংয়ে বলেছেন, মৃত্যুদণ্ডের রায়ের পর আপিলের জন্য নির্ধারিত ৩০ দিনের সময় পেরিয়ে গেলেও শেখ হাসিনা তা করেননি। তাই ভবিষ্যতে তাঁর আপিল দায়েরের আইনগত সুযোগ নেই। সে কারণে দেশে ফিরলেই আপিল শুনানি ছাড়াই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে বলে তিনি জানান।

চব্বিশের জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও তাঁর সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাসের মাথায় তৎকালীন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করে।

শেখ হাসিনা গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান করছেন দুই বছরেরও বেশি সময় ধরে। বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের কিছু পর থেকেই তিনি কয়েকবার ইঙ্গিত দিয়েছেন, তিনি ডিসেম্বর মাসেই দেশে ফিরবেন। গত জুলাইয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া লিখিত সাক্ষাৎকারে তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফেরার কথা জানান। এরপরই প্রশ্ন তৈরি হয়, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে তিনি দেশে ফিরবেন কি না।

আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন, এতদিন বলা হয়েছে শেখ হাসিনা দেশে ফিরলে যথাযথ প্রক্রিয়ায় তাঁর বিচার করা হবে। কিন্তু এখন তিনি মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দেশে ফিরতে চাইছেন, অথচ সরকার কোনো সহযোগিতা করছে না।

তবে ক্ষমতাসীন বিএনপির নেতারা বলছেন, এ নিয়ে তাঁরা কোনো চাপে নেই। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বিবিসি বাংলাকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণা একটি নাটক। তিনি বলেন, ‘এটা একটা নাটকবাজি, দেশের মানুষকে একটা ধোঁকায় ফেলে তারা ঘোলা পানিতে কীভাবে মাছ শিকার করা যায়, সেই চেষ্টা করছে আওয়ামী লীগ।’ রিজভী আরও বলেন, এই বিষয়টি বিএনপিকে কোনো চাপে ফেলেনি, বরং বিএনপি সরকার এ ব্যাপারে আরও সতর্ক থাকছে; তারা বেআইনি তৎপরতা চালালে সরকার ব্যবস্থা নেবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কিংবা এ নিয়ে তৎপরতার মাধ্যমে একদিকে আওয়ামী লীগ তার কর্মী-সমর্থকদের চাঙ্গা রাখতে চাইছে, অন্যদিকে সরকারকে কিছুটা চাপে ফেলার চেষ্টা করছে। বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেছেন, সরকারকে চাপে রাখার পাশাপাশি আওয়ামী লীগ চাইছে তাদের কর্মী-সমর্থকদেরও সক্রিয় রাখতে; সে কারণেই এই তৎপরতাগুলো দেখা যাচ্ছে।

সোমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় নেতাকর্মী ও এমপিদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজপথে থাকার ঘোষণাও দিয়েছে দলটি। বিএনপি সরকারের নীতিনির্ধারকসহ দলটির একাংশ মনে করেন, শেখ হাসিনা বাস্তবে ফিরবেন না, তবে সরকারকে চাপে ফেলতে তিনি এক ধরনের কৌশল নিয়েছেন। আবার সোমবার দিল্লি হাইকমিশনে শেখ হাসিনার আইনজীবীদের চিঠির পর সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেখানো হয়েছে, সেটিতে এত গুরুত্ব দেওয়া কতটুকু প্রয়োজন ছিল, তা নিয়েও প্রশ্ন রয়েছে দলের অন্য একটি অংশের মধ্যে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা
রাজনীতি

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকার নিরাপত্তা জোরদার করতে ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স…

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ
রাজনীতি

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ

এরশাদের শাসনামলে কোটি কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাব পেয়েও বিএনপি ছাড়েননি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্ল…

রাজনীতি

পাসপোর্ট পাচ্ছেন না হাসিনা, প্রত্যর্পণও ‘কার্যত অসম্ভব’ বলছে ভারতীয় সূত্র

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্টের জন্য আবেদন করেছেন। তবে তাঁকে পাসপোর্ট দেওয়ার সম্ভাবনা নাকচ করেছে বাং…

গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরের ঢাকায় মৃত্যু, এমপির গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত
রাজনীতি

গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরের ঢাকায় মৃত্যু, এমপির গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ডে ১০টি গাড়ির সংঘর্ষে আহত বিএনপি নেতা ইলিয়াস ফকির (৪৫) মারা গেছেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দুপুরে…