পাসপোর্ট পাচ্ছেন না হাসিনা, প্রত্যর্পণও ‘কার্যত অসম্ভব’ বলছে ভারতীয় সূত্র
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্টের জন্য আবেদন করেছেন। তবে তাঁকে পাসপোর্ট দেওয়ার সম্ভাবনা নাকচ করেছে বাংলাদেশ সরকার। ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে ফিরতে হলে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে ফিরতে হবে।
তবে শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তির শর্ত পূরণ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে ভারতের। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে কয়েকটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অবস্থানের সঙ্গে ভারতের একমত হওয়ার সম্ভাবনা কম। বরং তাঁকে প্রত্যর্পণ করা ‘কার্যত অসম্ভব’ বলে মনে করছে সূত্রগুলো।
সূত্রগুলোর মতে, শেখ হাসিনার নিরাপত্তা, তাঁর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের সাজা এবং দুই দেশের রাজনৈতিক সম্পর্কও তাঁর প্রত্যাবর্তনের পথে বড় বাধা হয়ে উঠতে পারে।
এ বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরে সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা ভারতে এসেছিলেন। ক্ষমতায় থাকাকালেই তাঁকে ভারতে নিয়ে আসার অনুরোধ করা হয়েছিল। পরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে করে তাঁকে ভারতে নেওয়া হয়। উড়োজাহাজটি চালিয়েছিলেন বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা। পরে তাঁকে নয়াদিল্লির কাছের হিন্দন বিমানঘাঁটিতে নামানো হয়।
ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকলেও শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়া এবং মৃত্যুদণ্ডের বিষয়টি চুক্তির শর্তের সঙ্গে সাংঘর্ষিক কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এনডিটিভিকে সূত্রগুলো জানিয়েছে, বর্তমানে বাংলাদেশের কিছু গোষ্ঠীর কাছ থেকে শেখ হাসিনার জীবনের জন্য হুমকি রয়েছে। ফলে তাঁকে প্রত্যর্পণের বিষয়ে যেকোনো আলোচনায় তাঁর প্রাণনাশের আশঙ্কার বিষয়টি গুরুত্ব পাবে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। স্বেচ্ছানির্বাসনে ভারতে যাওয়ার পর দেশে ফেরার উদ্দেশ্যে এটিই তাঁর প্রথম যোগাযোগ। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসনের অবসান হওয়ার পর তিনি দেশ ছাড়েন। তাঁর এই আবেদনকে আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না। পাসপোর্ট চাওয়ার বিষয়টিকে তিনি স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না। আমরা তাদের হস্তান্তরের দাবি জানিয়েছি।’ সহিংস বিক্ষোভের মুখে শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশ সরকার আবারও ভারতের কাছে তাঁকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে।
ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করতে হলে সংশ্লিষ্ট অপরাধের জন্য উভয় দেশের আইনেই কমপক্ষে এক বছরের কারাদণ্ডের বিধান থাকতে হবে। শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে ভারতের সরকারি ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতায় এই অপরাধের বিষয়টি স্পষ্টভাবে সংজ্ঞায়িত নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়া এই আইন ঔপনিবেশিক আমলের ১৮৬০ সালের ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে চালু করা হয়।
প্রত্যর্পণ চুক্তিতে ‘দ্বৈত অপরাধ’ বা ডুয়াল ক্রিমিনালিটির শর্তও রয়েছে। অর্থাৎ, যে অপরাধের জন্য প্রত্যর্পণ চাওয়া হচ্ছে, তা দুদেশের নিজস্ব আইনেই অপরাধ হিসেবে গণ্য হতে হবে। অপরাধের আইনি নাম বা সংজ্ঞা দুদেশে আলাদা হলেও চলবে। তবে প্রত্যর্পণের আবেদন অবশ্যই আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রক্রিয়াকরণ করতে হবে।
কোন কোন পরিস্থিতিতে প্রত্যর্পণের আবেদন প্রত্যাখ্যান করা যেতে পারে, সেটিও চুক্তিতে উল্লেখ রয়েছে। এর মধ্যে একটি হলো রাজনৈতিক চরিত্রের অপরাধ। অপরাধটি রাজনৈতিক বলে বিবেচিত হলে প্রত্যর্পণ না হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার মামলাটি রাজনৈতিক বলে বিবেচিত হতে পারে। তবে এ ক্ষেত্রে চুক্তিতে একটি ব্যতিক্রমও রয়েছে। হত্যা, নরহত্যা, হামলা, সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট কর্মকাণ্ড এবং বিস্ফোরক ব্যবহারের মতো গুরুতর সহিংস অপরাধ রাজনৈতিক অপরাধের ব্যতিক্রমের আওতায় পড়ে না। বাংলাদেশ সরকার প্রকাশ্যেই শেখ হাসিনাকে সন্ত্রাসী বলে অভিহিত করেছে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, কোনো মামলায় বিচারপ্রক্রিয়া সদিচ্ছার সঙ্গে পরিচালিত হচ্ছে না, মামলাটি তুচ্ছ কিংবা তা ন্যায়বিচারের স্বার্থের পরিপন্থি বলে প্রমাণিত হলেও প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে।
প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার জন্য আর দুটি পথ খোলা থাকতে পারে। একটি হলো পাসপোর্ট, অন্যটি ট্রাভেল পাস। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশের পাসপোর্ট ছাড়াই দেশে ফিরতে ট্রাভেল পাস ব্যবহার করেছিলেন। লন্ডনে বাংলাদেশের হাইকমিশনে ওই আবেদন জমা দিয়েছিলেন তিনি। লন্ডনে অবস্থানকালে তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। এরপর তিনি আর পাসপোর্ট নবায়ন করেননি। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে যুক্তরাজ্যে চলে যান। ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরার আগপর্যন্ত তাঁরা সেখানেই ছিলেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর তারেক রহমানের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করা হয়। দেশে ফেরার এক সপ্তাহেরও কম সময় আগে ট্রাভেল পাস পেয়েছিলেন তিনি। তবে শেখ হাসিনার ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কার্যকর মৃত্যুদণ্ডের রায়ও রয়েছে।
ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনার ভারতে অবস্থান একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের বর্তমান সরকার তাঁর প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফেরার দাবি জানিয়ে আসছে। তবে পর্দার আড়ালে এমন একটি সমাধানের পথ খোঁজা হচ্ছে, যাতে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি না করে তাঁর প্রত্যাবর্তন সম্ভব হয়। এ জন্য কূটনৈতিক আলোচনা ও সমঝোতায় আরও সময় লাগতে পারে। ভারত স্পষ্ট করে জানিয়েছে, শেখ হাসিনার বিষয়টি যেন দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে জিম্মি করে না ফেলে। এনডিটিভিকে সূত্রগুলো জানিয়েছে, বর্তমান সরকার শেখ হাসিনার প্রতি ‘নমনীয়’ হিসেবে পরিচিত হতে চায় না। তবে একই সঙ্গে রাজনৈতিক অস্থিরতা কিংবা অতীতের মতো দেশের সাবেক নেতৃত্বকে হত্যা করে সরিয়ে দেওয়ার ঘটনার পুনরাবৃত্তির দায়ও নিতে চায় না সরকার। সব মিলিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরা অত্যন্ত কঠিন বলে মনে হচ্ছে। প্রত্যর্পণ, পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস, কোনো পথেই তাঁর প্রত্যাবর্তনের বিষয়টি এখনো নিশ্চিত নয়।


