গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরের ঢাকায় মৃত্যু, এমপির গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ডে ১০টি গাড়ির সংঘর্ষে আহত বিএনপি নেতা ইলিয়াস ফকির (৪৫) মারা গেছেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
ইলিয়াস ফকির মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ছিলেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এরপর একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইকের মধ্যে সংঘর্ষ হয়।
দুর্ঘটনার কবলে পড়ে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইজিবাইক। এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহত হন ইলিয়াস ফকির। তাকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের (মুকসুদপুর-কাশিয়ানী) সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এমপির গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।
সংসদ সদস্য ঢাকা থেকে তার নির্বাচনী এলাকার উদ্দেশে আসার পথে মুকসুদপুরে প্রবেশকালে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় তার গাড়িবহর এই দুর্ঘটনার কবলে পড়ে।
তবে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম অক্ষত রয়েছেন এবং তিনি সুস্থ আছেন বলে তিনি নিজেই জানিয়েছেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মারাত্মক আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনার পর মহাসড়কটিতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। ওসি জানান, এক ঘণ্টা পর রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



