বছরে প্রয়োজন ৩০৫ বিলিয়ন ডলার, মিলছে মাত্র ৩০ বিলিয়নের মতো: জলবায়ু অর্থায়নে বিশাল ঘাটতি

জলবায়ু পরিবর্তনের জন্য দায় সবচেয়ে কম, অথচ এর ক্ষতির বোঝা সবচেয়ে বেশি বহন করতে হচ্ছে বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোকে। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, উপকূলীয় লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহের প্রভাব এখন আর শুধু প্রাকৃতিক দুর্যোগে সীমাবদ্ধ নেই; এগুলো দেশের কৃষি, খাদ্যনিরাপত্তা, অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকাকে ক্রমাগত ঝুঁকির মুখে ফেলছে।
তুরস্কের আন্তালিয়ায় ৯ নভেম্বর শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১); ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠক। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনে অংশ নিতে ১০ নভেম্বর আন্তালিয়ায় পৌঁছেছেন এবং ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে। জলবায়ু ন্যায্যতা, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নই এবার বাংলাদেশের অগ্রাধিকার।
জাতিসংঘে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০ দশমিক ৫ শতাংশেরও কম, অথচ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা কৃষি উৎপাদন ও সুপেয় পানির প্রাপ্যতা সংকুচিত করছে। উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বসতবাড়ি, কৃষিজমি ও অবকাঠামোর ক্ষতি করছে। উত্তরাঞ্চলে খরা, অনিয়মিত বৃষ্টিপাত ও তাপপ্রবাহ কৃষি উৎপাদনকে অনিশ্চিত করে তুলছে। নদীভাঙনে প্রতিবছর বহু পরিবার হারাচ্ছে বসতভিটা ও জীবিকার অবলম্বন। এসবের সঙ্গে যুক্ত হচ্ছে বাস্তুচ্যুতি, দারিদ্র্য, স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক নিরাপত্তাহীনতা।
এই বাস্তবতায় জলবায়ু অর্থায়ন বাংলাদেশের জন্য সাধারণ সহায়তার আবেদন নয়; এটি আন্তর্জাতিক ন্যায্যতা ও দায়বদ্ধতার প্রশ্ন। ক্ষতি মোকাবিলায় নতুন ঋণ নিতে হলে বাংলাদেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক ব্যয়ের ওপর বাড়তি চাপ তৈরি হবে। তাই অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণনির্ভরতার পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন, সহজ শর্তে সহায়তা এবং অর্থ ছাড়ের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থা ইউএনইপির ২০২৬ সালের অভিযোজন ঘাটতি প্রতিবেদনেও অর্থায়নের বিশাল ব্যবধান উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অভিযোজনের জন্য ২০৩৫ সাল নাগাদ বছরে প্রায় ৩০৫ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে। অথচ ২০২৪ সালে উন্নত দেশগুলো থেকে উন্নয়নশীল দেশগুলোর জন্য আন্তর্জাতিক সরকারি অভিযোজন অর্থায়নের পরিমাণ ছিল মাত্র ২৮ দশমিক ২ থেকে ৩১ দশমিক ৭ বিলিয়ন ডলার—প্রয়োজনের তুলনায় অনেক কম।
বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা (২০২৩-২০৫০) বাস্তবায়নে ২৭ বছরে আনুমানিক ২৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন। এত বিপুল অর্থের সংস্থান শুধু অভ্যন্তরীণ সম্পদ দিয়ে করা কঠিন। তাই আন্তর্জাতিক প্রতিশ্রুত অর্থ দ্রুত ছাড়, সহজ শর্তে অর্থপ্রাপ্তি এবং দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি।
তবে শুধু বিদেশি অর্থ পেলেই জলবায়ু সংকটের সমাধান হবে না। প্রকল্প নির্বাচন, অর্থ বরাদ্দ, বাস্তবায়ন ও তদারকিতে দুর্বলতা থাকলে বিপুল অর্থ ব্যয় করেও কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। কোন এলাকায় বাঁধ সংস্কার জরুরি, কোথায় সুপেয় পানির ব্যবস্থা প্রয়োজন, কোন অঞ্চলে লবণাক্ততা বা খরাসহিষ্ণু ফসলের চাষ বাড়ানো দরকার—এসব সিদ্ধান্ত নিতে হবে স্থানীয় বাস্তবতা ও বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে।
এ ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও অপরিহার্য। জলবায়ু প্রকল্পের বরাদ্দ, ব্যয়, বাস্তব অগ্রগতি এবং উপকারভোগীদের তথ্য জনসমক্ষে প্রকাশ করতে হবে। প্রকল্পের আগে সম্ভাব্যতা যাচাই, বাস্তবায়নের সময় নিয়মিত তদারকি এবং কাজ শেষে স্বাধীন মূল্যায়নের ব্যবস্থা থাকা প্রয়োজন। স্থানীয় সরকার, পরিবেশবিদ, কৃষক, জেলে, নারী ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত যুক্ত করতে হবে।
পাশাপাশি বাংলাদেশের নিজস্ব প্রস্তুতিও জোরদার করতে হবে: দুর্যোগের আগাম সতর্কবার্তা, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, নদী ও উপকূলীয় বাঁধের নিয়মিত রক্ষণাবেক্ষণ, নগরের পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন, টেকসই কৃষি এবং সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো ও শিল্পে জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তি চালুর উদ্যোগও প্রয়োজন।



