…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

কপ-৩১ প্লেনারিতে আজ বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তুলে ধরবেন জলবায়ু ন্যায্যতার দাবি

নিজস্ব প্রতিবেদক
কপ-৩১ প্লেনারিতে আজ বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তুলে ধরবেন জলবায়ু ন্যায্যতার দাবি
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের দাবি ও প্রত্যাশা তুলে ধরে আজ বৃহস্পতিবার জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের প্লেনারি অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আন্তালিয়ায় চলমান সম্মেলনে তাঁর বক্তব্যে জলবায়ু ন্যায্যতা, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে।

সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচিও রয়েছে।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থা ইউএনএফসিসিসির প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, আজ স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্লেনারি অধিবেশনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা বক্তব্য রাখবেন।

এর আগে গতকাল তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় আয়োজকদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে ‘আন্তালিয়া লিডার্স সামিট’-এ অংশ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্বনেতাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলোচনা করেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়কারীদের মধ্যে ছিলেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল উল্দ শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ। ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর ঐতিহাসিক দায়িত্ব এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাবে। বাংলাদেশের জলবায়ু সহনশীলতা অর্জনের অভিজ্ঞতা এবং দক্ষিণ এশিয়াসহ বৃহত্তর এশীয় অঞ্চলে জলবায়ু অভিঘাত মোকাবিলায় দেশের বিভিন্ন উদ্যোগও বিশ্বনেতাদের সামনে তুলে ধরার কথা রয়েছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ একা নয়; ক্ষতিগ্রস্ত সব দেশকে সঙ্গে নিয়ে তহবিলসংক্রান্ত আলোচনা চালিয়ে যেতে চায় দেশটি। বিশেষ করে গ্লোবাল সাউথের দেশগুলোর নেতৃত্বের পর্যায়ে যেতে চায় বাংলাদেশ।

মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা, বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক মানবিক বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন; প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি যৌথ বিনিয়োগের ওপর জোর দেন। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। বৈঠকে জ্বালানি নিরাপত্তা ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়; প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগের কথা উল্লেখ করেন।

এ ছাড়া বুধবার রাতে এরদোগান ও ফার্স্ট লেডি এমিনে এরদোগানের আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে দেওয়া নৈশভোজে সস্ত্রীক অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ। স্থানীয় সময় গতকাল বিকেল পৌনে ৩টায় বৈঠকে বসেন দুই দেশের শীর্ষ নেতা। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে গতকাল বিকেল সাড়ে ৪টায় দুই নেতার বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও হামিদা হোসেন

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)…

জাতীয়

কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহত: ৯০ দিনে ৩৫০ পৃষ্ঠার চার্জশিট, অভিযুক্ত মালিকসহ তিনজন

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকার…

জাতীয়

গাইবান্ধার ফুলছড়িতে অসময়ে যমুনার ভাঙন, এক ঘণ্টায় বিলীন ২০ ফুট তীর

গাইবান্ধার ফুলছড়িতে যমুনা নদীতে অসময়ে ভাঙন দেখা দিয়েছে। শুকনো মৌসুমে হঠাৎ শুরু হওয়া এই ভাঙনে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে চরম দুশ্চিন্তা …

জাতীয়

ঢাকাকে শান্তি ও উন্নয়নের মডেল করতে চান ডিএসসিসি প্রশাসক, বেইলি রোডে পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)…