কুইপার বেল্টে পানির বিশাল ভান্ডারের প্রমাণ পেলেন বিজ্ঞানীরা

সৌরজগতের প্রান্তসীমায় নেপচুনের কক্ষপথের বাইরে অবস্থিত কুইপার বেল্টে বিপুল পরিমাণ পানির অস্তিত্বের প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবীতে আসা মহাজাগতিক ধূলিকণার মধ্যে কয়েক শ কোটি বছর আগের পানির রাসায়নিক বৈশিষ্ট্য শনাক্ত করে তাঁরা এই প্রমাণ পেয়েছেন।
গবেষণায় দেখা গেছে, ওই পানির গঠন পৃথিবীর পানি কিংবা সৌরজগতের অভ্যন্তরীণ অঞ্চলে পাওয়া পানির তুলনায় আলাদা। এর মাধ্যমে সৌরজগতের প্রাথমিক পর্যায়ে বাইরের অঞ্চলে থাকা একটি পৃথক ও প্রায় বিচ্ছিন্ন পানির ভান্ডারের অস্তিত্ব সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেছে।
পৃথিবীর উপরিভাগের অধিকাংশ অংশ পানি দিয়ে ঢাকা থাকলেও সৌরজগতের সামগ্রিক পানির পরিমাণের তুলনায় তা সামান্য। বৃহৎ গ্রহগুলোর বহু উপগ্রহে বিপুল পরিমাণ পানি বরফ হিসেবে জমাট অবস্থায় রয়েছে। বিশেষ করে সূর্য থেকে অনেক দূরে অবস্থিত সৌরজগতের বাইরের অঞ্চলগুলোতে বরফের আধিক্য রয়েছে।
নেপচুনের কক্ষপথের বাইরে বিস্তৃত কুইপার বেল্টে আনুমানিক কয়েক মিলিয়ন বরফাচ্ছাদিত বস্তু রয়েছে বলে ধারণা করা হয়। এসব বস্তুর মধ্যে বিপুল পরিমাণ পানি সঞ্চিত থাকতে পারে।
নাসার জনসন স্পেস সেন্টারের গ্রহবিজ্ঞানী লিন্ডসে কেলারের নেতৃত্বে পরিচালিত গবেষণায় কুইপার বেল্ট থেকে আসা ১২টি ক্ষুদ্র ধূলিকণা বিশ্লেষণ করা হয়। প্রতিটি ধূলিকণার আকার ছিল ১০ থেকে ৩০ মাইক্রোমিটার। নাসার উচ্চ উচ্চতায় উড্ডয়নক্ষম উড়োজাহাজের মাধ্যমে পৃথিবীর স্ট্র্যাটোস্ফিয়ার বা সমতাপমণ্ডল থেকে সংগ্রহ করা উপাদানের মধ্যে এসব ধূলিকণার সন্ধান পাওয়া যায়।
গবেষকদের মতে, ধূলিকণাগুলোর মধ্যে এমন কিছু খনিজের অস্তিত্ব পাওয়া গেছে, যেগুলো একসময় তরল পানির সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছিল। এসব খনিজের মধ্যে প্রাচীন পানির অক্সিজেন আইসোটোপের চিহ্ন এখনো সংরক্ষিত রয়েছে।
আইসোটোপ বিশ্লেষণে দেখা গেছে, ওই পানিতে ভারী অক্সিজেনের পরিমাণ ছিল অস্বাভাবিক বেশি। এই বৈশিষ্ট্য সৌরজগতের অভ্যন্তরীণ অঞ্চলের পানি থেকে আলাদা।
গবেষণাটিতে বলা হয়েছে, গ্যাসীয় দৈত্যাকার গ্রহগুলোর কক্ষপথের বাইরে ভারী পানি বা হেভি ওয়াটারের একটি বড় ভান্ডার ছিল। সৌরজগতের অভ্যন্তরীণ অঞ্চলের পদার্থের সঙ্গে এই পানির ভান্ডারের মিশ্রণ খুব সামান্য ঘটেছিল। ফলে এর আদি রাসায়নিক বৈশিষ্ট্য দীর্ঘ সময় ধরে অক্ষুণ্ন ছিল।
কুইপার বেল্ট সূর্য থেকে প্রায় ৩০ জ্যোতির্বৈজ্ঞানিক একক দূরে অবস্থিত। অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের দূরত্বের প্রায় ৩০ গুণ দূরে এর অবস্থান। সৌরজগতের এই শীতল ও অন্ধকারাচ্ছন্ন অঞ্চলে এখন পর্যন্ত মানুষের তৈরি খুব অল্প কয়েকটি মহাকাশযান পৌঁছাতে পেরেছে। সেখানে কোনো অনুসন্ধানী যান অবতরণ করানো কিংবা নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা প্রযুক্তিগতভাবে অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল। এ কারণে সরাসরি কুইপার বেল্টের বস্তু পরীক্ষা করা এখনো বড় চ্যালেঞ্জ।
বিজ্ঞানীদের ধারণা, কুইপার বেল্টের বরফ ও পাথরের খণ্ডগুলো সৌরজগতের প্রাথমিক সময়ের সবচেয়ে কম পরিবর্তিত অবশেষগুলোর অন্যতম। প্রায় ৪৫০ কোটি বছর আগে সূর্যকে ঘিরে থাকা আদিম গ্যাস ও ধূলিকণার মেঘ থেকে সৌরজগতের সৃষ্টি হওয়ার পর থেকে এসব বস্তু তুলনামূলকভাবে অপরিবর্তিত অবস্থায় রয়েছে।
তবে কুইপার বেল্টের সব বস্তু যে সেখানেই থেকে যায়, তা নয়। সৌরজগতজুড়ে বিপুল পরিমাণ মহাজাগতিক ধূলিকণা ছড়িয়ে রয়েছে। প্রতিবছর আনুমানিক ৫ হাজার ২০০ মেট্রিক টন এসব ধূলিকণা পৃথিবীতে এসে পড়ে। এর একটি অংশ সৌরজগতের অনেক দূরবর্তী অঞ্চল থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৃথিবীতে পৌঁছায়।
কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলের ওপরের স্তর থেকে সংগৃহীত কোনো ধূলিকণা যে নেপচুনের কক্ষপথের বাইরের কুইপার বেল্ট থেকে এসেছে, তা শনাক্ত করা সহজ নয়। এ ক্ষেত্রে বিজ্ঞানীরা ধূলিকণার মধ্যে থাকা বিকিরণজনিত ক্ষতচিহ্ন বিশ্লেষণ করেন। আন্তঃগ্রহীয় মহাকাশে সূর্যের শক্তিশালী বিকিরণ থেকে সুরক্ষার জন্য কোনো বায়ুমণ্ডলীয় আবরণ নেই। ফলে সূর্য থেকে নির্গত উচ্চশক্তির কণা ধূলিকণার ওপর প্রভাব ফেলে এবং এর মধ্য দিয়ে অতিক্রম করার সময় খনিজের স্ফটিক কাঠামোতে বিশেষ ধরনের ক্ষতচিহ্ন তৈরি করে।




