রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ জন, মামলা ৫২টি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন থানায় ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিভাগ অনুযায়ী গ্রেপ্তারের সংখ্যা হলো — রমনা বিভাগে ২৯ জন, লালবাগ বিভাগে ৪৯ জন, ওয়ারী বিভাগে ৪০ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৭৬ জন, মিরপুর বিভাগে ১২৭ জন, গুলশান বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৫১ জন, এসআরইউতে তিনজন এবং গোয়েন্দা বিভাগে পাঁচজন। সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মিরপুর বিভাগে।
অভিযানকালে একটি চাইনিজ কুড়াল, চারটি ককটেল, ককটেলের ১১টি বিস্ফোরিত অংশবিশেষ এবং দুটি ককটেলের নিষ্ক্রিয় করা অংশবিশেষ উদ্ধার করা হয়।
এ ছাড়া ৪ হাজার ২৮২ পিস ইয়াবা, ১০ কেজি ৬২০ গ্রাম গাঁজা ও ৪৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।




