…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ইউরোপ › খবর
ইউরোপ

স্পেনের ধর্মঘটে সন্ধ্যায় সংঘর্ষ, গ্রেপ্তার ৭৩; অংশ নিলেন প্রায় ৪০ লাখ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক
স্পেনের ধর্মঘটে সন্ধ্যায় সংঘর্ষ, গ্রেপ্তার ৭৩; অংশ নিলেন প্রায় ৪০ লাখ শ্রমিক
ছবি: সংগৃহীত

আবাসন সংকট ও বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে বুধবার স্পেনে ধর্মঘট পালন করেছেন প্রায় ৪০ লাখ শ্রমিক। দিনভর বিক্ষোভের পর সন্ধ্যায় রাজধানী মাদ্রিদ ও বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। এ ঘটনায় ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশটিতে সাধারণ নির্বাচনের তিন সপ্তাহেরও কম সময় আগে এই ধর্মঘট বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। ঝোড়ো আবহাওয়া উপেক্ষা করে শ্রমিকেরা রাস্তায় নামেন।

মাদ্রিদ, বার্সেলোনাসহ বিভিন্ন শহরে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেন তাঁরা। ধর্মঘটে অংশ নেন ভাড়াটেদের বিভিন্ন সংগঠনের সদস্যরা। তাঁদের মূল দাবি—বাড়িভাড়া নিয়ন্ত্রণ, আবাসনের খরচ কমানো এবং সাধারণ মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করা।

দিনের বেশিরভাগ সময় ধর্মঘট শান্তিপূর্ণ থাকলেও সন্ধ্যার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বার্সেলোনায় পুলিশ ও বিক্ষোভকারীদের একাংশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রয়টার্সের ভিডিওতে দেখা যায়, মূল মিছিল শেষ হওয়ার পর সড়কে ফেলে রাখা আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

মাদ্রিদেও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের উত্তেজনা ছড়িয়ে পড়ে। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান, কেন্দ্রীয় প্লাজা দে এস্পানিয়া এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ ফোম বুলেট, কাঁদানে গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে।

পুলিশের তথ্য অনুযায়ী, ধর্মঘটকে কেন্দ্র করে দেশজুড়ে অন্তত ১ হাজার ৪৪টি বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বুধবার রাত ৯টা (জিএমটি) পর্যন্ত ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন কার্যালয় ও শিল্প এলাকায় অবরোধ এবং ময়লার কনটেইনারে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

মাদ্রিদের অন্যতম প্রধান কেনাকাটার এলাকা গ্রান ভিয়াতেও ধর্মঘটের প্রভাব পড়ে। বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশের উপস্থিতিতে প্রাইমার্ক, এইচঅ্যান্ডএম ও পুলঅ্যান্ডবেয়ারের মতো ব্র্যান্ডের দোকান বন্ধ হয়ে যায়। এ সময় বাড়ির চাবির গোছা ঝনঝনিয়ে বিক্ষোভকারীদের স্লোগান দিতে দেখা যায়। সংঘর্ষের আশঙ্কায় বার্সেলোনার অনেক দোকানপাটও বন্ধ রাখা হয়।

স্পেনে আবাসন সংকট দিন দিন তীব্র হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে; ২০২৮ সালের মধ্যে এই ঘাটতি বেড়ে ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে। বাড়ি কেনার সামর্থ্য না থাকায় অনেক মানুষ এখন ভাড়া বাসার ওপর নির্ভর করছেন।

স্পেনের যুব পরিষদের তথ্য অনুযায়ী, দেশটিতে গড় মাসিক বাড়িভাড়া ১ হাজার ১৭৬ ইউরো বা ১ হাজার ৩১৫ ডলার। এই ভাড়া একজন তরুণের গড় মাসিক আয়ের প্রায় ৯৮ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ মাসিক আয়ের প্রায় পুরোটাই চলে যাচ্ছে বাড়িভাড়া পরিশোধে।

মাদ্রিদের বাসিন্দা ৩৬ বছর বয়সী জেসুস গঞ্জালেজও এই সংকটের কারণে ধর্মঘটে যোগ দিয়েছেন। একটি হাসপাতালের তথ্যপ্রযুক্তি বিভাগে কাজ করেন তিনি। গঞ্জালেজ বলেন, ‘আমার বয়স ৩৬ বছর, অথচ এখনো নিজের বাড়িতে থাকতে পারছি না। বাড়িভাড়া ও বাড়ির দাম দিন দিন বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে নিজের বাড়ি কেনা প্রায় অসম্ভব।’

স্পেনের বৃহত্তম দুটি শ্রমিক সংগঠন জেনারেল ইউনিয়ন অব ওয়ার্কার্স (ইউজিটি) ও ওয়ার্কার্স কমিশনস (সিসিওও) এই ধর্মঘটে সমর্থন দিয়েছে। সংগঠন দুটি ১০ লাখের বেশি শ্রমিকের প্রতিনিধিত্ব করে। ইউরো অঞ্চলের ঋণ সংকটের সময় ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে ২০১২ সালে শ্রমিকদের কর্মবিরতির পর এটিই দেশটির প্রথম সাধারণ ধর্মঘট।

শ্রমিক সংগঠনগুলোর দাবি, উপকূলীয় এলাকাগুলোতে ধর্মঘটে অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি; এসব অঞ্চলে আবাসন সংকটের প্রভাবও তুলনামূলকভাবে বেশি। ভাড়াটেদের সংগঠনগুলো আশা করছিল, দিন শেষে ধর্মঘটে অংশগ্রহণকারীর সংখ্যা ৫০ লাখে পৌঁছাবে। দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, স্পেনে মোট কর্মীর সংখ্যা প্রায় ২ কোটি ৩০ লাখ।

ইউজিটি ও সিসিওও জানিয়েছে, বন্দর ও গাড়ি নির্মাণশিল্পে ধর্মঘটে অংশগ্রহণের হার ৯০ শতাংশে পৌঁছেছে। নাভারেতে ফক্সওয়াগেন ও বার্সেলোনায় সিটের কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল। স্পেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার পরিচালনাকারী প্রতিষ্ঠান রেড ইলেক্ট্রিকা জানিয়েছে, বুধবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে দেশটিতে বিদ্যুতের চাহিদা ১৫ দশমিক ৫ শতাংশ কমে যায়।

তবে শ্রমিকদের এই ধর্মঘটের সমালোচনা করেছেন স্পেনের প্রধান ব্যবসায়িক সংগঠন সিইওই-এর সহসভাপতি অ্যাঞ্জেলা ডি মিগেল। তাঁর মতে, ধর্মঘটের কারণে আবাসন সংকটের সমাধান হবে না; বরং ক্ষুদ্র ব্যবসাগুলো আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাড়ির অভাবে প্রতিষ্ঠানগুলোর জন্য কর্মী নিয়োগ করাও কঠিন হয়ে পড়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আবাসন সংকট সমাধানে আরও বেশি বাড়ি নির্মাণ করতে হবে এবং বাড়ি নির্মাণ ও কেনাবেচার প্রক্রিয়ায় কর কমানো জরুরি।

এদিকে চার্লস ও ব্রুনা নামের দুটি শক্তিশালী ঝড়ের কারণে দক্ষিণ স্পেনের কয়েকটি শহরে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করতে বাধ্য হয় শ্রমিক সংগঠনগুলো। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী কাদিজও রয়েছে।

আগাম সাধারণ নির্বাচনের তিন সপ্তাহেরও কম সময় আগে আবাসন সংকট নিয়ে এই ধর্মঘট প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারের জন্য নতুন রাজনৈতিক চাপ তৈরি করেছে। সিউটায় প্রাণঘাতী অভিবাসন ঘটনা এবং গত মাসের ট্রেন দুর্ঘটনা নিয়েও সরকার সমালোচনার মুখে রয়েছে। বিভিন্ন জনমত জরিপে তাঁর সোশ্যালিস্ট পার্টি পিছিয়ে রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

ইউরোপ বিভাগের আরও খবর

ইউরোপ

শীত ঘনিয়ে আসায় গাজার মানবিক সংকটে ‘গভীর উদ্বেগ’ ইইউর, সহায়তা বাড়ানোর আহ্বান কাল্লাসের

শীত ঘনিয়ে আসায় গাজার মানবিক সংকট নিয়ে ‘গভীর উদ্বেগ’ পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জোটের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কাল্লাস ইসরায়ে…

ইউরোপ

ছবির গোপনীয়তা লঙ্ঘনে মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা করল ইতালি

ব্যবহারকারীদের সম্মতি ছাড়া তাঁদের স্মার্টফোনের ছবিতে প্রবেশ করার অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা করেছে ইতালির তথ্য…

ব্রেক্সিটে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে, বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহাম
ইউরোপ

ব্রেক্সিটে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে, বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহাম

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পর যুক্তরাজ্য ‘লাভের চেয়ে বেশি হারিয়েছে’ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। ব্র…

ইউরোপ

সম্মতি ছাড়া ফোনের ছবি-ভিডিও ব্যবহার: ইতালিতে মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা

ইতালির কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, নির্দিষ্ট সম্মতি ছাড়া অ্যান্ড্রয়েড ফোনের ছবি ও ভিডিও ব্যবহারের দায়ে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০ কোটি ৫০ লা…