মোবাইল কোর্টের প্রতিটি অভিযানের ভিডিও ধারণ বাধ্যতামূলক, জেলায় জেলায় গঠন হবে মিডিয়া সেল

মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে এবং এর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন পরিপত্র অনুযায়ী, এখন থেকে প্রতিটি অভিযানের ভিডিও ধারণ করতে হবে।
একইসঙ্গে জব্দ করা পণ্যের হিসাব ও নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করতে বলা হয়েছে পরিপত্রে। আপিল মামলা পরিচালনায় নির্ধারিত আইনজীবী নিয়োগের নির্দেশনাও দেওয়া হয়েছে।
জনসাধারণকে তথ্য জানাতে প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠন করতে হবে। এ ছাড়া মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তার জন্য কর্মচারীদের মধ্য থেকে পেশকার নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলা হয়েছে।
আপিলের শুনানিতে সরকারের পক্ষে লড়তে জেলা ম্যাজিস্ট্রেটরা পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পিপি ও সহকারী পাবলিক প্রসিকিউটরদের (এপিপি) মধ্য থেকে আইনজীবী নির্ধারণ করবেন। তাদের নিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট আদালতকে জানাতে হবে।
মামলার অগ্রগতি এবং প্রয়োজনীয় নথি সরবরাহের সমন্বয় করবেন দায়িত্বপ্রাপ্ত আইনজীবী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। পুরো প্রক্রিয়া দেখভাল করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
প্রতিটি জেলার মিডিয়া সেল হবে চার সদস্যের। অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর নেতৃত্ব দেবেন। জেলা তথ্য অফিস এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে সদস্য থাকবেন।
অভিযানের ছবি, ভিডিও ও তথ্য সংগ্রহ করে সম্পাদনার পর সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে প্রকাশের দায়িত্ব পালন করবে এই সেল। প্রয়োজনে কারিগরি সেবা নেওয়া যাবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব নাজমা সিদ্দিকা বেগম স্বাক্ষরিত নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হয়েছে।
গত ২ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখা থেকে এই নির্দেশনা দেওয়া হয়।
এর আগে গত ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোবাইল কোর্টের সক্ষমতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় নতুন এই পরিপত্র জারি করা হয়েছে।

