রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যা ও স্ত্রীকে ছুরিকাঘাত: লিমন মিয়ার মৃত্যুদণ্ড

রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যা মামলায় আসামি লিমন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আলাদা দুটি ধারায় ১০ বছর করে কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২-এর বিচারক রেজাউল করিম এই মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম লিমন মিয়া (৩৫)। তার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামে। লিমনের বাবার নাম এইচ এম সোলায়মান হোসেন শহীদ। তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
নিহত তাওসিফ রহমান সুমন (১৬) তৎকালীন রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমানের ছেলে। সে রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। হামলায় তাওসিফের মা তাসমিন নাহার (৪৪) গুরুতর আহত হন।
ঘটনার সময় বিচারক আবদুর রহমান রাজশাহী নগরের ডাবতলা এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। গত বছরের ১৩ নভেম্বর দুপুর আড়াইটার দিকে ‘বিচারকের ভাই’ পরিচয় দিয়ে লিমন মিয়া ওই বাসায় প্রবেশ করেন। বাসায় তখন শুধু তাওসিফ ও তার মা তাসমিন নাহার ছিলেন।
বাসায় ঢুকে তিনি মা-ছেলেকে ছুরিকাঘাত করেন। এরপর তাওসিফের রক্ত মেখে আহত হওয়ার ভান করে নিজেও পড়ে ছিলেন। পরে পুলিশ তিনজনকেই উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন।
এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিমনকে আটক করা হয়। পরদিন এই হত্যাকাণ্ডের ঘটনায় বিচারক আবদুর রহমান বাদী হয়ে রাজপাড়া থানায় লিমন মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা করেন। গ্রেপ্তারের পর থেকে লিমন কারাগারে ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিচারক আবদুর রহমানের বাড়ি জামালপুর হলেও তাঁর স্ত্রী তাসমিন নাহারের বাবার বাড়ি গাইবান্ধা শহরের এটেস্ট্রেটপাড়ায়। একই জেলার বাসিন্দা হওয়ায় তাসমিন নাহার ও লিমনের মধ্যে পরিচয় ছিল। লিমন প্রায়ই আর্থিক সাহায্য নিতেন। তাসমিন নাহার সহযোগিতা বন্ধ করায় তিনি একাধিকবার হুমকি দেন।
ঘটনার ১০ দিন আগে ৩ নভেম্বর সকালে লিমন তাসমিন নাহারের মেয়ের ফেসবুক মেসেঞ্জারে কল করে পরিবারসহ হত্যার হুমকি দেন। তখন তাসমিন নাহার সিলেটে মেয়ের বাসায় ছিলেন।
হুমকি পেয়ে ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তিনি। সেখানে তিনি উল্লেখ করেন, লিমন মিয়া আর্থিক সাহায্য না পেয়ে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেন। পুলিশ তখন তাকে সন্দেহভাজন হিসেবে আটক দেখিয়ে আদালতে পাঠায়। পরে জামিন পেয়ে রাজশাহী এসেই তিনি খুনের ঘটনা ঘটান বলে সূত্রে জানা গেছে।
লিমন মিয়া গাইবান্ধা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাসের পর সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। কয়েক বছর পর ২০১৮ সালে চাকরি ছেড়ে বাড়ি ফিরে যান। এরপর থেকে ফুলছড়ি উপজেলার গজারিয়াহাট ও বালাসী ঘাট এলাকায় বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, এই মামলার অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা ৩২ জনকে সাক্ষী করেছিলেন। বিচার শুরু হলে আদালতে বিচারক আব্দুর রহমান, তাঁর স্ত্রী তাসমিন নাহারসহ ২৯ জন সাক্ষ্য দেন। এরপর গত ৯, ১৪ ও ১৫ অক্টোবর আদালতে যুক্তিতর্ক চলে।
আলী আশরাফ মাসুম আরও জানান, আসামি লিমন মিয়া সুস্থ কি না, তা জানতে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। তাতে দেখা গেছে, তিনি সম্পূর্ণ সুস্থ। পরিকল্পিতভাবে তিনি তাওসিফকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন এবং তার মাকে আহত করেন। এ রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
রায় ঘোষণার সময় আসামি লিমন মিয়াকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। রায়ের পর তাকে আবার কারাগারে পাঠানো হয়।
রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী মামুন-অর-রশিদ বাবু। তিনি বলেন, ‘আমরা এখনই বিস্তারিত বলছি না। তবে আমরা রায়ে অসন্তুষ্ট। আমরা উচ্চ আদালতে আপিল করব।’


