রাজশাহীর গোদাগাড়ীতে রিকশাচালক শিহাব হত্যা মামলায় যুবক গ্রেপ্তার, পাঠানো হলো আদালতে
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কিশোর অটোরিকশাচালক শিহাব রানা (১৭) হত্যা মামলায় হাবিবুল বাশার শিমুল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি)-৫-এর সিপিএসসি দল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনের বাইরে অভিযান চালিয়ে পলাতক এই আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে শিমুলকে গোদাগাড়ী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৫ জানিয়েছে, রিকশাচালক শিহাব হত্যাকাণ্ডের সঙ্গে শিমুলের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই তাঁর অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হাবিবুল বাশার শিমুল গোদাগাড়ীর লস্করহাটি গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।
মামলার তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর শিহাব রানা ভাড়ায় চালানোর জন্য অটোরিকশা নিয়ে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।
পরদিন শিহাবের মা শিরিন আক্তার গোদাগাড়ী থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এর তিন দিন পর ৩১ অক্টোবর সকাল আটটার দিকে কলিপুর গ্রামে গোদাগাড়ী-আমনুরা সড়কের পশ্চিম পাশে ধানক্ষেতে শিহাবের লাশ পাওয়া যায়। তবে তাঁর অটোরিকশাটি পাওয়া যায়নি।
এ ঘটনায় গোদাগাড়ী থানায় হত্যা, চুরি ও আলামত গোপনের অভিযোগে মামলা হয়।
গ্রেপ্তার শিমুলকে শুক্রবারই আদালতে পাঠিয়েছে গোদাগাড়ী থানা-পুলিশ। এর আগে এই মামলায় মেজ বাবু নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে।



