চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ল আরও ১৪৪ কোটি, মোট ছাড়াল সাড়ে ৩ হাজার কোটি

চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় আরও বেড়েছে। এবার প্রকল্পটির ব্যয় ১৪৪ কোটি ৬৩ লাখ টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার।
দ্বিতীয় দফায় ব্যয় বৃদ্ধির পর প্রকল্পটির সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৫১৩ কোটি ৭০ লাখ টাকা। মূল চুক্তিমূল্যের তুলনায় ব্যয় বেড়েছে প্রায় ৭৯৪ কোটি টাকা বা ২৯ দশমিক ১৮ শতাংশ।
শুরুতে প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ৭২০ কোটি টাকা। তা বেড়ে এখন সাড়ে ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
বৃহস্পতিবার ১২ নভেম্বর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের ডব্লিউডি-১ প্যাকেজের দ্বিতীয় ভেরিয়েশন প্রস্তাবের আওতায় নতুন করে ১৪৪ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকা ব্যয় বাড়ানো হয়েছে। কাজটি বাস্তবায়ন করছে ম্যাক্স-র্যাঙ্কেন যৌথ উদ্যোগ।
প্রকল্পটির মূল চুক্তিমূল্য ছিল ২ হাজার ৭২০ কোটি ৪ লাখ ৬৭ হাজার ৭৬০ টাকা। প্রথম দফায় ভেরিয়েশনের মাধ্যমে ব্যয় বাড়িয়ে তা ৩ হাজার ৩৬৯ কোটি ৭ লাখ ১০ হাজার ৮৫১ টাকা করা হয়। এবার দ্বিতীয় দফায় আরও ব্যয় বাড়ায় সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৫১৩ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ৮৭১ টাকা। সব মিলিয়ে মূল চুক্তিমূল্যের তুলনায় ব্যয় বেড়েছে ৭৯৩ কোটি ৬৫ লাখ টাকা।
একই বৈঠকে রাঙামাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য সাততলা হাসপাতাল ভবন ও সাততলা একাডেমিক ভবন নির্মাণের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। ভবন দুটি নির্মাণে ব্যয় হবে প্রায় ৩৩৯ কোটি ৪৪ লাখ টাকা।
রাঙামাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ প্রতিষ্ঠা প্রকল্পের আওতায় হাসপাতাল ভবন নির্মাণে ২৩০ কোটি ৮৬ লাখ ৪১ হাজার ৫১৬ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সাততলা ফাউন্ডেশনের ওপর নির্মিতব্য এই ভবনে থাকবে দুর্ঘটনা ও জরুরি বিভাগ, বহির্বিভাগ, পরীক্ষাগার, রোগ নির্ণয় ও চিকিৎসাসহ বিভিন্ন সেবা বিভাগ। গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িতব্য এই কাজ পেয়েছে নূরানী কনস্ট্রাকশন লিমিটেড।
একই প্রকল্পের আওতায় সাততলা একাডেমিক ভবন নির্মাণে ১০৮ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৩০৪ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই কাজ বাস্তবায়ন করবে ডেল্টা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসোর্টিয়াম লিমিটেড।

