নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন করা হবে না, বিইউপির সেমিনারে বললেন ডেপুটি স্পিকার কায়সার কামাল
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, নিরাপত্তার নামে বাকস্বাধীনতা কখনো দমন করা হবে না; আবার কারও মর্যাদাহানির উদ্দেশ্যে বাকস্বাধীনতার ছদ্মবেশে অপতথ্য ছড়াতেও দেওয়া হবে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) নিরাপত্তা ও কৌশলগত অধ্যয়ন অনুষদ (এফএসএসএস) আয়োজিত ‘ডিজিটাল যুগে নিরাপত্তা ও মানবাধিকারের প্রতি চ্যালেঞ্জ: বাংলাদেশ প্রেক্ষাপটে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, এক দশকের বেশি সময় ধরে পূর্ববর্তী সরকার আইসিটি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) এবং সাইবার নিরাপত্তা আইনের মতো কঠোর ডিজিটাল নিরাপত্তা আইনগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। গুজব বন্ধ করার অজুহাতে সেই আইনগুলো ছাত্রদের কারারুদ্ধ করতে, সাংবাদিকদের মুখ বন্ধ করতে এবং ভিন্নমত দমন করতে প্রয়োগ করা হয়েছিল।
তিনি বলেন, সেই অন্ধকার ইতিহাসের পুনরাবৃত্তি যাতে আর না ঘটে, তার জন্য বর্তমান সরকার দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।
সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, তরুণদের কেবল ডিজিটাল কনটেন্টের ভোক্তা হয়ে থাকলে চলবে না; দায়িত্বশীলতা ও বিচারবুদ্ধিসম্পন্ন চিন্তাশক্তির মাধ্যমে তাদের সত্যের দূত হয়ে উঠতে হবে এবং ডিজিটাল জনপ্রিয়তার চেয়ে মানবিক মর্যাদাকে বেশি গুরুত্ব দিতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ‘ডিজিটাল সাক্ষরতার এই অগ্রযাত্রায় তোমরা নেতৃত্ব দাও। কোনো চাঞ্চল্যকর পোস্ট শেয়ার করার আগে বা কোনো ক্ষোভ সৃষ্টিকারী ভিডিওতে প্রতিক্রিয়া জানানোর আগে থামো, উৎস যাচাই করো, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলো; যারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, তাদের হাতিয়ার হতে নিজের আঙুলকে প্রত্যাখ্যান করো।’
ডেপুটি স্পিকার বিইউপির সাবেক শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের দিকে তাকালে আমি কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই দেখি না, বরং আমি দেখতে পাই “জুলাই বিপ্লব”-এর অগ্রপথিকদের।’
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে শিক্ষার্থীরাই পনেরো বছরের স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনের মুখোমুখি দাঁড়িয়েছিল। ক্ষমতাচ্যুত সরকার যখন তাদের নৃশংসতা আড়াল করতে ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছিল, তখন এই বাংলাদেশে তারাই সত্যকে বাঁচিয়ে রেখেছিল। তাঁর ভাষায়, কোনো স্বৈরশাসকই একটি সচেতন ও নির্ভীক প্রজন্মকে চিরতরে স্তব্ধ করে রাখতে পারে না; এই প্রজন্মই ভোটাধিকার পুনরুদ্ধার করেছে এবং গণতন্ত্র উপহার দিয়েছে।
