…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

অনুমোদন ছাড়াই কর্ণফুলীতে সুপার পেট্রোকেমিক্যালের রিফাইনারি, যন্ত্রপাতি এসেছে বিপিসিকে না জানিয়েই

নিজস্ব প্রতিবেদক
অনুমোদন ছাড়াই কর্ণফুলীতে সুপার পেট্রোকেমিক্যালের রিফাইনারি, যন্ত্রপাতি এসেছে বিপিসিকে না জানিয়েই
ছবি: সংগৃহীত

সরকারের অনুমোদন ছাড়াই চট্টগ্রামের কর্ণফুলীতে গড়ে তোলা হচ্ছে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসির (এসপিএল) বিশাল রিফাইনারি। কারখানার জন্য বিপুল পরিমাণ মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রেও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কোনো অনুমোদন নেয়নি প্রতিষ্ঠানটি।

‘বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুদ, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩’-এর ৭.১ ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, ‘সরকারের অনুমোদন ব্যতীত কোনো রিফাইনারি স্থাপন করা যাবে না।’ রাষ্ট্রের এই প্রধান শর্ত উপেক্ষা করেই কর্ণফুলীতে রিফাইনারিটি গড়ে তোলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার সন্ধ্যায় এসপিএলের প্ল্যান্ট পরিদর্শন শেষে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের কাছে এসব তথ্য স্বীকার করেছেন বিপিসির গঠিত সাত সদস্যের সুপারিশ কমিটির প্রধান।

বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মোহাম্মদ জাহিদ হোসাইন সাংবাদিকদের জানান, সরকারের অনুমোদন না থাকলেও সেখানে রিফাইনারির নির্মাণকাজ চলছে। তিনি বলেন, ‘প্রকল্পে কিছু ডেভেলপমেন্ট (উন্নয়ন) কাজ হয়েছে। নতুন ট্যাংক নির্মাণ হচ্ছে, ক্রুড প্ল্যান্ট যেটা করছে, সেটা আমরা দেখেছি। তারা প্ল্যান্ট-সম্পর্কিত কিছু ডকুমেন্টস (নথিপত্র) দিয়েছে। আমরা সেগুলো পর্যালোচনা করছি। ওরা শেষ পর্যন্ত যতটা ডকুমেন্ট সাবমিট করবে, ততটাই প্রতিবেদনে উল্লেখ করা হবে। নীতিমালার বাইরে গিয়ে ইউনিট-২ ও ৩ গড়ে তোলার বিষয়টিও প্রতিবেদনে আসবে।’

বিপিসির অনুমোদন ছাড়া কীভাবে বিপুল পরিমাণ যন্ত্রপাতি এল — এমন প্রশ্নের জবাবে তদন্ত কমিটির প্রধান সরাসরি স্বীকার করে বলেন, ‘তারা (এসপিএল) মূলধনী যন্ত্রপাতি ও অন্যান্য মেশিনারিজ আমদানির বিষয়ে বিপিসির কাছে কোনো অনুমোদন চায়নি।’

গত মঙ্গলবার বিপিসির সচিব শাহিনা সুলতানা এক অফিস আদেশে এই কমিটি গঠন করে মাত্র তিন দিনের মধ্যে রিফাইনারির উৎপাদন কার্যক্রম পরিচালনার অনুমোদনের বিষয়ে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলেছিলেন। কিন্তু বৃহস্পতিবার দুপুরে কমিটির প্রধান ভিন্ন কথা জানালেন। তিন দিনের মধ্যে প্রতিবেদন জমার বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা মাত্রই পরিদর্শন করে এসেছি। ওদের কাছে কমিটির আরও কোয়ারি (জিজ্ঞাসা) থাকতে পারে। কমিটির বাকি সদস্যরা পর্যালোচনা করে প্রতিবেদন তৈরির আগে সেসব বিষয়েও আলোচনা হবে।’

বুধবার সন্ধ্যায় প্ল্যান্ট পরিদর্শনের সময়কাল নিয়ে ওঠা প্রশ্নের জবাবে জাহিদ হোসাইন দাবি করেন, ‘আমরা তিন ঘণ্টার বেশি সময় প্ল্যান্ট এলাকা ঘুরে দেখেছি।’ তবে তিন ঘণ্টা ঘুরলেও প্ল্যান্টের আসল সক্ষমতা যাচাই করা হয়নি বলে জানান তিনি। তিনি বলেন, ‘আমরা প্রতিটি মেশিনারিজ বা প্ল্যান্ট চালু করে দেখিনি। টেকনিক্যাল (কারিগরি) কমিটি হলে তারা সেসব দেখবে। ইনপুট-আউটপুট ঠিকভাবে হচ্ছে কি না, সেসব দেখবে। আর চূড়ান্ত অনুমোদনের বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।’

কারিগরি দিক যাচাই না করেই কীভাবে একটি প্রতিষ্ঠানকে রিফাইনারি উৎপাদনের অনুমোদনের সুপারিশ করা হবে, তা নিয়ে খোদ জ্বালানি খাতেই এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে।

সংশ্লিষ্টদের মতে, একটি রিফাইনারি স্থাপন ও পরিচালনার জন্য বিভিন্ন সরকারি দপ্তরের ৩০টির বেশি অনুমোদন ও ছাড়পত্র প্রয়োজন। এর মধ্যে বিপিসি ও বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাইসেন্স, বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লে-আউট ও নিরাপত্তা অনুমোদন, আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের বিশেষ পারমিট এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স ও ভ্যাট নিবন্ধন অন্যতম।

অভিযোগ অনুযায়ী, এসপিএল এসব আনুষ্ঠানিক অনুমোদনের কোনো বিধানই মানেনি। বিপুল পরিমাণ যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতে বিপিসির অনুমোদন তো নেওয়াই হয়নি, উল্টো এসব আমদানিতে শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। যন্ত্রপাতির আড়ালে অন্য কোনো পণ্য আমদানি কিংবা চোরাচালান হয়েছে কি না, তাও যথাযথভাবে যাচাই না করেই এখন প্ল্যান্টটিকে তড়িঘড়ি বৈধতা দেওয়ার তোড়জোড় চলছে বলে সংশ্লিষ্টদের অভিযোগ।

এর মধ্যেই অনুমোদনহীন এই প্রতিষ্ঠানটি বছরে ৪ লাখ টন লাইট ক্রুড ও ৮ লাখ টন হেভি ক্রুড মিলে মোট ১২ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) আমদানির আবেদন করেছে বিপিসির কাছে, যা জনমনে উৎকণ্ঠা ও উদ্বেগের জন্ম দিয়েছে।

খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, একটি অনুমোদনহীন রিফাইনারির জন্য এভাবে যথেচ্ছ যন্ত্রপাতি আমদানির সুযোগ তৈরি হওয়া দেশের নিয়ন্ত্রণব্যবস্থার চরম দুর্বলতার প্রমাণ। যথাযথ নিরাপত্তা ও তদারকি নিশ্চিত না করে এ ধরনের স্পর্শকাতর ও কৌশলগত শিল্পপ্রতিষ্ঠান পরিচালনার অনুমতি দেওয়া হলে তা গোটা দেশের জ্বালানি নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে। অবিলম্বে উচ্চ পর্যায়ের তদন্ত ছাড়া এই রিফাইনারিকে কোনো ধরনের ছাড়পত্র দেওয়া আত্মঘাতী হবে বলে সতর্ক করেছেন তাঁরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

চসিকের দেনা ৫৯৬ কোটি থেকে কমে ৩২৫ কোটি, দুই বছরের অগ্রযাত্রা উদযাপনে জানালেন শাহাদাত

চট্টগ্রামবাসীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন বলে মন্তব্…

জাতীয়

বাঁশখালীতে ঘর থেকে বাবার ঝুলন্ত মরদেহ ও যমজ দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির একটি ঘর থেকে মো. জাহেদ হোসেনের (৫০) ঝুলন্ত মরদেহ এবং একই কক্ষ থেকে তাঁর ৭ মাস বয়সী যমজ কন্যাশিশু জারিন ও জাসিয়ার…

চট্টগ্রামে ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন
জাতীয়

চট্টগ্রামে ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন

অধ্যাপক মাওলানা লিয়াকত আক্তার সিদ্দিকী প্রণীত ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে চট্টগ্রামে। উপমহাদেশে ইসল…

চট্টগ্রামে দিনব্যাপী তারুণ্যের উচ্ছ্বাস কবিতা উৎসব, সম্মাননা পেলেন শিশির দত্ত
জাতীয়

চট্টগ্রামে দিনব্যাপী তারুণ্যের উচ্ছ্বাস কবিতা উৎসব, সম্মাননা পেলেন শিশির দত্ত

কবিতার প্রতি ভালোবাসা, শিল্পের প্রতি দায়বদ্ধতা এবং সাংস্কৃতিক ঐক্যের প্রত্যয়ে চট্টগ্রামে হয়ে গেল ‘চট্টগ্রাম কবিতার শহর’ শীর্ষক ‘তারুণ্যের উচ্ছ্বাস …