ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: শিক্ষার্থী রায়হান খান সাময়িক বহিষ্কার, পাঁচ সদস্যের তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থী মো. রায়হান খান বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ছাত্র।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা ইউনিভার্সিটি অর্ডিন্যান্সেস অ্যান্ড রেগুলেশনসের চ্যাপ্টার ১১-এর ধারা ৫(২) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাঁকে বহিষ্কার করেন।
ঘটনাটি তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাংকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির বাকি সদস্যরা হলেন অধ্যাপক ড. এনামুল হক সজীব, অধ্যাপক ড. শান্টু বড়ুয়া, ড. আলী মোহাম্মদ কাওসার ও মো. আমজাদ হোসেন।
তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী মো. রায়হান খান বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সঙ্গে সংযুক্ত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি পৌরসভার সবুজবাগ এলাকায়।



