ককটেল বিস্ফোরণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি, প্রবেশে তল্লাশি
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্প্রতি একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা জোরদার করতে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ শনিবার প্রক্টরের কার্যালয়ের জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য সবার যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
তবে জরুরি প্রয়োজনে নির্দিষ্ট কিছু যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিংয়ের বাহনসহ সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।
নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রক্টরের কার্যালয়ের পক্ষ থেকে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
সাম্প্রতিক বিস্ফোরণগুলোর মধ্যে সর্বশেষ ১০ নভেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে ও কলাভবনের পাশের শ্যাডো এলাকায় পৃথক দুটি বিস্ফোরণ ঘটে। এর আগে ৮ ও ৯ নভেম্বর টিএসসিসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এসব ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এক কর্মকর্তা ও একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে।
ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।




