ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ড পেলেন ৩০ স্কুলের ৬৪ শিক্ষার্থী
অসাধারণ একাডেমিক ফলাফলের স্বীকৃতিস্বরূপ ‘ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন দেশের ৩০টি ইংরেজি মাধ্যম স্কুলের ৬৪ শিক্ষার্থী। ও লেভেল, আইজিসিএসই, ইন্টারন্যাশনাল জিসিএসই ও এ লেভেল পরীক্ষায় সর্বোচ্চ গ্রেড অর্জনের জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয় ব্রিটিশ কাউন্সিল।
২০২৬ সালের মে-জুন সেশনে কেমব্রিজ ইন্টারন্যাশনাল ও পিয়ারসন এডএক্সেলের অধীন ও লেভেল, আইজিসিএসই ও ইন্টারন্যাশনাল জিসিএসই পরীক্ষায় নয়টি বা তার বেশি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় পাঁচটি বা তার বেশি বিষয়ে সর্বোচ্চ গ্রেড পাওয়া শিক্ষার্থীরা এ পুরস্কারের জন্য নির্বাচিত হন। যুক্তরাজ্যের পরীক্ষা বোর্ডগুলোর পক্ষে এসব পরীক্ষা পরিচালনা করে ব্রিটিশ কাউন্সিল।
এ বছর পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ও লেভেল ও আইজিসিএসই/ইন্টারন্যাশনাল জিসিএসই পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৫৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দিয়েছে সিটি ব্যাংক পিএলসি। প্রত্যেকে পেয়েছেন ২৫ হাজার টাকা করে। অন্যদিকে এ লেভেলের সাত শিক্ষার্থীকে বিশেষ উপহার ভাউচার দিয়েছে অনুষ্ঠানের ট্রাভেল পার্টনার গোযায়ান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রহমান বলেন, ‘স্কলার্স অ্যাওয়ার্ডের যাত্রা শুরু হয়েছিল ২২ জন শিক্ষার্থীকে নিয়ে। এ বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার মানসিকতা এবং আমাদের পার্টনার স্কুলগুলোর সক্ষমতার পরিচয় পাওয়া যায় এই অগ্রগতিতে।’
তিনি বলেন, ব্রিটিশ কাউন্সিলের দায়িত্ব শুধু সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পরীক্ষা পরিচালনা করা নয়, মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক সুযোগ তৈরিতে সহায়ক কমিউনিটি গড়ে তোলাও তাদের কাজ।
সিটি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. অরূপ হায়দার বলেন, তরুণ শিক্ষার্থীদের সাফল্য উদ্যাপনের অংশ হতে পেরে তাঁরা আনন্দিত। শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়া এবং পড়াশোনায় আরও ভালো করার অনুপ্রেরণা জোগানোই তাঁদের উদ্দেশ্য।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নয়টি বা তার বেশি বিষয়ে সর্বোচ্চ গ্রেড অর্জন অসাধারণ কৃতিত্ব। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের পরিশ্রম, অধ্যবসায় ও জানার আগ্রহের পরিচয় পাওয়া যায়। তিনি বলেন, এ অর্জন তাদের পথচলার একটি গুরুত্বপূর্ণ ধাপ, শেষ নয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্কুলের দুই শতাধিক স্কুলপ্রধান, শিক্ষক, অভিভাবক এবং ব্রিটিশ কাউন্সিলের ২০০ পার্টনার স্কুলের প্রতিনিধিরা অংশ নেন। শিক্ষার্থীদের সাফল্য উদ্যাপনের পাশাপাশি শিক্ষা নিয়ে নিজেদের অভিজ্ঞতাও বিনিময় করেন তাঁরা। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন পরীক্ষা বোর্ডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পুরস্কার বিতরণ পর্ব। এ সময় ৬৪ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ ফল করা একজন শিক্ষার্থী নিজের পড়াশোনার অভিজ্ঞতা, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন। পরে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তাহনি ইয়াসমিনের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
স্কলার্স অ্যাওয়ার্ডের মাধ্যমে বাংলাদেশে শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ব্রিটিশ কাউন্সিল।



