বোনকে পরীক্ষাকেন্দ্রে দিয়ে থানায় ছয় ঘণ্টা: আরমানিটোলা কেন্দ্রের বাইরে দুই তরুণকে হেফাজতে নিল পুলিশ

পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বেরিয়ে নির্ধারিত জায়গায় ভাইকে খুঁজে পেলেন না এক তরুণী; তাঁর মুঠোফোন আর ব্যাগও ছিল ভাইয়ের কাছে। কিছুক্ষণ পর কয়েকজন পুলিশ সদস্য তাঁকে জানান, তাঁর ভাইকে বংশাল থানায় নেওয়া হয়েছে। পরে পুলিশ সদস্যরাই রিকশায় করে তাঁর থানায় যাওয়ার ব্যবস্থা করে দেন।
শুক্রবার বিকেলে পুরান ঢাকার আরমানিটোলা উচ্চবিদ্যালয়ে নয়টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদের সমন্বিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই তরুণ বোনকে পরীক্ষা দিতে নিয়ে এসেছিলেন সেখানে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ফটকের বাইরে তাঁকে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পরীক্ষা শুরুর আগে বিদ্যালয়ের মূল ফটক খোলা ছিল এবং পরীক্ষার্থীদের সঙ্গে আসা স্বজনেরা ভেতরে ঢুকতে পারছিলেন। বেলা তিনটায় পরীক্ষা শুরু হলে তাঁদের বেরিয়ে যেতে বলা হয়; পুলিশ সদস্যরা তাঁদের বের করে দেওয়ার সময় কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়।
বেলা ৩টা ২০ মিনিটে পুলিশ সদস্যরা ফটকের বাইরে এসে এক পরীক্ষার্থীর ভাইকে হাতকড়া পরান এবং কিছুক্ষণ পর তাঁকে পুলিশের গাড়িতে তোলা হয়। আটকের কারণ জানতে চাইলে ঘটনাস্থলে এক পুলিশ সদস্য বলেন, ওই তরুণ ‘মব করার চেষ্টা করেছেন এবং পুলিশ সদস্যের ওপর আক্রমণের চেষ্টা করেছেন’।
এর প্রায় ১০ মিনিট পর ফটকের বাইরে থেকে দ্বিতীয় আরেক তরুণকে আটক করে পুলিশ। তিনি গাড়িতে উঠতে অস্বীকৃতি জানালে তাঁকে জোর করে গাড়িতে তোলা হয় এবং ধস্তাধস্তিতে তাঁর শরীরের কয়েক জায়গায় ক্ষত হয়। পরে জানা যায়, ওই তরুণ একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা। এ সময় পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মধ্যে ভীতির সঞ্চার হয় এবং তাঁরা বিক্ষিপ্ত হয়ে পড়েন।
পরীক্ষা শেষে প্রথম তরুণের বোন জানান, হলে ঢোকার আগে তিনি মুঠোফোন ও ব্যাগ ভাইয়ের কাছে রেখে গিয়েছিলেন এবং কথা ছিল, পরীক্ষা শেষে ভাই নির্দিষ্ট জায়গায় তাঁর জন্য অপেক্ষা করবেন। পুলিশের কাছে ভাইকে থানায় নেওয়ার খবর শুনে তিনি হতবিহ্বল হয়ে পড়েন।
বিকেল পাঁচটার দিকে বংশাল থানায় দেখা যায়, দুই তরুণকে বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে; পরীক্ষার্থী তরুণীও তখন থানায় উপস্থিত ছিলেন। এক পুলিশ সদস্য জানান, দুই তরুণের নাম-পরিচয় নেওয়া হচ্ছে এবং তাঁদের রাজনৈতিক মতাদর্শ জানতে নিজ নিজ এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে।
বিকেল সাড়ে পাঁচটার পর দুই তরুণ বলেন, পরীক্ষাকেন্দ্র থেকে বের হওয়া নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়েছিল, তার জেরেই তাঁদের থানায় আনা হয়েছে। কোনো অন্যায় না করেও তাঁরা হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন; পুলিশ তাঁদের মুঠোফোনও নিয়ে নিয়েছে বলে তাঁরা জানান।
থানায় ওই তরুণের বোন বলেন, ‘সামান্য একটা বিষয়ে যেভাবে হয়রানি করা হচ্ছে, এটা হতাশার। কোনো অন্যায় না করেই আমার ভাইকে থানায় আনা হয়েছে। এতক্ষণ ধরে বসে আছি, কিছু বলেও না।’ সন্ধ্যা ছয়টার পর দুই তরুণকে বংশাল থানার ওসির কক্ষে নেওয়া হয়; কিছুক্ষণ পর তাঁরা ফিরে এলেও তাঁদের থানায় বসিয়ে রাখা হয়।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল বলেন, পরীক্ষাকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছিল। রাত সাড়ে নয়টার কিছু আগে দুজনকেই ছেড়ে দেওয়া হয়। ছাড়া পাওয়ার পর দুই তরুণের কেউই বিস্তারিত কথা বলতে চাননি; একজন শুধু বলেন, ‘কিছুই বলার নেই। বিচিত্র এক অভিজ্ঞতা হলো।’



