আওয়ামী লীগ আমলের অপরাধ তদন্তে জেলায় জেলায় যাবে প্রসিকিউশন, হবে গণশুনানি: চিফ প্রসিকিউটর

বিগত আওয়ামী লীগ শাসনামল এবং জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্তে জেলায় জেলায় যাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের শাসনামলে অনেক মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। প্রত্যেক জেলায় ক্রসফায়ারের মতো ঘটনা ঘটেছে বা গুম-অপহরণের মতো ঘটনা ঘটেছে। জুলাই আন্দোলনে অনেক মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে অথবা গুম বা পঙ্গু করে দেওয়া হয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেক জেলায় প্রসিকিউশন এবং ইনভেস্টিগেশন এজেন্সির যৌথ প্রযোজনায় প্রত্যেক জেলা সরজমিনে আমরা ভিজিট করব, সেখানে আমরা গণশুনানি নেব এবং সেখানে যেসব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেটি আমরা চিহ্নিত করব।’
তিনি বলেন, যেসব অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় পড়বে, সেগুলো ট্রাইব্যুনালের বিচারের আওতায় আনা হবে। কোনো জেলায় এমন অপরাধ পাওয়া গেলে তা চিহ্নিত করে আসামিদের সেখানেই গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
এ কাজে সরকার পর্যাপ্ত লজিস্টিক সহায়তা দিয়ে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

