পঞ্চগড়ের বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তৃতীয় বন্ধু রাব্বিও মারা গেল, নিহত বেড়ে তিন

পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের শাহাপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রাব্বি (১৬) নামে আরেক বন্ধু মারা গেছে। এ নিয়ে একই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল তিনজনে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে রাব্বির মৃত্যু হয়। নিহত রাব্বি চন্দনবাড়ি ইউনিয়নের শাহাপাড়া গ্রামের আবু শাহর ছেলে।
এর আগে বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থলেই মারা যায় বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া সাকোয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক (১৭) ও ফুলবাড়ী সাকোয়া এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত (১৬)।
তারা তিনজনই সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র এবং তিন বন্ধু ছিল বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়া শেষে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে বাসায় ফিরছিল। পথে শাহাপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তারা তিনজনই গুরুতর আহত হয়।
পরে স্থানীয়দের সহায়তায় তাদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
বৃহস্পতিবার রাতে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল বলেন, স্থানীয়দের মাধ্যমে তিনি জেনেছেন, আহত রাব্বি ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

