কুড়িগ্রামের রাজারহাটে ২০ হাজার টাকায় পাঁচ বন্ধুর চুইঝাল-মুড়িমাখার ব্যবসা, দিনে বিক্রি প্রায় ১০ হাজার টাকা

পড়াশোনা শেষ করে চাকরির অপেক্ষায় বসে থাকেননি কুড়িগ্রামের রাজারহাটের পাঁচ বন্ধু। নিজেরাই কিছু করার তাগিদ থেকে তাঁরা শুরু করেছেন 'চুইঝাল মসলার মুড়িমাখা'র ব্যবসা। পুঁজি ছিল মাত্র ২০ হাজার টাকা। তাঁদের এই উদ্যোগ এখন রাজারহাটে বেশ সাড়া ফেলেছে।
প্রতিদিন বিকেলে রাজারহাট বাজারের রেললাইনের পাশে তাঁদের দোকানে মুড়ি কিনতে ভিড় করেন নানা বয়সী মানুষ। প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় ১০ হাজার টাকার মুড়ি।
উদ্যোক্তা পাঁচ বন্ধু হলেন নুর আলম, নাহিদ হাসান, আলামিন, মনির হোসেন ও ফেরদৌস আহমেদ। তাঁরা সবাই উচ্চশিক্ষিত। নুর আলম ও নাহিদ হাসান কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর করেছেন। অন্য তিনজন রাজারহাটের মীর ইসমাইল হোসেন কলেজ থেকে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছেন। তাঁদের সবার বাড়ি রাজারহাট ও আশপাশের এলাকায়।
নিজেদের কর্মসংস্থানের পথ তৈরি করতে গত অক্টোবরের শুরুতে তাঁরা এই উদ্যোগ নেন। প্রতিদিন সকালে তাঁরা বাড়িতে তৈরি করেন মুড়ির মসলা। উপকরণ সংগ্রহ থেকে শুরু করে মসলা তৈরি—সব কাজেই যুক্ত থাকেন সবাই। বিকেল চারটার দিকে এসব উপকরণ নিয়ে তাঁরা চলে আসেন রাজারহাট বাজারের রেলগেট এলাকায়। সেখানে রাত ১০টা পর্যন্ত মুড়িমাখা বিক্রি করেন তাঁরা।
নুর আলম বলেন, 'আমরা সবাই শিক্ষিত। আমাদের একটি কোম্পানি চালু করার পরিকল্পনা আছে। কিন্তু আমাদের কাছে সেই পরিমাণ টাকা নেই। তাই নিজেদের দৈনন্দিন আয়ের ব্যবস্থা করা ও পরস্পরকে ব্যবসায়ী সহযোগী হিসেবে বোঝার জন্য আপাতত এই উদ্যোগ নিয়েছি।'
মনির হোসেন বলেন, 'আমরা প্রত্যেকে চার হাজার টাকা করে দিয়ে মোট ২০ হাজার টাকায় এই যাত্রা শুরু করি। প্রতিদিন প্রায় ১০ হাজার টাকার মুড়ি বিক্রি করি। এতে প্রতিদিন সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা লাভ হয়। এই আয় দিয়ে নিজেদের দৈনন্দিন খরচ শেষে পরিবারকেও সহযোগিতা করতে পারছি। আগামী দিনে পাঁচ বন্ধু মিলে একটি কোম্পানি দেওয়ার পরিকল্পনা আছে।'
সাধারণ মুড়িমাখাকেই একটু ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন পাঁচ বন্ধু। মুড়ির সঙ্গে স্থানীয় চুইঝাল, রসুন ও নিজেদের তৈরি বিশেষ মসলার সংমিশ্রণে তাঁরা তৈরি করেছেন ব্যতিক্রমী এক খাবার। চুইয়ের ঝাঁজ আর রসুনের স্বতন্ত্র ঘ্রাণ মুড়িমাখায় যোগ করেছে নতুন মাত্রা, যা অল্প সময়েই আকৃষ্ট করেছে রাজারহাটের ভোজনরসিকদের।
শুধু স্বাদ নয়, খাবার পরিবেশনের পরিচ্ছন্নতার বিষয়েও গুরুত্ব দেন তাঁরা। এ জন্য মুড়ি পরিবেশনে তাঁরা ব্যবহার করেন খাদ্যোপযোগী কাগজ (ফুড গ্রেড পেপার)। প্রতিদিন তাঁদের দোকানে আসছেন আশপাশের স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষ। কেউ দোকানে বসে মুড়ি খান, কেউ আবার পরিবারের সদস্য বা প্রিয়জনের জন্য পারসেল করে নিয়ে যান।
নাহিদ হাসান বলেন, 'আমাদের এলাকায় চুইয়ের চাষ হয়। কিন্তু এখানকার মানুষ সেভাবে চুই খায় না। এসব চুই দেশের দক্ষিণাঞ্চলে চলে যায়। আমরা চুইঝাল দিয়ে মুড়ি মেখে একটু স্বাদের ভিন্নতা দেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, মানুষ আমাদের এই উদ্যোগ সাদরে গ্রহণ করেছে। প্রতিদিন অনেক মানুষ এখানে আসেন।'
উদ্যোক্তারা জানান, প্রতিদিন তাঁদের ২৩ থেকে ২৫ কেজি মুড়ির প্রয়োজন হয়। মুড়ি তৈরির অন্যতম উপকরণ চুই সংগ্রহ করেন তাঁরা স্থানীয়ভাবে। রসুন, বিভিন্ন ধরনের মসলা ও পরিবেশনের উপকরণ কিনতে হয়। পাঁচ বন্ধুর দেওয়া তথ্য অনুযায়ী, দৈনিক গড়ে প্রায় ৫০০ জন ক্রেতা তাঁদের মুড়িমাখা কেনেন।
ফেরদৌস আহমেদ বলেন, 'আমাদের এই উদ্যোগ শুধু মুড়ি বিক্রির ব্যবসা নয়, বরং নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা।'
কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুর রশিদ বলেন, পড়ালেখা শেষ করে চাকরির পেছনে না ছুটে নিজেদের কর্মসংস্থান নিজেরা তৈরি করার এই উদ্যোগ প্রশংসনীয়। এই যুবকেরা তাঁদের দপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের জন্য কোনো প্রতিষ্ঠান করতে চাইলে যুব উন্নয়ন অধিদপ্তর সেই সুযোগ তৈরি করে দেবে।

