১৮ বছর ধরে পাঠ্যক্রম বদলের যাঁতাকলে শিক্ষার্থীরা, আবার বড় পরিবর্তনের ভাবনা ২০২৮ সালে
গত ১৮ বছর ধরে পাঠ্যক্রম, পাঠ্যপুস্তক, পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন ব্যবস্থায় বারবার আনা পরিবর্তনের শিকার হয়েছে দেশের হাজার হাজার শিক্ষার্থী। ইংরেজি দৈনিক নিউ এইজের প্রধান শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, একের পর এক সরকার শিক্ষাক্ষেত্রে সংস্কার এনেছে এবং সেগুলো কার্যকর কি না তা সঠিকভাবে যাচাই করার আগেই আবার বাতিল করে দিয়েছে, যার খেসারত দিতে হচ্ছে শিক্ষার্থীদেরই।
প্রতিবেদনে উদাহরণ হিসেবে ঢাকার একটি স্কুলের শিক্ষার্থী মুসাব রহমানের কথা বলা হয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রবর্তিত নতুন ‘ধারাবাহিক মূল্যায়ন’ভিত্তিক পাঠ্যক্রমের অধীনে সে নবম শ্রেণিতে ভর্তি হয়েছিল।
ওই পাঠ্যক্রমে মাধ্যমিক পর্যায়ে নবম ও দশম শ্রেণির সিলেবাসে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার মতো প্রচলিত বিভাগগুলো বিলুপ্ত করা হয়েছিল।
কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের সেপ্টেম্বরে ওই পাঠ্যক্রম বাতিল করে দেয় এবং পরবর্তী শিক্ষাবর্ষ থেকে ২০১২ সালের পাঠ্যক্রমে ফিরে যাওয়ার ঘোষণা দেয়।
দুই বছরের মধ্যে দুটি ভিন্ন জাতীয় পাঠ্যক্রমের কারণে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য মুসাবসহ তার সহপাঠীদের প্রস্তুতি ব্যাহত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মুসাব সেই হাজার হাজার শিক্ষার্থীর একজন, যারা দীর্ঘদিন ধরে এ ধরনের বারবার পরিবর্তনের মধ্যে পড়েছে।
বর্তমানে সরকার ২০২৮ সালে পাঠ্যক্রমে আরও একটি বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে, যা শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ গতিপথ নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।
শিক্ষাবিদদের মতে, একটি সুসংগত জাতীয় শিক্ষা দর্শন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতার অভাব পাঠ্যক্রম প্রণয়ন প্রক্রিয়াকে রাজনৈতিক পরীক্ষা-নিরীক্ষার একটি চক্রে পরিণত করেছে; যার ফলে শিক্ষার্থীরা কার্যত এক ধরনের পরীক্ষামূলক বস্তুতে পরিণত হয়েছে।


