পঞ্চগড়ের বোদায় গাছে মোটরসাইকেলের ধাক্কা, হাসপাতালে মারা গেল তৃতীয় বন্ধুও
পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে নিহত দুই বন্ধুর সঙ্গে থাকা গুরুতর আহত আরেক বন্ধুও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় তিন কিশোর বন্ধুরই মৃত্যু হলো।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে বোদা উপজেলার নন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া এলাকায় সাকোয়া বাজার–শাহাপাড়া সড়কে দুর্ঘটনাটি ঘটে।
সকালে নিহত দুই বন্ধু হলো বোদা উপজেলার ভোলাবসুনিয়া এলাকার আতাউর রহমানের ছেলে সায়মন ইসলাম (১৫) ও ফুলবাড়ী এলাকার মিজানুর রহমানের ছেলে রেদোয়ান হোসেন (১৫)।
একই দিন রাতে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় অপর বন্ধু ফজলে রাব্বি শাহ (১৫)। সে শাহাপাড়া এলাকার আবু শাহর ছেলে।
হতাহত তিনজনই স্থানীয় সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামার মোটরসাইকেল নিয়ে বৃহস্পতিবার সকালে সাকোয়া এলাকায় প্রাইভেট পড়তে যায় সায়মন। প্রাইভেট শেষে বন্ধু রেদোয়ান ও ফজলে রাব্বিকে নিয়ে সে বাড়ির উদ্দেশে রওনা হয়।
ফেরার পথে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে।
পরে স্থানীয় লোকজন তিন কিশোরকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়মন ও রেদোয়ানকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল তিন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে আগেই দুজনের মরদেহ হস্তান্তর করা হয়। অপরজনের মরদেহও একই প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে।
