মাদ্রিদে বাংলাদেশি পণ্যের সুপারমার্কেট ‘ফারান সুপার মার্কাদো’ চালু করলেন তাজুল উদ্দিন
স্পেনের রাজধানী মাদ্রিদে প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশি নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ফারান সুপার মার্কাদো’। প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা তাজুল উদ্দিন সুপারমার্কেটটি চালু করেছেন।
সুপারমার্কেটটি মাদ্রিদের মেট্রো লাইন-১-এর আলতো দে আরেনাল এলাকায় অবস্থিত। এর ঠিকানা কাইয়ে আভেনিদা দে লা বুফেরা, ২৪৬ নম্বর।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল কাইয়ুম মাসুক ও সাধারণ সম্পাদক কাউছার হোসেন টিপু এবং বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের সভাপতি বকুল খান ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহসভাপতি আব্বাস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী, আব্দুল মোতালেব বাবুল ও সমছুল ইসলামসহ সংগঠনের অন্য নেতারা ও প্রবাসী বাংলাদেশিরা।
সুপারমার্কেটটিতে প্রবাসী বাংলাদেশিদের দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগ রয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।
উদ্যোক্তা তাজুল উদ্দিন বলেন, প্রবাসী বাংলাদেশিদের সুবিধার কথা বিবেচনা করে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে বাংলাদেশিরা সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবেন বলে তিনি জানান।
তাজুল উদ্দিন আরও জানান, কোনো ক্রেতা ৪০ ইউরো বা তার বেশি মূল্যের বাজার করলে তাঁর বাসায় পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে।
তিনি মাদ্রিদে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিকে ফারান সুপার মার্কাদোতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। প্রবাসীদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি বাংলাদেশিদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
