শিকড়ের সন্ধানে বাংলাদেশে নেদারল্যান্ডসপ্রবাসী রাজিব: ৪৯ বছর বয়সে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়ায় খুঁজছেন জন্মদাতা বাবা-মাকে
১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে বাংলাদেশ থেকে একটি এনজিওর মাধ্যমে দত্তক হিসেবে নেদারল্যান্ডসে পাঠানো হয় রাজিব উদ্দিনকে। সেখানেই তাঁর লালন-পালন ও বেড়ে ওঠা। এখন ৪৯ বছর বয়সে এসে রাজিব খুঁজছেন তাঁর বাংলাদেশের শিকড়—জন্মদাতা বাবা-মাকে।
গত ছয় বছর ধরে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় বাবা-মাকে খুঁজে বেড়াচ্ছেন তিনি; এ নিয়ে ছয় দফা বাংলাদেশে এসেছেন রাজিব। পেশায় তিনি একজন সমাজকর্মী। সর্বশেষ তিনি কুমিল্লার জেলা প্রশাসক কার্যালয়ে এসে পাসপোর্টে থাকা পেয়ারা কান্দি গ্রামের খোঁজ নেন।
রাজিবের পাসপোর্ট অনুযায়ী, তাঁর জন্ম ১৯৭৭ সালে। বাবার নাম গিয়াস উদ্দিন, মায়ের নাম মরিয়ম বিবি এবং দাদার নাম রহিম উদ্দিন। অস্থায়ী ঠিকানা হিসেবে পাসপোর্টে লেখা রয়েছে—বেবী হোমস, ঢাকা, বাংলাদেশ।
ঠিকানার গ্রামটি খুঁজতে গিয়েই জটিলতা তৈরি হয়েছে। পেয়ারা কান্দি গ্রাম কখনো দেখা যাচ্ছে কুমিল্লা জেলায়, আবার কখনো দেখা যাচ্ছে সেটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কোনো একটি গ্রাম। রাজিবের ঠিকানায় যে গ্রামের নাম দেওয়া হয়েছে, সেই অঞ্চলটি কোনো এক সময় বৃহত্তর কুমিল্লার অংশ থাকলেও ১৯৮৬ সালে সেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্ভুক্ত হয়।
কুমিল্লায় রাজিব উদ্দিন দেখা করেন অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুনের সঙ্গে। পাসপোর্টের ঠিকানা দিয়ে তিনি জানতে চান, ওই জায়গাটি আসলে কোথায়।
রাজিব উদ্দিন বলেন, ‘আমি আমার পুরো জীবন নেদারল্যান্ডসে কাটালেও আমি সেখানে বিদেশী। আমি বাংলাদেশে এসেছি আমার মা-বাবাকে খুঁজতে। নেদারল্যান্ডসে আমার সবকিছু আছে, আমি সেখানে খুব ভালো আছি। কিন্তু আমার খুব ফাঁকা লাগে—যখন আমি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে জানতে চাই, আমি আসলে কার মতো হয়েছি—বাবার মতো, নাকি মায়ের মতো।’
এর আগেও এক গ্রামে গিয়ে খোঁজ করার সময় একজন ব্যক্তি নিজেকে তাঁর বাবা বলে জানিয়েছিলেন বলে রাজিব জানান। তবে পরে ডিএনএ পরীক্ষা করে বোঝা যায়, ওই ব্যক্তির সঙ্গে তাঁর মিলছে না।
শুধু রাজিব নন, তাঁর বন্ধু সেলিনা গোমেজও নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে এসেছেন নিজের বাবা-মায়ের খোঁজে। গত তিন দফায় রাজিবের সঙ্গে বাংলাদেশে এসে বাবা-মাকে খুঁজছেন সেলিনা। তাঁর ঠিকানা কক্সবাজার দেওয়া; সেখানে গিয়েও খুঁজে এসেছেন তিনি। এখন তিনি রাজিবের সঙ্গে কুমিল্লায় অবস্থান করছেন। পেশায় সেলিনা একজন গায়িকা।
সেলিনা বলেন, ‘আমি নেদারল্যান্ডসে বিদেশীর মতোই থাকি। সেখানে আমাকে লালন-পালনকারীরা আছেন। তারপরও আমি জানতে চাই—আমার আসল বাবা-মা কে? আমি বা রাজিব যে-ই খুঁজে পাই না কেন, এটা হবে আমাদের সার্থকতা।’
