মৃত্যুদণ্ড মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফিরতে চান শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েই আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। দেশে ফিরতে তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন, তবে সরকার তাঁর পাসপোর্টের আবেদন নাকচ করে দিয়েছে। শেখ হাসিনা বলেছেন, “আমার কপালে যা-ই থাকুক, আমি আমার মানুষের কাছে ফিরে যাব। প্রিয় দেশবাসী কষ্টে থাকায় আমি দূরে থাকতে পারি না।”
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে সহিংস দমন-পীড়নের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৫ সালের ১৭ নভেম্বর তাঁর অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। জাতিসংঘের হিসাবে ওই আন্দোলনে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। হাসিনা অভিযোগগুলো অস্বীকার করে আসছেন।
ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর বলেছেন, হাসিনা দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর হবে। সত্যিই ফিরতে চাইলে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরার জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করতে তাঁকে পরামর্শ দিয়েছেন প্রধান প্রসিকিউটর।
এদিকে হাসিনার এই ঘোষণাকে “ভ্রমণ পরিকল্পনার চেয়ে রাজনৈতিক হাতিয়ার বেশি” বলে মনে করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান। আল জাজিরা ইংরেজির ‘ইনসাইড স্টোরি’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হবেন, দলের ভেতরে নেতৃত্ব নিয়ে চলা বিতর্ক থেমে যাবে এবং ঢাকা-দিল্লি সম্পর্কও পরীক্ষার মুখে পড়বে; পাশাপাশি তিনি নিজেকে অভিযোগকারীদের মুখোমুখি হতে প্রস্তুত একজন ‘নির্যাতিত নেতা’ হিসেবে তুলে ধরতে পারবেন।
শাহাব এনাম খান আরও বলেন, ৩০ দিনের আপিলের সময়সীমা পেরিয়ে গেছে এবং হাসিনার আইনি বিকল্প প্রায় শেষ। তাঁর মতে, আইনি পথের শুরু হবে আত্মসমর্পণের মধ্য দিয়ে; এরপর আদালতের অনুমোদন সাপেক্ষে পর্যালোচনা এবং শেষ পর্যন্ত সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমাই হতে পারে একমাত্র পথ। তবে তিনি সতর্ক করেন, হাসিনা ফিরে আটক হলেও তিনি রাজনৈতিক মেরুকরণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবেন, আর তাঁর এই অবস্থান আওয়ামী লীগের নিজের পুনর্গঠনকেও পিছিয়ে দেবে।
নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশীয় অধ্যয়ন কেন্দ্রের অধ্যাপক সঞ্জয় কুমার ভরদ্বাজ বলেন, হাসিনার আত্মবিশ্বাস আছে—ফিরলে তিনি ব্যাপক জনসমর্থন পাবেন, যেমনটা পেয়েছিলেন ২০০৭ সালে দেশে ফেরার সময়। তিনি বলেন, হাসিনার দিল্লিতে অবস্থান ভারত-বাংলাদেশ সুসম্পর্ক গড়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং এই সমস্যার সমাধান শুধু আইনি কাঠামোয় নয়, রাজনৈতিকভাবে খুঁজতে হবে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার আইনজীবী তাকবির হুদা বলেন, ২০২৪ সালের দমন-পীড়ন যেমন ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ছিল, তেমনি হাসিনার অনুপস্থিতিতে চলা বিচার নিয়েও ন্যায্য বিচার সংক্রান্ত গুরুতর প্রশ্ন রয়েছে। তাঁর মতে, পাসপোর্টের ইস্যুটি আসলে পাশ কাটানোর বিষয়মাত্র—বাংলাদেশি নাগরিক হিসেবে দেশে ফিরতে হাসিনার পাসপোর্টের প্রয়োজন নেই; দুই পক্ষই নিজ নিজ দর্শক-শ্রোতার জন্য ভূমিকা পালন করছে।
তাকবির হুদা সতর্ক করে বলেন, হাসিনার ফেরা বাংলাদেশের শান্তি ও নিরাপত্তার জন্য “অত্যন্ত বিপজ্জনক” হতে পারে, কারণ এখনও তাঁর লাখ লাখ সমর্থক রয়েছে, যারা তাঁর আহ্বানে রাস্তায় নামতে পারে। তাঁর ভাষ্য, হাসিনা ঠিক এই হুমকিটিকেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। আগে তিনি বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠানোর কথা বলতেন; এখন কৌশল বদলে বলছেন, দেশে ফিরে সেখানেই মরতে রাজি।
প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে ভারত ঢাকার বারবার করা প্রত্যর্পণের অনুরোধ ফিরিয়ে দিয়েছে, যা দুই প্রতিবেশী দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছে। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও দলটির নিবন্ধন স্থগিত রয়েছে; গত ফেব্রুয়ারির নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। হাসিনা সত্যিই ফিরবেন কি না, তা এখনও স্পষ্ট নয়—এ নিয়ে বিশ্লেষকদের মতও বিভক্ত।




