বোয়ালখালীতে খালি বাড়িতে টিন কেটে চুরি, নিল প্রায় তিন লাখ টাকার মালামাল

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সিঁড়িঘরের টিনের চালা কেটে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘর থেকে টেলিভিশন, হারমোনিয়াম ও বৈদ্যুতিক পাখাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শাকপুরা লালচাঁদ বাড়িতে এ চুরি হয়। বাড়িটি সংগীতশিল্পী জয়া বড়ুয়ার।
জানা গেছে, জয়া বড়ুয়া পরিবার নিয়ে চট্টগ্রাম নগরে বসবাস করেন। গ্রামের বাড়িতে তাঁদের মাঝেমধ্যে যাতায়াত হয়। দুই দিন আগেও তিনি বাড়িটি দেখে গিয়েছিলেন।
শুক্রবার সকাল ১১টার দিকে বাড়িতে এসে তিনি সিঁড়িঘরের ছাদের টিন কাটা দেখতে পান। পরে ঘরের ভেতরে গিয়ে দেখেন মূল্যবান বিভিন্ন মালামাল নেই।
জয়া বড়ুয়া জানান, চোরের দল ঘর থেকে এলইডি টেলিভিশন, হারমোনিয়াম, পানির মোটর, বৈদ্যুতিক তার, চারটি সিলিং ফ্যান, গ্যাস সিলিন্ডার, গ্যাসের চুলা ও রান্নার বিভিন্ন সামগ্রী নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।
তিনি আরও জানান, প্রায় ছয় মাস আগেও তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। ওই সময় ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যান ও পানির মোটরসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


