রাণীশংকৈলে ওয়ার্কার্স পার্টি ছেড়ে জামায়াতে যোগ দিলেন সাদেকুল ইসলাম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
আজ শুক্রবার উপজেলা জামায়াতের মাসিক রুকন বৈঠকে সংগঠনে যোগ দেন সাদেকুল ইসলাম। যোগদান শেষে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
যোগদান প্রসঙ্গে সাদেকুল ইসলাম বলেছেন, তাঁর বুঝতে অনেক সময় লেগেছে। তিনি এখন মনে করেন, ইসলামী আন্দোলনই সঠিক পথ, এ জন্যই তিনি যোগদান করলাম।
বৈঠকে উপজেলা জামায়াতের আমির মাওলানা উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মতিউর রহমান।
অনুষ্ঠানে আরও ছিলেন পৌর জামায়াতের আমির আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠান, উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মোকাররম হোসাইনসহ উপজেলার রুকন সদস্যরা।
এ বিষয়ে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী বলেন, ১০ নভেম্বর সাদেকুল মাস্টার (সাদেকুল ইসলাম) ভারপ্রাপ্ত সভাপতি হামিদুর রহমানের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তা ছাড়া তিনি আগে থেকেই ইসলামি মনোভাবের ছিলেন। এ কারণে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।




