ধানমণ্ডিতে ছাত্রদল নেতাকর্মীদের মারধরের মামলায় বারের কর্মীসহ ১১ জন কারাগারে
ঢাকার ধানমণ্ডি ২৭ নম্বরের কনকর্ড টাওয়ারে অবস্থিত ‘কয়লা রেস্টুরেন্ট অ্যান্ড বার’-এর সামনে ছাত্রদলের নেতাকর্মীদের মারধরের মামলায় ওই বারের ব্যবস্থাপক, বাউন্সারসহ মোট ১১ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন ৩১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহাম্মেদ মোল্লা ওরফে রাজা, যুবলীগ কর্মী আকবর হোসেন, সুমন মিয়া, জসিম খান, শাহাদাত ইসলাম, রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, শিপন, মাহবুব, কাইয়ুম ও রাকিবুল ইসলাম।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক উক্যমং রাখাইন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
রাজা ও আকবর ছাড়া বাকি ৯ আসামির পক্ষে আইনজীবী সালাউদ্দিন নিয়াজী জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, আসামিরা কয়লা রেস্টুরেন্ট অ্যান্ড বারের কর্মী, রাজনীতির সঙ্গে জড়িত নন।
মামলাটি সাজানো দাবি করে সালাউদ্দিন নিয়াজী বলেন, আজ ১৩ নভেম্বর, অথচ আসামিদের কারাগারে আটক রাখার আবেদনে লেখা হয়েছে ১২ নভেম্বর। এতেই বোঝা যায় মামলাটি সাজানো। আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই, রিমান্ডের আবেদনও নেই বলে জামিন চান তিনি।
শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন এবং জামিন বিষয়ে অধিকতর শুনানির দিন রোববার রাখেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন নিলয়, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস কে সজীব, ছাত্রদলকর্মী আকাশসহ অনেকে বুধবার ধানমণ্ডি কাবাব ঘর থেকে তানভীর আহম্মেদ মোল্লা ও আকবর হোসেনকে আটক করে নিয়ে যাচ্ছিলেন।
পথে রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর থানার ধানমণ্ডি-১৭ এলাকায় ঢাকা ব্যাংকের নিচে এলে সুমন মিয়ার হুকুমে অন্য আসামি ও অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জন বেতের লাঠি, লোহার রড ও হকিস্টিক দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম করে বলে অভিযোগে বলা হয়েছে।
তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ও জনতা মিলে ১১ জনকে আটক করলে অন্য আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় মোতাহার হোসেন বৃহস্পতিবার মোহাম্মদপুর থানায় মামলা করেন।
এর আগে বুধবার রাত ১০টার দিকে ধানমণ্ডি ২৭ নম্বরে একটি বারে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে ছাত্রদলের তিন নেতাকর্মী আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজা ও তার সহযোগী সুমনকে আটক করে। বারের ম্যানেজারসহ কয়েকজন নিরাপত্তাকর্মীকেও আটক করা হয়।
পুলিশ ও ছাত্রদল সূত্র জানায়, ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকার অভিযোগে রেস্তোরাঁকর্মী সুমনকে আটক করতে গেলে তিনি পালিয়ে কয়লা বারে আশ্রয় নেন। পরে তাকে ছাড়াতে ছাত্রলীগ নেতা রাজা সেখানে উপস্থিত হন। ছাত্রদলের নেতাকর্মীরা বারের ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে মোতাহার হোসেন, এস কে সজীব ও আকাশ আহত হন, তাদের মাথায় আঘাত লাগে।
সে সময় মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, এই ঘটনায় দুই ছাত্রলীগ নেতাসহ ৮ থেকে ৯ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।




