রাজধানীর ছয় স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক ১৮

রাজধানীর পৃথক ছয়টি স্থানে শুক্রবার ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এসব মিছিল থেকে ১৭ জনসহ মোট ১৮ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন প্রথম আলোকে বলেন, দিনের বিভিন্ন সময় রাজধানীর মিরপুর, শনির আখড়া ও ডেমরার ছয়টি স্থানে ঝটিকা মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগের নেতা-কর্মীরা।
এ সময় ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ অভিযান চালিয়ে মিছিল থেকে ১৭ জনকে আটক করে। তাঁদের মধ্যে মিরপুর মডেল থানা ৮ জন, দারুসসালাম ২ জন, যাত্রাবাড়ী ৩ জন, ডেমরা ৩ জন ও তুরাগ থানা ১ জনকে আটক করে। পুলিশ তাঁদের কাছ থেকে কিছু ককটেল জব্দ করেছে।
এ ছাড়া ক্যান্টনমেন্ট থানায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক উপাদানাবলি আইনে করা মামলায় যুবলীগের কর্মী মো. হৃদয় আহমেদ ওরফে কালাকে (১৯) আজ সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কুর্মিটোলা এলাকায় মোটরসাইকেল থেকে রাস্তায় ককটেল ছুড়ে মেরেছিলেন।
ডিএমপি জানায়, ঝটিকা মিছিল থেকে আটক ১৭ জনসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠাবে পুলিশ।
রাজধানীর কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে শুক্রবার দুপুরে ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীর (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ট্রাফিক পুলিশ।
ডিএমপি জানায়, শুক্রবার বেলা দেড়টার দিকে কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে বিকট শব্দে ৫-৬টি ককটেল বিস্ফোরিত হয়। দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত জনতার সহায়তায় ট্রাফিক পুলিশ জাহাঙ্গীরকে আটক করে। পরে তাকে দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।




