টাইটানিকের চেয়েও বড় দ্রুততম জাহাজ এসএস ইউনাইটেড স্টেটসকে ডুবিয়ে দেওয়া হলো মেক্সিকো উপসাগরে

যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক যাত্রীবাহী জাহাজ এসএস ইউনাইটেড স্টেটস তার সর্বশেষ যাত্রা শেষ করেছে। প্রায় এক হাজার ফুট (৩০২ মিটার) দীর্ঘ এই জাহাজটি ছিল বিশ্বের দ্রুততম সমুদ্রগামী যাত্রীবাহী জাহাজ। গত বুধবার এটিকে সাগরে ডুবিয়ে দেওয়া হয়।
ইচ্ছাকৃতভাবে জাহাজ ডুবিয়ে দেওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় ‘স্কাটলিং’। এর আগে জাহাজের খোল ফাঁপা করা হয়, যাতে এটি সমুদ্রের তলদেশেই থাকে। পাঁচ ঘণ্টা ধরে জাহাজটিতে ধীরে ধীরে পানি ঢোকে। শেষ মুহূর্তে এটি একদিকে কাত হয়ে ফ্লোরিডার ডেস্টিন উপকূলের কাছে মেক্সিকো উপসাগরের তলদেশে ডুবে যায়।
জাহাজটি নির্মাণ করা হয় ১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে। এটি বিখ্যাত টাইটানিক জাহাজের চেয়েও বড় ছিল। টাইটানিকের দৈর্ঘ্য ছিল ৮৮২ ফুট ৯ ইঞ্চি (২৬৯ দশমিক ১ মিটার), আর এসএস ইউনাইটেড স্টেটস ছিল প্রায় এক হাজার ফুট (৩০২ মিটার)। জাহাজটি পরিচিত ছিল মূলত এর গতি, মজবুত কাঠামো ও বিলাসবহুল ব্যবস্থার জন্য।
১৯৫২ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা জাহাজটি প্রথম যাত্রাতেই আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার গতির রেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টি করে। এটি ৩ দিন ১০ ঘণ্টা ৪০ মিনিটে আটলান্টিক পাড়ি দেয়। এ সময় এর গড় গতি ছিল ৩৫ দশমিক ৫৯ নটিক্যাল মাইল, অর্থাৎ ঘণ্টায় প্রায় ৬৬ কিলোমিটার। অন্য কোনো যাত্রীবাহী জাহাজ এখনো এই রেকর্ড ভাঙতে পারেনি।
১৭ বছর ধরে জাহাজটি হাজার হাজার যাত্রী বহন করেছে। এই যাত্রীদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, বিল ক্লিনটন, হ্যারি ট্রুম্যান ও ডোয়াইট আইজেনহাওয়ার। হলিউড তারকা মেরিলিন মনরো, এলিজাবেথ টেলর ও মার্লন ব্র্যান্ডোও এই জাহাজের যাত্রী হয়েছেন। তাঁদের পাশাপাশি ছিলেন পরাবাস্তববাদী চিত্রশিল্পী সালভাদর দালি ও জ্যাজ সংগীতশিল্পী ডিউক এলিংটন।
১৯৬৯ সালে জাহাজটিতে যাত্রী বহন বন্ধ করে দেওয়া হয়। এরপর জাহাজটি বছরের পর বছর ধরে অচল অবস্থায় পড়ে ছিল।
কাউন্টির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কৃত্রিম প্রবালপ্রাচীর হিসেবে জাহাজটি ডুবিয়ে দেওয়া পরিবেশের জন্য নিরাপদ করতে এক বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়। কাউন্টি জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থাগুলোর নির্ধারিত সব মানদণ্ড অনুসরণ করা হয়েছে।
কাউন্টির এক বিবৃতিতে বলা হয়, এভাবে প্রস্তুত করা কৃত্রিম প্রবালপ্রাচীর সামুদ্রিক বাস্তুতন্ত্রের উপকার করে, ক্ষতি নয়। এগুলো এমন জায়গায় আবাস তৈরি করে, যেখানে আগে কোনো আবাস ছিল না, পাশাপাশি বৈচিত্র্যময় একটি পরিবেশ গড়ে উঠতে সাহায্য করে। এর সুফল পায় সামুদ্রিক প্রাণী, মৎস্যশিল্প ও গোটা পর্যটন খাত।
বিশ্বের বৃহত্তম এই কৃত্রিম প্রবালপ্রাচীর ডুবে যাওয়া জাহাজ ঘুরে দেখতে আগ্রহী ডুবুরিদের আকৃষ্ট করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে ফ্লোরিডায় পর্যটনের আরও সুযোগ তৈরি হবে।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ২০০৭ সালের একটি প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সাগর ও মহাসাগরগুলোর তলদেশে ডুবে যাওয়া আনুমানিক ৩০ লাখ জাহাজ রয়েছে। এসব জাহাজের অনেকগুলোই স্বাভাবিকভাবে সামুদ্রিক প্রাণের আবাস হয়ে ওঠে।



