সেন্ট গ্রেগরিজের ১৪৪ বছরের স্মৃতি নিয়ে গড়ে উঠল গ্রেগরিয়ান মিউজিয়াম, উদ্বোধন ২০ নভেম্বর

ঢাকার সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজের ১৪৪ বছরের ইতিহাস ও স্মৃতি এখন এক ছাদের নিচে সংরক্ষিত হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রাক্তন শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে গড়ে তোলা হয়েছে ‘গ্রেগরিয়ান মিউজিয়াম’ নামের একটি জাদুঘর, যা আগামী ২০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
শুক্রবার রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন দ্য গ্রেগরিয়ান সোসাইটির নেতারা। তাঁরা জানান, জাদুঘরটি বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থী—সবার জন্য উন্মুক্ত থাকবে।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, বিদ্যালয়ের মূল ভবনের পঞ্চম তলায় অবস্থিত এই জাদুঘরে স্থান পাবে ১৮৮২ সালে ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির দীর্ঘ পথচলার নানা স্মারক। এর মধ্যে থাকছে বিদ্যালয়ের ইতিহাসের সঙ্গে যুক্ত ঐতিহাসিক দলিল, আলোকচিত্র, প্রত্নসামগ্রী, স্মারক ও অন্যান্য গুরুত্বপূর্ণ নিদর্শন।
সংবাদ সম্মেলনে দ্য গ্রেগরিয়ান সোসাইটির সভাপতি ইউসুফ রহমান বলেন, দীর্ঘ পথচলায় সেন্ট গ্রেগরিজ হাইস্কুল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান অনেক ব্যক্তিত্বের জন্ম দিয়েছে, যাঁরা দেশের মানুষের কল্যাণে ও বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন; তাঁদের নানা স্মৃতি এই জাদুঘরে স্থান পাবে। তিনি আরও বলেন, জাদুঘরে কোনো নির্দিষ্ট রাজনৈতিক পক্ষকে নয়, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিকেই স্থান দেওয়া হয়েছে।
উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার প্রদীপ প্লাসিড রিবেইরো বলেন, এখন বড় দায়িত্ব হলো জাদুঘরে থাকা ঐতিহাসিক ব্যক্তিদের স্মৃতি কীভাবে সংরক্ষণ করে রাখা যায়, সেই চেষ্টা করা। তিনি বলেন, এই স্কুলের সঙ্গে অনেক ঐতিহাসিক ব্যক্তি জড়িয়ে আছেন; শিক্ষার্থীরা যখন সেই স্মৃতিগুলো দেখবে, তখন তারা সেই মানুষদেরও অনুভব করতে পারবে।
জাদুঘরটির নকশা ও বাস্তবায়নের দায়িত্ব পালন করেছে মিউজিয়াম ডিজাইন অ্যান্ড এক্সিকিউশন কমিটি। গত বছরের ১৪ নভেম্বর প্রতীকী ইট স্থাপনের মাধ্যমে নির্মাণকাজের সূচনা হয়, এরপর ২৮ ডিসেম্বর পুরোনো জায়গাটি নির্মাণের জন্য প্রস্তুত করা হয়। একই সময়ে প্রাক্তন শিক্ষার্থীদের একটি পৃথক দল প্রদর্শনের জন্য ঐতিহাসিক নিদর্শন, স্মারক ও দলিল সংগ্রহ ও সংরক্ষণের কাজ শুরু করে।
আয়োজকদের মতে, গ্রেগরিয়ান মিউজিয়াম কেবল নিদর্শন সংরক্ষণের জায়গা নয়; এটি বিদ্যালয়ের দীর্ঘ ইতিহাস, প্রজন্মের পর প্রজন্ম গড়ে ওঠা ঐতিহ্য এবং অসংখ্য গ্রেগরিয়ানের অবদানের এক স্থায়ী স্মারক। এর মাধ্যমে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং দর্শনার্থীরা বিদ্যালয়ের সমৃদ্ধ ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নিজেদের ঐতিহ্যের সঙ্গে নতুন করে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।



