ডাক অধিদফতরে ১৬৯ জনের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
ডাক অধিদফতর ১৬৯ জনকে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা, সহকারী নিয়ন্ত্রক স্ট্যাম্পস অফিস, ঢাকা, আন্তর্জাতিক ডাক হিসাবরক্ষণ অফিস, ঢাকা এবং টংগীর গাজীপুরে অবস্থিত পোস্টাল প্রিন্টিং প্রেসের আওতাধীন রাজস্ব খাতভুক্ত শূন্য পদগুলোতে অস্থায়ীভাবে এই নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।
সবচেয়ে বেশি নেওয়া হবে অফিস সহায়ক পদে। আগের এমএলএসএস নামে পরিচিত এই পদে ৩৭ জন নেওয়া হবে। এটি ২০তম গ্রেডের পদ, বেতন ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা, এবং যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস, ইন্সপেক্টর অব রেলওয়ে মেইল সার্ভিস, ইন্সপেক্টর অব পিএলআই ও ইন্সট্রাক্টর, পিটিসি পদে নেওয়া হবে ৩১ জন। ১২তম গ্রেডের এই পদের বেতন ২৪ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৭০০ টাকা এবং যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি।
উপজেলা পোস্টমাস্টার পদে নেওয়া হবে ২২ জন। ১৩তম গ্রেডের এই পদের বেতন ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা এবং যোগ্যতা স্নাতক ডিগ্রি।
সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বা স্টেনোটাইপিস্ট পদে ১৭ জন, উচ্চমান সহকারী পদে ৮ জন এবং জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট পদে ৭ জন নেওয়া হবে। জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট ১১তম গ্রেডের পদ, বেতন ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া ডাক অধিদফতরে সহকারী পদে ২ জন, সহকারী পরিদর্শক পদে ১ জন এবং পোস্টাল অপারেটর পদে ১ জন নেওয়া হবে।
কারিগরি পদগুলোর মধ্যে টেকনিশিয়ান ও মেকানিক পদে একজন করে নেওয়া হবে। দুটি পদেরই যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
ড্রাফটসম্যান পদে ৩ জন নেওয়া হবে, যাঁদের ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেট থাকতে হবে। মেশিনম্যান, সহকারী মেশিনম্যান, কম্পোজিটরসহ প্রিন্টিং প্রেস-সংশ্লিষ্ট আরও কয়েকটি পদেও জনবল নেওয়া হবে।
হালকা ড্রাইভার পদে ১ জন নেওয়া হবে। এই পদের জন্য মাধ্যমিক পাসের পাশাপাশি হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
নিরাপত্তা প্রহরী পদে ৫ জন, প্যাকার ও সার্চ পিয়ন পদে তিনজন করে এবং চেকার, কাউন্টার ও আর্মড গার্ড পদে দুজন করে নেওয়া হবে। আর্মড গার্ড পদের জন্য অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
পরিচ্ছন্নতা কর্মী ও কুলি পদের জন্য অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাসই যথেষ্ট, আর বাকি বেশির ভাগ নিম্ন গ্রেডের পদের যোগ্যতা মাধ্যমিক পাস।



