…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

নারীর কর্মসংস্থানের জন্য সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন জরুরি: বাংলা একাডেমিতে জাতীয় সম্মেলনে আলোচকরা

নিজস্ব প্রতিবেদক
নারীর কর্মসংস্থানের জন্য সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন জরুরি: বাংলা একাডেমিতে জাতীয় সম্মেলনে আলোচকরা
ছবি: সংগৃহীত

সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও মানসম্মত শিশুযত্ন সেবা নারীদের কর্মজীবনে প্রবেশ ও কর্মসংস্থানে টিকে থাকতে সহায়তা করতে পারে। একই সঙ্গে এটি শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ তৈরি করে।

শনিবার রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজিত ‘জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেন। শিশুযত্নকে একটি খাত হিসেবে আরও বেশি স্বীকৃতি দেওয়া এবং প্রতিটি শিশুর জন্য মানসম্মত যত্ন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও জানান তাঁরা।

দুই দিনের এই সম্মেলনের প্রথম দিনে নারীর কর্মসংস্থান ও শিশুর বিকাশে শিশুযত্নের ভূমিকা নিয়ে আলোচনা হয়। সিনারগোস বাংলাদেশ, ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট (বিআইইডি), ব্র্যাক এবং বিশ্বব্যাংক গ্রুপ যৌথভাবে সম্মেলনটির আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। অধিবেশনে আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে, ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক অরিঞ্জয় ধর, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার, বিআইইডির নির্বাহী পরিচালক ইরাম মরিয়ম এবং সিনারগোস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এষা হোসেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বর্তমান সময়ে শিশুযত্ন একটি বড় ইস্যু। শিশুর যত্ন নিয়ে অনিশ্চয়তার কারণে অনেক নারী কাজে যেতে পারছেন না বা কর্মস্থল থেকে ঝরে পড়ছেন। এ ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব সবচেয়ে বেশি বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, বিদ্যমান শিশু দিবাযত্ন কেন্দ্র আইনে কিছু জটিলতা রয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে আইনে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করা হবে।

বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে বলেন, বাংলাদেশের লক্ষ্য অর্জনে আরও বেশি কর্মসংস্থান তৈরি করতে হবে এবং উৎপাদনশীলতা বাড়াতে হবে। দেশের মানবসম্পদের আরও ভালো ব্যবহার নিশ্চিত করতে নারীদের কেন্দ্রে রাখতে হবে। তাঁর মতে, সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন নারীদের কাজে যুক্ত হতে এবং কর্মসংস্থান তৈরিতে সহায়তা করে, পাশাপাশি শিশুদের জীবনের শুরুটা ভালো করতে ভূমিকা রাখে।

ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক অরিঞ্জয় ধর বলেন, মানসম্মত শিশুযত্ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামোর অংশ। নারীদের যদি সন্তানদের যত্ন নেওয়া আর কাজের মধ্যে একটিকে বেছে নিতে হয়, তাহলে অন্তর্ভুক্তিমূলক ও উৎপাদনশীল অর্থনীতি গড়ে তোলা যাবে না বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে নীতিগত দিকনির্দেশনা রয়েছে; সবার সম্মিলিত উদ্যোগে এর কার্যকর বাস্তবায়ন জরুরি বলেও জানান তিনি।

আয়োজকেরা বলেন, শিশুযত্নকে একটি খাত হিসেবে স্বীকৃতি দেওয়ার অর্থ হলো নারীর বেতনভুক্ত ও অবৈতনিক যত্নকাজের মূল্যকে স্বীকৃতি দেওয়া, যত্নদাতা ও অন্যান্য অংশীজনের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং প্রতিটি শিশুর মানসম্মত যত্ন পাওয়ার অধিকারকে স্বীকার করা।

সম্মেলনে বৈশ্বিক গবেষণার আলোকে শিশুযত্নের সম্ভাব্য তিন ধরনের সুফল তুলে ধরা হয়: নারীর অর্থনৈতিক অংশগ্রহণে সহায়তা, আগামী প্রজন্মকে শক্তিশালী মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা। এর সুফল নিয়োগদাতারাও পেতে পারেন বলে আলোচনায় উঠে আসে।

আলোচকেরা বলেন, শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ শিশুযত্নের জন্য একটি আইনি ভিত্তি তৈরি করেছে। তবে বাস্তবায়ন, নিয়ন্ত্রণ, অর্থায়ন, জনবল উন্নয়ন, মান নিশ্চিতকরণ এবং সেবা প্রদানের ক্ষেত্রে এখনো বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। বর্তমানে শিশুযত্ন সেবার পরিসর সীমিত এবং নিম্নআয়ের পরিবারের জন্য অনেক ক্ষেত্রেই তা ব্যয়বহুল।

বিশ্বব্যাংক গ্রুপের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, পরিবারগুলো সাশ্রয়ী, কাছাকাছি, বিশ্বাসযোগ্য এবং শিশুদের বিকাশে সহায়ক শিশুযত্ন সেবা গ্রহণে বেশি আগ্রহী।

সম্মেলনের প্রথম দিনে কর্মশালা ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ‘শিশুর যত্নে ঐক্যবদ্ধ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে নীতিনির্ধারক, নিয়োগদাতা, শিশুযত্ন সেবাদাতা ও উদ্যোক্তা, উন্নয়ন অংশীদার, গবেষক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

চাকরি বিভাগের আরও খবর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নবম গ্রেডে ২২ জন নিয়োগ, আবেদন ২ ডিসেম্বর পর্যন্ত
চাকরি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নবম গ্রেডে ২২ জন নিয়োগ, আবেদন ২ ডিসেম্বর পর্যন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানটিতে নবম গ্রেডের পাঁচটি ক্যাটাগরির পদে মোট ২২ জনকে নিয়োগ দ…

পুলিশে কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২ হাজার ৬৯৪টি, ৬ হাজার পদে নিয়োগের সম্ভাবনা
চাকরি

পুলিশে কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২ হাজার ৬৯৪টি, ৬ হাজার পদে নিয়োগের সম্ভাবনা

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চলতি নিয়োগপ্রক্রিয়ায় মোট ১ লাখ ২ হাজার ৬৯৪টি আবেদন জমা পড়েছে। গত ৯ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ…

অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গোনার চাকরি, মাসে আয় সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত
চাকরি

অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গোনার চাকরি, মাসে আয় সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত

ব্রিটিশ সংস্থা ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট (ইউকেএএইচটি) প্রতিবছর একটি বিশেষ চাকরির জন্য লোক নেয়। অ্যান্টার্কটিকার গ্রীষ্মকালে পোর্ট লকরয় এলা…