২২ ঘণ্টা মহাকাশে কাটিয়ে টাওয়ারের বাহুতে ধরা পড়ল স্টারশিপ, প্রথমবারের মতো সফল শিপ ক্যাচ

স্পেসএক্সের স্টারশিপ শনিবার পৃথিবীতে ফিরে এসেছে—আর তা ধরা পড়েছে মাঝ আকাশে, উৎক্ষেপণ টাওয়ারের বিশাল যান্ত্রিক বাহুতে। শুক্রবার টেক্সাসের স্টারবেস থেকে উৎক্ষেপণের ২২ ঘণ্টা পর মহাকাশযানটি যেখান থেকে যাত্রা শুরু করেছিল, সেখানেই ফিরে এলো।
মহাকাশ থেকে ফিরে আসা কোনো স্টারশিপকে এই প্রথমবার ধরা হলো। ইলন মাস্ক ও তাঁর দল যে চূড়ান্ত দৃশ্যের আশা করেছিলেন, এটাই ছিল সেটি।
তবে দুটি অংশই ধরার স্বপ্ন পূরণ হয়নি। শুক্রবার উৎক্ষেপণের কিছুক্ষণ পরই প্রথম ধাপের বুস্টারটি বিস্ফোরিত হয়। মেক্সিকো উপসাগরে সেই ধ্বংসাবশেষ ভেসে আছে, বয়া দিয়ে ঘিরে রাখা হয়েছে এলাকাটি। এদিকে স্টেইনলেস স্টিলের বুলেট আকৃতির মহাকাশযানটি সোজা হয়ে উৎক্ষেপণ মঞ্চে নেমে আসে।
এই নাটকীয় ধরা পড়ার দৃশ্য বুস্টারের ব্যর্থতার হতাশা অনেকটাই ঢেকে দিয়েছে। স্পেসএক্সের ধারাভাষ্যকার ড্যান হুয়ট চিৎকার করে ওঠেন, ‘আপনারা কি বিশ্বাস করতে পারছেন?’
স্পেসএক্সের কর্মকর্তারা জানান, শনিবারের এই ধরা পড়া স্টারশিপের পূর্ণ পুনর্ব্যবহারযোগ্যতা প্রমাণ করে। চাঁদ ও মঙ্গলে যাওয়ার জন্য এই মহাকাশযান বানানো হয়েছে। বুস্টার ধরার ক্ষেত্রে শুক্রবার ব্যর্থ হলেও, এর আগে তিনবার বুস্টার ধরতে পেরেছে প্রতিষ্ঠানটি।
নাসা শনিবারের খবরকে স্বাগত জানিয়েছে। মহাকাশ সংস্থাটি স্টারশিপ দিয়ে এই দশকের শেষ দিকে আর্টেমিস নভোচারীদের চাঁদে নামাতে কয়েক বিলিয়ন ডলার দিচ্ছে, আর চাঁদে স্থায়ী ঘাঁটি গড়তেও এই যান কাজে লাগবে। মাস্কের লক্ষ্য আরও বড়—তিনি স্টারশিপের একটি বহর দিয়ে মঙ্গলে একটি শহর গড়তে চান।
বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী এই রকেটটি ৪০৭ ফুট (১২৪ মিটার) লম্বা। শুক্রবার বিকেলে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের কাছে স্পেসএক্সের স্টারবেস থেকে এটি উৎক্ষেপণ করা হয়। বুস্টার থেকে সুন্দরভাবে আলাদা হয়ে ওপরের অংশের মহাকাশযানটি কক্ষপথে উঠে যায় এবং ২৬টি উন্নত স্টারলিংক স্যাটেলাইট ছেড়ে দেয়।
এরপর মহাকাশযানটি পৃথিবী থেকে ১৬৫ মাইল (২৬৫ কিলোমিটার) ওপরে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে, আর স্টারলিংকের মাধ্যমে নিজের ও পৃথিবীর সরাসরি ছবি পাঠাতে থাকে। এটি পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে, যা আগের অভিযানের এক থেকে দুই বারের তুলনায় অনেক বেশি।
২০২৩ সাল থেকে পূর্ণ আকারের স্টারশিপের এটি ছিল ১৫তম উড্ডয়ন, আর মাত্র দ্বিতীয়বার এটি কক্ষপথে গেল। মহাকাশযানের সবকিছু, এমনকি এর অত্যন্ত গুরুত্বপূর্ণ তাপ-ঢালও, ঠিকমতো কাজ করেছে বলে জানিয়েছে স্পেসএক্স।
বুস্টারের ক্ষেত্রে কী হয়েছিল, তা জানিয়েছেন স্পেসএক্সের কেট টাইস। তিনি বলেন, ফেরার পথে বুস্টারের ইঞ্জিনগুলো প্রয়োজনের আগেই বন্ধ হয়ে যায়। নির্দেশনা ব্যবস্থা বুঝতে পারে বুস্টারটি সঠিক অবস্থানে নেই, আর তাই সেটি নিজে থেকেই সাগরে নামার পথ বেছে নেয় এবং নিজেকে ধ্বংস করে। প্রকৌশলীরা এখনো কারণ খতিয়ে দেখছেন।
স্পেসএক্স আশা করছে, আগামী কয়েক মাসের মধ্যে ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে স্টারশিপ উৎক্ষেপণ শুরু করবে। সেখান থেকেই শুরু হবে নাসার পরের আর্টেমিস অভিযান, যেখানে মহাকাশযানটি চাঁদে না গিয়ে পৃথিবীর কক্ষপথেই থেকে চাঁদে নামার মহড়া দেবে।
আর্টেমিস ৩-এর চার নভোচারী তাঁদের ক্যাপসুল স্টারশিপের পাশাপাশি ব্লু অরিজিনের ব্লু মুনের সঙ্গেও যুক্ত করার চেষ্টা করবেন। দুই প্রতিষ্ঠান পালা করে নভোচারীদের চাঁদের মাটিতে নামাবে। ২০২৮ সালের মধ্যে আর্টেমিস ৪-এর লক্ষ্য নাসা ঠিক করেছে—অ্যাপোলো যুগের অর্ধ শতাব্দীরও বেশি সময় পর মানুষের প্রথম চাঁদে অবতরণ।




