গ্রাউন্ড স্টপের জেরে যুক্তরাষ্ট্রে ১৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল, যাত্রীদের ধৈর্য ধরার পরামর্শ বিশেষজ্ঞের

শুক্রবারের গ্রাউন্ড স্টপের জেরে যুক্তরাষ্ট্রে বিমান ভ্রমণ এখনো অস্থির। এই পরিস্থিতিতে গন্তব্যে পৌঁছাতে চাওয়া যাত্রীদের প্রস্তুতি ও ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন ভ্রমণ বিশেষজ্ঞরা।
ভ্রমণ পরিকল্পনা সেবা ক্র্যাঙ্কি কনসিয়ার্জের প্রেসিডেন্ট ব্রেট স্নাইডার বলেছেন, বিমান সংস্থাগুলো তাদের বিমানবহর ও ক্রুদের পরিকল্পিত গন্তব্যে সুশৃঙ্খলভাবে ফেরাতে হিমশিম খাওয়ায় ফ্লাইটের সূচি সোমবারের আগে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।
ফ্লাইটঅ্যাওয়্যারের হিসাবে, শুক্রবার ও শনিবার মিলিয়ে মোট ১৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। শনিবার বিকেল পর্যন্ত রোববারের প্রায় ১৬০টি ফ্লাইটও বাতিল হয়েছে বলে জানিয়েছে ফ্লাইটঅ্যাওয়্যার।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় টেলিযোগাযোগ সমস্যার কারণে গ্রাউন্ড স্টপ জারি করা হয়েছিল। এফএএ প্রশাসক ব্রায়ান বেডফোর্ড বলেছেন, রোববারের মধ্যে ব্যবস্থাটি পুরোপুরি সেরে উঠবে বলে আশা করা হচ্ছে।
শনিবার এবিসি নিউজকে স্নাইডার বলেন, আজকের বাতিল ও বিলম্বের উদ্দেশ্য হলো যত দ্রুত সম্ভব পরিস্থিতি সামলে নেওয়া, যাতে সোমবারের মধ্যে সবকিছু যতটা সম্ভব মসৃণ হয়ে যায়। তাঁর ভাষায়, বিমান সংস্থাগুলো স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করছে।
যাত্রীদের জন্য স্নাইডারের প্রথম পরামর্শ, ফ্লাইট বিলম্বিত হলে অপেক্ষা করা ঠিক হবে নাকি নতুন করে বুকিং করা ভালো, তা ভেবে দেখতে হবে। তাঁর ভাষায়, সফরটি যদি ছোট ও আনন্দের জন্য হয়ে থাকে এবং বড় কোনো বিষয় না হয়, তাহলে তিনি সেটি বাতিল করে দিতেন।
স্নাইডার জানান, এই পরিস্থিতিতে বেশির ভাগ বিমান সংস্থাই অর্থ ফেরত দিচ্ছে, পরিকল্পিত ফ্লাইট বিলম্বিত হলেও।
শনিবার আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, বিলম্ব অব্যাহত থাকার আশঙ্কায় তারা অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক ফ্লাইটে ভাড়ার ঊর্ধ্বসীমা বেঁধে দিচ্ছে। আমেরিকান, সাউথওয়েস্ট, ডেল্টা ও ইউনাইটেড—চারটি সংস্থাই যাত্রীদের জন্য ছাড় (ওয়েভার) দিচ্ছে।
যাঁরা সফর চালিয়ে যেতে চান, তাঁদের বিমানবন্দরেই থাকতে এবং সব হালনাগাদ খবরের দিকে নজর রাখতে বলেছেন স্নাইডার। তিনি বিমান সংস্থার অ্যাপ ডাউনলোড করে ফ্লাইটসংক্রান্ত সব সতর্কবার্তায় চোখ রাখার পরামর্শ দিয়েছেন।
সংযোগ ফ্লাইটের দিকেও বিশেষ নজর দিতে বলেছেন তিনি—সেগুলো বাতিল হয়েছে কি না যাচাই করতে হবে। এমন পরিস্থিতিতে বিমান সংস্থাগুলো সাধারণত যাত্রীদের নতুন ফ্লাইটে বুকিং দিয়ে থাকে বলেও জানান তিনি। সন্দেহ থাকলে যাত্রীদের বিমান সংস্থায় ফোন করতে এবং বিমানবন্দরে থাকলে প্রতিনিধির সঙ্গে কথা বলতে বলেছেন তিনি।
টিকিটধারীদের প্রতিনিধিদের সঙ্গে ভদ্র আচরণের ওপরও জোর দিয়েছেন স্নাইডার। তাঁর ভাষায়, মনে রাখতে হবে বিমান সংস্থার কর্মীরাও যাত্রীদের মতোই এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন; তাঁদের সঙ্গে সহজভাবে আচরণ করা উচিত, তাঁরা সাহায্য করারই চেষ্টা করছেন।
পরিবহনমন্ত্রী শন ডাফি শনিবার সাংবাদিকদের বলেন, বিমান সংস্থা ও বিমানবন্দরগুলোকে এই সমস্যা কাটিয়ে যত দ্রুত সম্ভব সেবা স্বাভাবিক করতে ফেডারেল সরকার দিনরাত কাজ করছে। এর আগে শনিবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সংস্থাগুলো ফ্লাইটের সময়সূচি নতুন করে সাজানো এবং বিমান ও ক্রুদের সবচেয়ে প্রয়োজনীয় জায়গায় পাঠানোর কারণে আরও কিছু বিলম্ব ও বাতিল দেখা যাবে। তাঁর ভাষায়, এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হলো যাত্রীদের নিরাপদে ও যত দ্রুত সম্ভব পরিবারের কাছে পৌঁছে দেওয়া।




