…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

২২ দিনের নিষেধাজ্ঞার পরও ইলিশের ডিম ছাড়ার হার কমেছে ১০–১২ শতাংশ, প্রজনন নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
২২ দিনের নিষেধাজ্ঞার পরও ইলিশের ডিম ছাড়ার হার কমেছে ১০–১২ শতাংশ, প্রজনন নিয়ে উদ্বেগ
ছবি: সংগৃহীত

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার পরও প্রত্যাশিত হারে ডিম ছাড়েনি ইলিশ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রাথমিক পর্যবেক্ষণে এবার মা ইলিশের ডিম ছাড়ার হার পাওয়া গেছে প্রায় ৪০ শতাংশ, যা গত তিন বছরের তুলনায় ১০ থেকে ১২ শতাংশ কম।

নিষেধাজ্ঞার মধ্যেও নির্বিচারে ইলিশ শিকার, নজরদারির ঘাটতি ও সমন্বয়হীনতাকে এই পতনের অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এমন পরিস্থিতিতে ইলিশের প্রজনন সাফল্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মৎস্যজীবী ও ব্যবসায়ীদের আশঙ্কা, এর প্রভাব পড়তে পারে আগামী মৌসুমের উৎপাদন ও ইলিশের বাজারে, এবং প্রশ্ন উঠেছে ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যক্রম নিয়েও।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নদী কেন্দ্র চাঁদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তায়েফা আহমেদ আজকের পত্রিকাকে বলেন, তিনি নিজে চার-পাঁচ দিন নদীতে নেমেছেন। তাঁর টিম ২ নভেম্বর পর্যন্ত চাঁদপুর, ভোলার ইলিশা, মনপুরা ও হাতিয়ায় মা ইলিশ নিয়ে পর্যবেক্ষণ করেছে।

তায়েফা আহমেদের ভাষ্য অনুযায়ী, তাঁদের প্রাথমিক গবেষণায় মা ইলিশের ডিম ছাড়ার প্রবণতা কোথাও ৩০ শতাংশ, কোথাও ৩৫ শতাংশ, আবার কোথাও সর্বোচ্চ ৪০ শতাংশ পাওয়া গেছে। তাঁরা দেখেছেন, জাল ফেলে ধরা পড়া পাঁচটি ইলিশের মধ্যে তিনটিতে ডিম পাওয়া গেছে।

নিষেধাজ্ঞার প্রথম দিন ৮ অক্টোবর বৈরী আবহাওয়ার মধ্যেও চাঁদপুর সদরে জাল ফেলতে গিয়ে তাঁরা দেখেন, ধরা পড়া দুটি ইলিশের একটি পুরুষ, আরেকটি স্ত্রী। ধরা পড়া মা ইলিশ বিবেচনায় নিয়ে তাঁরা ধারণা করেন, এবার প্রায় ৪০ শতাংশ মা ইলিশ ডিম ছাড়তে পারে।

তুলনায় গত বছর ২২ দিনের ইলিশ সংরক্ষণ অভিযানের সময় সারা দেশে মা ইলিশের প্রজনন সফলতার হার ছিল ৪৯ দশমিক ২৭ শতাংশ। আগের বছর ইলিশের ডিম ছাড়ার সক্ষমতা ছিল ৫২ শতাংশ এবং ২০২৩ সালে ছিল ৫২ দশমিক ২ শতাংশ। অর্থাৎ টানা কয়েক বছর ধরে হারটি নিম্নমুখী।

মেঘনাঘেরা হিজলা উপজেলার মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, এবার মা ইলিশের ডিম ছাড়ার প্রবণতা কমেছে। তাঁর ভাষ্য, এ বছর ততটা ইলিশ সংরক্ষণ করা যায়নি এবং সংশ্লিষ্ট সব মহল সহযোগিতা করেনি। তা ছাড়া মা ইলিশ সংরক্ষণবিষয়ক প্রকল্প না থাকায় আর্থিক সংকট দেখা দেয়।

মাহফুজুর রহমান বলেন, ‘সরকারের উচ্চপর্যায় থেকে যদি বলা হতো যে মেঘনায় কেউ নামতে পারবে না, তাহলে কি মাছ ধরতে পারত কেউ?’ আসলে রাজনৈতিক সদিচ্ছা দরকার বলেও মনে করেন তিনি।

নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ৩০ অক্টোবর বরিশাল পোর্ট রোড মৎস্য মোকাম ঘুরে দেখা গেছে, মাঝারি আকারের ইলিশে তখনো ডিম ছিল। নিষেধাজ্ঞা শেষে পোর্ট রোডসহ দক্ষিণাঞ্চলের বৃহৎ মৎস্য মোকাম ভোলার চরফ্যাশনের সামরাজ ঘাট, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ও আলীপুর ঘাটে বোট ভরে শত শত মণ পচা ইলিশ আসে। নিষেধাজ্ঞার সময় এভাবে ইলিশ ধরায় পচা মাছের ভিডিও ভাইরাল হয়।

ওই ঘটনায় বরিশাল মৎস্য অধিদপ্তর তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রধান, মৎস্য অধিদপ্তরের বরিশালের সিনিয়র সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান বলেন, ‘তদন্তে ওই সব ঘাটে পচা ইলিশ ল্যান্ডিংয়ের প্রমাণ মিলেছে। নিষেধাজ্ঞার সময় এভাবে নির্বিচারে মা ইলিশ নিধন করায় নদ-নদীতে কম ডিম ছেড়েছে মাছ।’

মৎস্য ব্যবসায়ী ও জেলেরা আশঙ্কা করছেন, এর প্রভাব আগামী মৌসুমে পড়তে পারে। পোর্ট রোড ইলিশ মোকামের আড়তদার নাসির উদ্দিন বলেন, ‘নিষেধাজ্ঞা শেষে ইলিশের উৎপাদন খুব বেশি বাড়েনি। এখনো ডিম আছে মাছে। এবার যেভাবে মাছ কম, তেমনটা চলতে থাকলে ব্যবসায় ধস নামতে পারে।’ হিজলা, মেহেন্দীগঞ্জ ও চন্দ্রমোহনের কালাবদর নদীর জেলেরাও একই ধরনের আশঙ্কা করছেন।

তবে মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক কামরুল হাসান বলেন, ‘আসলে জলবায়ু পরিবর্তন কিংবা আবহাওয়ার কারণে ডিম ছাড়ার প্রবণতা হ্রাস পেয়েছে। নিষেধাজ্ঞার সময় নির্ধারণ এ ক্ষেত্রে অনেকাংশে নির্ভর করে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

ফুলবাড়ী স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ছাউনি নেই, রোদ-বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ
জাতীয়

ফুলবাড়ী স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ছাউনি নেই, রোদ-বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ

দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে কোনো যাত্রীছাউনি নেই। প্রায় ৩৫০ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মে দাঁড়িয়েই যাত্রীদের ট্রেনের জন্য অপেক্ষ…

সাভার–আশুলিয়ায় অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণ কাজ, বন্ধ রয়েছে ৫৫টি
জাতীয়

সাভার–আশুলিয়ায় অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণ কাজ, বন্ধ রয়েছে ৫৫টি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ার ৫৫টি কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আজ রোববার বেলা সাড়…

সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে সমন্বিত আইন প্রণয়নের আহ্বান
জাতীয়

সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে সমন্বিত আইন প্রণয়নের আহ্বান

সড়ক দুর্ঘটনায় প্রতিরোধযোগ্য প্রাণহানি ও গুরুতর আহতের ঘটনা কমাতে দ্রুত সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য, নীতিনির্ধার…

গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, আরও পাঁচটিতে ছুটি
জাতীয়

গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, আরও পাঁচটিতে ছুটি

গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া আজ রোববারের জন্য আরও পাঁচ…