…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ফুলবাড়ী স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ছাউনি নেই, রোদ-বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক
ফুলবাড়ী স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ছাউনি নেই, রোদ-বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে কোনো যাত্রীছাউনি নেই। প্রায় ৩৫০ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মে দাঁড়িয়েই যাত্রীদের ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়, আর বৃষ্টি, কুয়াশা কিংবা প্রখর রোদ—সব পরিস্থিতিতেই তাঁদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ট্রেন ক্রসিংয়ের সময় বিপরীতমুখী ট্রেনটি ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। তাই যাত্রীদের ২০ থেকে ৩০ মিনিট আগেই সেখানে গিয়ে অপেক্ষা করতে হয়। ট্রেন আসার ঘোষণা শুনলেই আশ্রয় ছেড়ে আবার প্ল্যাটফর্মে ছুটতে হয় তাঁদের।

বৃষ্টি নামলেই যাত্রীদের ছোটাছুটি শুরু হয়। কেউ আশ্রয় নেন টিকিট কাউন্টারের পাশে, কেউ ছোটেন কাছের দোকানের নিচে। নিরাপদ ও স্বস্তিদায়ক আশ্রয়ের কোনো ব্যবস্থা না থাকায় আবহাওয়া যেমনই হোক, গন্তব্যের ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় খোলা প্ল্যাটফর্মেই।

রেলওয়ে সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ফুলবাড়ী স্টেশন দিয়ে আপ-ডাউন মিলিয়ে প্রতিদিন ২২টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। প্রতিদিন গড়ে আড়াই থেকে তিন হাজার যাত্রী এই স্টেশন ব্যবহার করেন। ট্রেন ক্রসিংয়ের কারণে সপ্তাহে গড়ে অন্তত ৩০ বার ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ায়, আর এসব সময়ে প্ল্যাটফর্মটিতে যাত্রীদের চাপও বেড়ে যায়।

ছাউনি না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েন শিশু, বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী যাত্রীরা। বৃষ্টিতে কাপড়, ব্যাগ, কাগজপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ভিজে যায়। অন্যদিকে তীব্র রোদে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে গিয়ে বাড়ে শারীরিক কষ্ট।

দূরের হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া রোগীদের ভোগান্তি আরও বেশি। বৃষ্টিতে প্রেসক্রিপশন, চিকিৎসার প্রতিবেদন, ওষুধ, কাপড় ও সঙ্গে নেওয়া খাবার ভিজে যায়। শিশুদের নিয়ে যাতায়াত করা স্বজনদেরও একদিকে রোগী ও শিশুদের সামলাতে হয়, অন্যদিকে ব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপত্র রক্ষা করতে হয়।

স্থানীয় বাসিন্দা রাকিব হাসান জনি বলেন, ট্রেন ধরতে ২০-৩০ মিনিট আগে ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াতে হয়। বৃষ্টি শুরু হলে সেখানে দাঁড়িয়ে থাকার মতো কোনো জায়গা নেই, আবার রোদেও ছায়া পাওয়া যায় না। ছোট বাচ্চা, বয়স্ক বা রোগী সঙ্গে থাকলে দুর্ভোগের শেষ থাকে না।

স্থানীয় সমাজকর্মী সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল বলেন, যে প্ল্যাটফর্মে প্রতিদিন শত শত মানুষ দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করেন, সেখানে ছাউনি নেই—এটা মেনে নেওয়া যায় না। বৃষ্টি হলেই যাত্রীদের ছোটাছুটি করতে হয়, আবার রোদের সময়ও অনেকে ছায়ার জন্য এদিক-সেদিক ছুটছেন। দ্রুত এখানে ছাউনি নির্মাণ করা দরকার বলে তিনি দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, ১ নম্বর প্ল্যাটফর্মে ছাউনি থাকলেও ২ নম্বর প্ল্যাটফর্মের যাত্রীদের জন্য নেই কোনো স্থায়ী ব্যবস্থা। অথচ ট্রেন ক্রসিংয়ের কারণে নিয়মিত ওই প্ল্যাটফর্মেই ট্রেন দাঁড়ায়। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে অন্তত প্ল্যাটফর্মের একটি অংশে হলেও দ্রুত ছাউনি নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।

ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আনন্দ চক্রবর্তী বলেন, ২ নম্বর প্ল্যাটফর্মে ছাউনি না থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এসব সমস্যা নিয়ে যাত্রীরা প্রায়ই অভিযোগ করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

সাভার–আশুলিয়ায় অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণ কাজ, বন্ধ রয়েছে ৫৫টি
জাতীয়

সাভার–আশুলিয়ায় অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণ কাজ, বন্ধ রয়েছে ৫৫টি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ার ৫৫টি কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আজ রোববার বেলা সাড়…

সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে সমন্বিত আইন প্রণয়নের আহ্বান
জাতীয়

সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে সমন্বিত আইন প্রণয়নের আহ্বান

সড়ক দুর্ঘটনায় প্রতিরোধযোগ্য প্রাণহানি ও গুরুতর আহতের ঘটনা কমাতে দ্রুত সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য, নীতিনির্ধার…

গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, আরও পাঁচটিতে ছুটি
জাতীয়

গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, আরও পাঁচটিতে ছুটি

গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া আজ রোববারের জন্য আরও পাঁচ…