ঘুমের ওষুধ হিসেবে গাঁজা ব্যবহারকারীদের ঘুম আসলে খারাপ হচ্ছে, বলছে নতুন গবেষণা

ঘুমের সমস্যায় ভুগে অনেকেই গাঁজার দিকে ঝুঁকছেন, কিন্তু নতুন এক গবেষণা বলছে, গাঁজা ব্যবহারকারীদের ঘুমের মান বাস্তবে আরও খারাপ হচ্ছে—যদিও তাঁরা নিজেরা তা টের পাচ্ছেন না। নর্থওয়েস্টার্ন মেডিসিনের এই গবেষণায় অংশ নিয়েছেন ১,২৬৬ জন মানুষ।
গবেষকরা অংশগ্রহণকারীদের প্রায় ৩৫ বছর ধরে পর্যবেক্ষণ করেছেন—তরুণ বয়স থেকে মধ্যবয়স পর্যন্ত। এই দীর্ঘ সময়ে তাঁদের গাঁজা ব্যবহারের হিসাব রাখা হয়েছে, আর মধ্যবয়সে পৌঁছে তাঁদের কবজিতে এক সপ্তাহ ধরে ঘুম পর্যবেক্ষণের যন্ত্র পরানো হয়। পাশাপাশি নিজেদের ঘুমের মান নিয়ে তাঁরা প্রশ্নপত্রও পূরণ করেন।
এই দুই তথ্য মিলিয়ে গবেষকরা দেখেছেন, যারা জীবনে কখনো গাঁজা ব্যবহার করেছেন এবং যারা সম্প্রতি ব্যবহার করছেন—দুই দলেরই ঘুমের মান যন্ত্রে মাপা হিসাবে খারাপ। অথচ নিজেদের দেওয়া উত্তরে তাঁরা ঘুম খারাপ হওয়ার কথা বলেননি।
গবেষণায় দেখা গেছে, জীবনে যত বেশি গাঁজা ব্যবহার করা হয়েছে, রাতে ঘুমিয়ে থাকার সময়ের অনুপাত তত কম এবং ঘুমে ব্যাঘাত তত বেশি। আর সম্প্রতি গাঁজা ব্যবহারকারীদের ঘুম ভেঙে ভেঙে যাওয়ার প্রবণতা বেশি এবং ঘুমের কার্যকারিতা কম—যারা কখনো গাঁজা ব্যবহার করেননি, তাঁদের তুলনায়। তবে সম্প্রতি ব্যবহারকারীদের মধ্যে রাতে আট ঘণ্টার বেশি ঘুমানোর সম্ভাবনাও বেশি দেখা গেছে।
গবেষণার জ্যেষ্ঠ লেখক মার্সিডিজ আর. কার্নেথন বলেছেন, ‘আমাদের তথ্য এই বিশ্বাসকে সমর্থন করে না যে গাঁজা ঘুমের সহায়ক।’ তিনি আরও বলেন, গাঁজা যত সহজলভ্য ও গ্রহণযোগ্য হচ্ছে, ঘুমের মতো স্বাস্থ্য-আচরণের সঙ্গে এর দীর্ঘমেয়াদি সম্পর্ক বোঝা তত জরুরি হয়ে উঠছে।
ক্যালিফোর্নিয়ার বোর্ড-সার্টিফায়েড জরুরি চিকিৎসক আলফ্রেড জোশুয়া, যিনি এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন না, বলেন, গবেষণাটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো—গাঁজা ব্যবহারকারীদের ঘুম যন্ত্রে মাপা হিসাবে খারাপ হলেও তাঁদের নিজেদের মূল্যায়নে তা ধরা পড়েনি। তাঁর ভাষায়, কেউ ভাবতে পারেন গাঁজা তাঁকে ঘুমাতে সাহায্য করছে, কিন্তু বস্তুনিষ্ঠ পরিমাপ অন্য কথা বলছে।
গবেষকরা বয়স, জাতি, লিঙ্গ, ধূমপানের মাত্রা, মদ্যপান ও শারীরিক কর্মকাণ্ডসহ নানা বাইরের প্রভাব হিসাব করার পরও গাঁজা ব্যবহারের সঙ্গে খারাপ ঘুমের ধারাবাহিক সম্পর্ক পেয়েছেন। তবে গাঁজা সেবনের ধরন—ধূমপান না খাবারের মাধ্যমে—এই গবেষণায় বিবেচনা করা হয়নি।
জোশুয়া আরও বলেন, গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিনের গাঁজা ব্যবহারের পরিমাণ যত বেশি, ঘুমের কার্যকারিতা তত কম, ঘুম তত বেশি ভাঙে এবং ঘুমিয়ে পড়ার পর জেগে থাকার সময় তত বাড়ে। তাঁর মতে, এসব ফলাফল একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে—ঘুমের সমস্যা সামলাতে নিয়মিত গাঁজা ব্যবহার আদৌ টেকসই কৌশল কি না।
ক্যালিফোর্নিয়ার বোর্ড-সার্টিফায়েড মনোরোগ বিশেষজ্ঞ ক্যারল লিবারম্যান, যিনিও গবেষণাটির সঙ্গে যুক্ত ছিলেন না, বলেন, দীর্ঘদিন গাঁজা ব্যবহারকারীদের ঘুমের মান খারাপ হওয়া অবাক করার মতো নয়। তাঁর মতে, যারা দাবি করেন ঘুমানোর আগে গাঁজা না নিলে তাঁদের ঘুম আসে না, তাঁরা নিজেদেরই ধোঁকা দিচ্ছেন; এটি শারীরিকের চেয়ে বেশি মানসিক আসক্তি—তাৎক্ষণিক নেশার অনুভূতিটাই তাঁরা উপভোগ করেন, কিন্তু গাঁজা তাঁদের ভালো ঘুম এনে দেয় না।



