…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

হাসিনার ফেরা নিয়ে আইনি পথের পাশাপাশি আলোচনাও জরুরি: ড. তৌহিদুল হক

নিজস্ব প্রতিবেদক
হাসিনার ফেরা নিয়ে আইনি পথের পাশাপাশি আলোচনাও জরুরি: ড. তৌহিদুল হক
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার ফিরে আসার ঘোষণাকে কেন্দ্র করে দেশে নানা আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতি নিয়ে আজকের পত্রিকার মাসুদ রানার সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ এই গবেষক অপরাধ, অপরাধের অর্থনীতি, অপরাধের সমষ্টিভিত্তিক সমাধান ও অপরাধের রূপান্তর নিয়ে গবেষণা ও লেখালেখি করেন। তাঁর মতে, হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি শুধু আইনি প্রক্রিয়ায় আটকে থাকবে না; এর সমাধানে আলোচনাও লাগবে।

ড. তৌহিদুল হক বলেন, এ বিষয়ে সরকারের একটি বক্তব্য আছে, বিরোধী দলগুলোরও আলাদা বক্তব্য আছে। তবে গণ-অভ্যুত্থানের পর নানা ইস্যুতে মতপার্থক্য থাকলেও একটি জায়গায় ন্যূনতম ঐক্য দেখা যাচ্ছে—আওয়ামী লীগ ক্ষমতায় থেকে চব্বিশের জুলাই আন্দোলনে অন্যায়-অবিচার করেছে এবং রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে সাধারণ মানুষের ওপর হত্যা ও জুলুম চালিয়েছে। কিন্তু তাঁর পর্যবেক্ষণ হলো, এই ঐক্য বেশির ভাগ ক্ষেত্রে মৌখিক আলোচনা, ব্যাখ্যা-বিবৃতি আর ভাষণের মধ্যেই সীমাবদ্ধ; বাস্তব প্রয়োগে এর প্রতিফলন খুব বেশি দেখা যাচ্ছে না।

প্রত্যর্পণ না আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরা—এই প্রশ্নে তিনি বলেন, শেখ হাসিনার নামে মামলা আছে, এক বা দুটি মামলায় রায়ও হয়েছে। মামলা না থাকলে পাসপোর্ট বা এনআইডির মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় ফেরানো নিয়ে আলোচনার সুযোগ তৈরি হতো। এখন ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তির আইনি প্রক্রিয়ায়ই হাঁটতে হবে, এবং শুধু বর্তমান সরকার নয়, যে-ই সরকারে থাকত, তাকে এই পথেই হাঁটতে হতো বলে তিনি মনে করেন।

তবে বাংলাদেশের অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক সংকট সব সময় আইনের মধ্য দিয়ে সমাধান হয় না। আইন আর আদালতকে সামনে রেখে নানা বয়ান তৈরি হলেও সংকটের সমাধান হয়েছে প্রধানত দুইভাবে—আলাপ-আলোচনায়, অন্যটি শক্তি প্রয়োগে। শক্তি প্রয়োগের সংস্কৃতিকে তিনি অগণতান্ত্রিক ও গণতান্ত্রিক মূল্যবোধের বাইরের বিষয় বলেছেন, যা সমর্থনের সুযোগ নেই এবং সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে।

ভারতের ভূমিকা প্রসঙ্গে ড. তৌহিদুল হক বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়কার সম্পর্কের প্রেক্ষাপটে ভারত এখনো আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে সুবিধা দেওয়ার দৃষ্টিতেই দেখতে চাইছে, যা নতুন কিছু নয়। তাঁর মতে, রাজনৈতিক ও সামাজিক ভারসাম্য এবং স্থিতিশীল অবস্থা চাইলে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত বা পেছনে সক্রিয় ব্যক্তি ও দেশের সঙ্গে আলোচনা করেই আইনি প্রক্রিয়ায় সমাধানে যেতে হবে। না হলে সংঘাত, সহিংসতা, জ্বালাও-পোড়াও আর ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটতেই থাকবে, এবং হাসিনা যেভাবেই ফিরুন, পুরো বিষয়টি সহজ ও শান্তিপূর্ণভাবে ঘটবে—বাস্তবতা সেটা বলছে না।

তিনি আরও বলেন, আইন একটি প্রেক্ষাপট সামনে রেখে করা হয়, কিন্তু ব্যতিক্রমী ঘটনা ঘটেই এবং সব ঘটনা তৈরি-করা আইন দিয়ে সমাধান করা যায় না। শেখ হাসিনার বিষয়টিকে তিনি ব্যতিক্রম হিসেবে দেখেন। এ ক্ষেত্রে আইনের চেয়েও গুরুত্বপূর্ণ হলো ভারত ও বাংলাদেশ সরকারের সদিচ্ছা এবং পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে সমাধানে আসা। সেই সমাধানের জায়গাটি তৈরি হচ্ছে না বলেই আইনি প্রক্রিয়া নিয়ে বেশি আলোচনা হচ্ছে, সংশয় ঘনীভূত হচ্ছে এবং আলোচনা-সমালোচনা বাড়ছে বলে তাঁর মত।

এই পরিস্থিতিতে দুটি পক্ষ তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। কেউ কেউ বলছেন, ২০১৩ সালের চুক্তির ধারাগুলোতে কিছু গলদ আছে এবং সেগুলো এই ঘটনার সঙ্গে পুরোপুরি মেলে না। তাঁর ভাষায়, সব ঘটনা সব সময় আইনের সঙ্গে মেলে না; ব্যতিক্রমী ঘটনায় আইনের পাশাপাশি আলোচনার মাধ্যমে সমাধান করতে হয়। ভেতরে আলোচনা হয়তো হচ্ছে, কিন্তু প্রকাশ্যে তার কোনো রূপ দেখা যাচ্ছে না। তাই হাসিনা যেভাবেই ফিরুন, সেটা খুব স্বস্তিদায়ক হবে কিংবা সব গণতান্ত্রিক ও রাষ্ট্রীয় শিষ্টাচার বজায় রেখে হবে—বিষয়টা এমন নয়; অনেক কিছুর মধ্যে সমন্বয় করেই তাঁকে ফিরতে হবে এবং সরকারকেও সমন্বয় করে ব্যবস্থা নিতে হবে।

দেশের রাজনৈতিক চর্চা নিয়ে তিনি বলেন, যার শক্তি আছে, সে আইন বা গণতান্ত্রিক মূল্যবোধের বদলে শক্তি প্রয়োগ করে যেকোনো সিদ্ধান্ত আদায় করে নিতে চায় এবং পরিস্থিতি নিজের অনুকূলে রাখতে চায়। জনদুর্ভোগ তৈরি করা, মানুষের মধ্যে ভয়ভীতি ও উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি করে সরকারকে বিচলিত করা বা সিদ্ধান্ত মেনে নেওয়ার অনুকূল মানসিকতা তৈরির চেষ্টা চলে। ককটেল বিস্ফোরণ, অগ্নিসন্ত্রাস, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ বা তাদের গাড়ি ভাঙচুর নতুন কিছু নয় বলেও তিনি মন্তব্য করেন।

সহিংসতার বিস্তার প্রসঙ্গে তিনি বলেন, শুরুতে দু-তিনটি জেলায় অস্থিরতা দেখা গেলেও ১০ নভেম্বর প্রায় ২০টির বেশি জেলায় সংঘাত-সহিংসতা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব জায়গায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেনি। তারা আইনি প্রক্রিয়ায় কঠোর হওয়ার চেষ্টা করছে, কিন্তু যারা সহিংসতা করছে বা পেছন থেকে অন্যদের দিয়ে করাচ্ছে, তারা এতটাই সহিংস রূপ নিচ্ছে যে পুলিশকেও হিমশিম খেতে হচ্ছে।

তাঁর মতে, দেশের বড় দুর্বলতা হলো রাজনৈতিক সংকটের দায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর আদালতের কাঁধে চাপিয়ে সমাধান খোঁজা, অথচ সংকট সমাধানের একক দায়িত্ব তাদের হাতে নেই; তারা শুধু আইনি প্রক্রিয়ার অংশটুকু প্রয়োগ করতে পারে। সংকট কাটাতে ব্যাপক পরিসরে রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজ ও রাষ্ট্রকে অস্থিরতা থেকে নিরাপদ রাখা সরকারের দায়িত্ব, কারণ মানুষ ভালো থাকার জন্যই সরকারকে ভোট দিয়েছে। সরকার এ দায়িত্ব খুব সফলভাবে পালন করছে তা দেখা যাচ্ছে না, তবে যেখানে ঘটনা ঘটছে সেখানে ব্যবস্থা নিতে বিলম্ব হচ্ছে না এবং সদিচ্ছাও দেখা যাচ্ছে বলে তিনি বলেন।

রাজনৈতিক দলগুলো সম্পর্কে তাঁর মন্তব্য, দলগুলোর সবচেয়ে বড় অর্জন হলো তারা জনগণকে বহুধা বিভক্ত করতে পেরেছে। প্রতিটি দল তার নেতা-কর্মী ও অনুসারীদের মতাদর্শগতভাবে এমনভাবে বিভক্ত করেছে যে বিপরীত মতাদর্শ কেউ সহজে গ্রহণ করতে চায় না। অর্থাৎ ব্যবস্থায় গণতান্ত্রিক হলেও মানসিকতা আর প্রয়োগে অগণতান্ত্রিক চর্চাই বেশি ঘটছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংঘাত-সহিংসতা সৃষ্টি করে সমর্থন তৈরি করা যায় না, কিন্তু যাঁরা এসব করছেন তাঁদের নেতা-কর্মীদের কেউ কেউ বা অধিকাংশ মনে করেন, সহিংসতা ছাড়া বিকল্প নেই; সংকটের পরিপূর্ণ সমাধানের সম্ভাবনা না দেখলেই এই পথে হাঁটা হয়।

বিভক্ত জনগণের প্রতিক্রিয়া নিয়েও তিনি বলেন, ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারীদের একটা বড় অংশ কোনো না কোনোভাবে সহিংসতাকে সমর্থন করে, আর যাঁরা চব্বিশের ঘটনাকে মানুষের অধিকার এবং রাষ্ট্রের সঙ্গে মানুষের সম্পর্কের বৈষম্যহীনতার প্রেক্ষাপটে দেখেন, তাঁরা এটা সমর্থন করেন না। অতীতেও এই বিভক্ত জনগোষ্ঠী সমাজ, রাষ্ট্র ও জনগণের স্বার্থে কোনো ঘটনাকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হতে পারেনি। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়েও বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলো মুখে একই সুরে কথা বললেও ভেতরে অন্য বাস্তবতা আছে; সরকারি ও বিরোধী দল পরস্পরকে দোষারোপ করছে এবং দুই পক্ষই বলছে, তাদের কাছে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য আছে কে কার সঙ্গে আঁতাত করছে—যা তাঁর ভাষায় চব্বিশের আকাঙ্ক্ষা ও জনআকাঙ্ক্ষার বিপরীত এক কালো অধ্যায়ের ইঙ্গিত দেয়।

সহিংসতার দায় নির্ধারণ প্রসঙ্গে ড. তৌহিদুল হক বলেন, এখনো কাগজে-কলমে দেখে বলার মতো স্পষ্ট প্রমাণ নেই যে কোনো দলের নির্দিষ্ট নেতা-কর্মী এসব করেছেন। যেসব জেলায় সহিংসতা হয়েছে, সেখানে অতীত নির্বাচনে বা বর্তমান রাজনৈতিক বাস্তবতায় কোন দলের সমর্থন ও সক্রিয়তা বেশি—এসব পর্যবেক্ষণ করে বলা যায়, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী বা অঙ্গসংগঠনের একটি অংশ এর সঙ্গে জড়িত। তবে সরকারের উচিত বিষয়টি স্পষ্ট করা এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা। তিনি সহিংসতার পেছনে অর্থ বিনিয়োগের কথাও বলেন—একটি গোষ্ঠী অর্থ খরচ করে বিভিন্ন পর্যায়ের অপরাধীকে সম্পৃক্ত করে সংঘাত তৈরি করে; সমাবেশে ভাড়ায় আনা মানুষকেই আবার ভাঙচুর ও জ্বালাও-পোড়াওয়ে ব্যবহার করা হয়, আর দলগুলো কখনো নিজেদের নেতা-কর্মী দিয়ে, কখনো এই ভাড়াটে গোষ্ঠী দিয়ে এসব করায়।

গণ-অভ্যুত্থানের একজন সমন্বয়কের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনুমান থেকে সন্দেহ প্রকাশ করবেনই, কিন্তু সরকারের উচিত তথ্য-উপাত্ত অনুসন্ধান করে, তাঁর সঙ্গে কথা বলে প্রমাণ খুঁজে বের করা এবং প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া। ঘটনা ঘটলেই পরস্পরকে দোষারোপের সংস্কৃতির পরিসর বড় হলে অপরাধী পার পেয়ে যায় এবং মূল অভিযুক্ত ধরাছোঁয়ার বাইরে চলে যায়। বিষয়টিকে শুধু একজন সমন্বয়কের ঘর পোড়ার ঘটনা হিসেবে না দেখে এর প্রতীকী প্রভাব বিবেচনা করে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে জড়িতদের খুঁজে বের করতে সরকারের আরও গুরুত্ব দেওয়া দরকার ছিল বলেও তিনি মন্তব্য করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো নাশকতা প্রতিহত করতে প্রশাসনের পাশাপাশি সমগ্র দেশে মাঠে সক্রিয় থাকবে বিএনপি। রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্ত…

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা
রাজনীতি

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকার নিরাপত্তা জোরদার করতে ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স…

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ
রাজনীতি

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ

এরশাদের শাসনামলে কোটি কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাব পেয়েও বিএনপি ছাড়েননি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্ল…

রাজনীতি

পাসপোর্ট পাচ্ছেন না হাসিনা, প্রত্যর্পণও ‘কার্যত অসম্ভব’ বলছে ভারতীয় সূত্র

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্টের জন্য আবেদন করেছেন। তবে তাঁকে পাসপোর্ট দেওয়ার সম্ভাবনা নাকচ করেছে বাং…