জয়পুরহাটের দুর্গাদহ হাটে প্রতিদিন ৫০ লাখ টাকার কলা, তবু দাম পড়ে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক
ভোর থেকেই জমে ওঠে জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ কলার হাট। কোথাও সারি সারি কলার স্তূপ, কোথাও দরদামের হাঁকডাক, কোথাও আবার ট্রাকে কলা তোলার প্রস্তুতি। কেউ এনেছেন কাঁচা কলা, কেউ পাকা কলা। সন্ধ্যা পর্যন্ত চলা এই হাটে প্রতিদিন প্রায় ৫০ লাখ টাকার কলা বিক্রি হয়।
সদর উপজেলার দুর্গাদহ এলাকায় প্রায় পৌনে দুই বিঘা জায়গাজুড়ে এই হাট। জয়পুরহাটের নানা এলাকা এবং আশপাশের জেলা থেকেও কৃষকেরা এই হাটে কলা নিয়ে আসেন। স্থানীয় পাইকার ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা সেই কলা কিনে ট্রাক, পিকআপসহ নানা গাড়িতে করে নিজ নিজ গন্তব্যে নিয়ে যান। হাটে কলা কেনার নিয়ম আছে—একজনকে ন্যূনতম ১০০টি কলা কিনতে হবে।
স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ভোরে কৃষকদের বাগান থেকে কলা কিনে হাটে আনেন পাইকারেরা। আবার কৃষকেরাও কলা নিয়ে হাটে আসেন। প্রতিদিন ৪০ থেকে ৫০টি ট্রাকে এই হাট থেকে কলা যায় দেশের নানা অঞ্চলে।
ভাদসা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম জানান, দুর্গাদহ হাটটি অনেক পুরোনো। আগে সাধারণ হাট হিসেবেই ছিল। ৪০ থেকে ৪৫ বছর আগে এই হাটে শুধু কলা বেচাকেনা শুরু হয়। এখনো তা-ই চলছে।
ঢাকা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজারসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় যায় দুর্গাদহের কলা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জয়পুরহাট জেলায় প্রায় ৭০০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকদের মধ্যে কলা চাষের আগ্রহ বেড়েছে।
দুর্গাদহ হাটে সাগর, মালভোগ ও চম্পা জাতের কলা বেচাকেনা হয়। এর মধ্যে চম্পা কলাই সবচেয়ে বেশি বলে জানান ব্যবসায়ী বেলাল হোসেন। তিনি বলেন, শুধু কৃষক আর ব্যবসায়ীরাই নন; শ্রমিক, পরিবহনচালক, কলা ওঠানো-নামানোর কর্মী এবং আড়তদারদেরও জীবিকা চলে এই হাট থেকে।
জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজু আলম সরকার বলেন, দুর্গাদহে কলার হাট গড়ে ওঠায় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা সহজে পণ্য বাজারজাত করতে পারছেন। উৎপাদন বাড়াতে এবং আধুনিক পদ্ধতিতে চাষে কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে।
তবে হাটের এই জমজমাট ছবির আড়ালে কৃষকের দুশ্চিন্তাও আছে। বাজারে সরবরাহ ও বেচাকেনা বাড়লেও সব সময় প্রত্যাশিত দাম মিলছে না। কয়েক দিন বা সপ্তাহের ব্যবধানেই দাম কমে যাচ্ছে। উৎপাদন ও পরিবহন খরচ বাদ দিলে লাভ থাকছে সামান্যই।
জয়পুরহাট সদর উপজেলার বড় মাঝিপাড়ার কৃষক অহিদুল ইসলাম ১০ দিন আগেও ১০০টি কলা বিক্রি করেছেন ৪০০ টাকায়। ৮ নভেম্বর সেই কলাই তাঁকে বেচতে হয়েছে ২৫০ টাকায়। অর্থাৎ, ১০ দিনে দাম কমেছে ৩৭ দশমিক ৫ শতাংশ। তিনি বলেন, সরবরাহ বেশি থাকায় হাটে কলা নিয়ে এলেও প্রত্যাশা অনুযায়ী পাইকার মিলছে না। উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে।
উপজেলার পাকুড়তলি গ্রামের আমজাদ হোসেন এ বছর ২৫ বিঘা জমি বর্গা নিয়ে কলা চাষ করছেন। জমি বর্গা ও উৎপাদন বাবদ প্রতি বিঘায় তাঁর খরচ হয়েছে ৬০ হাজার টাকা। সে হিসাবে মোট খরচ দাঁড়ায় প্রায় ১৫ লাখ টাকা। এ বছর এখন পর্যন্ত তিনি প্রায় দুই লাখ টাকার কলা বিক্রি করেছেন। তবে গাছে এখনো আরও কলা আছে।
বেচাকেনার পরিধি বাড়লেও হাটের জায়গা বাড়েনি। এতে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে পরিবহনে। নওগাঁর বদলগাছী উপজেলার নালুকাবাড়ি গ্রামের ব্যবসায়ী নিরঞ্জন চন্দ্রের অভিযোগ, দূরদূরান্ত থেকে পাইকারেরা এখানে কলা কিনতে আসেন। কিন্তু জায়গা ছোট হওয়ায় ট্রাক, ভটভটি (তিন চাকার যান) ও পিকআপ ঠিকমতো ঢুকতে পারে না। কলা ওঠানো-নামানো ও পরিবহনে সময় নষ্ট হয়। তাঁর মতে, হাটের জায়গা বাড়ানো এবং যানবাহন চলাচলের উপযোগী ব্যবস্থা করা গেলে ব্যবসা আরও বাড়বে।
বড় বাণিজ্যিক কর্মকাণ্ডের তুলনায় এই হাটের অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় ব্যবসায়ীদের ভোগান্তি বাড়ছে বলে মন্তব্য করেন জয়পুরহাটের কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান। তাঁর হিসাবে, দুর্গাদহ হাটে প্রতিদিন গড়ে ৪৮ থেকে ৫০ লাখ টাকার কলা কেনাবেচা হয়।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, দুর্গাদহ হাটের জায়গা কম, এটি সত্য। হাট সম্প্রসারণের জন্য জায়গা খোঁজা হচ্ছে বলে তিনি জানান।




